নির্বাচন নিয়ে আশাবাদী হয়ে উঠছেন ডেমোক্র্যাটরা

করোনাভাইরাস হানা দেওয়ার পর রাজনৈতিক মঞ্চ থেকে কার্যত উধাও হয়ে গিয়েছিলেন জো বাইডেন। তিনি পরবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী, এটা এখন নিশ্চিত। বাইডেন মঞ্চে না থাকলেও দুই মাস থেকে একাই মধ্যমঞ্চ দখল করে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিদিন সন্ধ্যায় টিভি ক্যামেরার সামনে ঘণ্টা দুয়েক তিনি একাই পরিস্থিতির বিবরণ দিয়ে যাচ্ছিলেন।
নামেই করোনাবিষয়ক ব্রিফিং, আসলে ট্রাম্পের রাজনৈতিক র্যালি। কিন্তু গত সপ্তাহের ব্রিফিংয়ে করোনাভাইরাস সামলাতে লাইসল জাতীয় জীবাণুনাশক গ্রহণের পরামর্শ দিয়ে এতটাই বিপদে পড়েছেন যে ট্রাম্প নিজেই সে ব্রিফিংয়ে আসা বন্ধ করেছেন। ট্রাম্পের উপদেষ্টারা হিসাব করে দেখেছেন, এই ব্রিফিং থেকে লাভের চেয়ে তাঁর ক্ষতিই হচ্ছে বেশি। লোকের কাছে তিনি ঠাট্টার পাত্র হয়ে উঠেছেন।
জনমত জরিপেও ট্রাম্পের জন্য দুঃসংবাদ এসেছে। সর্বশেষ জরিপ অনুসারে দেশের ৫৬ শতাংশ ভোটার ট্রাম্পের কাজে অসন্তুষ্ট। যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। চিকিৎসা ব্যবস্থাপনায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতাও লক্ষণীয়। মাত্র ৪৩ শতাংশ ভোটার জানিয়েছেন, তাঁরা ট্রাম্পের কাজে সন্তুষ্ট।
ট্রাম্পের অন্য সমস্যা, করোনার কারণে আমেরিকার অর্থনৈতিক সংকট। তিনি আশা করেছিলেন, আর কিছু না হোক, গত সাড়ে তিন বছরে যে চমৎকার অর্থনৈতিক সাফল্য এসেছে তার জোরেই তিনি নির্বাচনী বৈতরণি পার হতে পারবেন। কিন্তু করোনার কারণে অর্থনীতির চাকা বন্ধ হয়ে আছে, শেয়ারবাজারের ধস নেমেছে, প্রায় আড়াই কোটি লোক চাকরি হারিয়ে বেকার ভাতার জন্য আবেদন করেছেন। কংগ্রেস থেকে বিপুল অঙ্কের প্রণোদনা প্যাকেজ গৃহীত হয়েছে এ কথা ঠিক, কিন্তু তাতে সাফল্যের ভাগীদার যতটা না ট্রাম্প, তার চেয়ে বেশি কংগ্রেস।
সম্প্রতি রিপাবলিকান পার্টি ট্রাম্পের নির্বাচনী সম্ভাবনা নিয়ে ১৭ রাজ্যে যে জরিপ পরিচালনা করে, তার ফলাফল দলের নেতাদের ভীত করেছে। এই জরিপ অনুসারে, এই মুহূর্তে নির্বাচন অনুষ্ঠিত হলে শুধু মোট ভোটেই নয়, ইলেকটোরাল কলেজ ভোটেও তিনি বাইডেনের কাছে হারবেন। ২০১৬ সালে মোট ভোটে হিলারি ক্লিনটনের কাছে হেরে গেলেও ইলেকটোরাল ভোটের বরাতে তিনি জয়লাভ করেন। এবার অবস্থা ভিন্ন। শুধু পেনসিলভানিয়া ও মিশিগান নয়, নর্থ ক্যারোলাইনা ও ফ্লোরিডার মতো অঙ্গরাজ্যেও জনমতে এগিয়ে বাইডেন।

দলের নেতারা সবচেয়ে ভীত এই ভেবে যে ট্রাম্পের কারণে তাঁরা শুধু প্রতিনিধি পরিষদ ফিরে পেতে ব্যর্থ হবেন তাই নয়, সম্ভবত সিনেটে তাঁদের চলতি সংখ্যাগরিষ্ঠতাও খোয়াবেন। বর্তমানে সিনেটে ডেমোক্র্যাটদের সঙ্গে তাঁদের তিন আসনের ব্যবধান রয়েছে। চলতি জনমত অনুসারে অন্তত ছয়টি সিনেট আসনে ডেমোক্রেটিক প্রার্থীরা এগিয়ে। অধিকাংশ পর্যবেক্ষকের ধারণা, ট্রাম্পের প্রতি এই মুহূর্তে যে পরিমাণ বিরোধিতা রয়েছে, ডেমোক্র্যাটদের তাই এগিয়ে যেতে সাহায্য করবে। এই বিরাগের একটি প্রমাণ মিলেছে চাঁদা সংগ্রহের ক্ষেত্রে রিপাবলিকানদের তুলনায় ডেমোক্র্যাটদের লক্ষণীয় সাফল্য।
এদিকে নিজের নীরবতা ভেঙে জো বাইডেন সরব হচ্ছেন। করোনার কারণে গত এক মাস তিনি প্রায় পুরোটাই নীরব ছিলেন। অবস্থা বদলানোর জন্য তিনি নিজ বাসগৃহ থেকে একটি পডকাস্ট প্রচারের ব্যবস্থা নিয়েছেন। ইন্টারনেটের মাধ্যমে তিনি নিজেই বিভিন্ন রাজনৈতিক ও অন্যান্য ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিচ্ছেন। এখনো তেমন জনপ্রিয় হয়নি, তবে এই পডকাস্টের ভেতর দিয়ে তিনি একধরনের নির্বাচনী ক্যাম্পেইনের ব্যবস্থা করে নিয়েছেন। ট্রাম্পের দৈনিক করোনা ব্রিফিং যদি পুরোটা তাঁর নিজের ঢাকঢোল পিটানো হয়, তো বাইডেনের পডকাস্ট বিভিন্ন জাতীয় প্রশ্নে অর্থপূর্ণ আলোচনা। ট্রাম্প যদি বাক্যবাগীশ হন, তো বাইডেন চিন্তাশীল, ধীরস্থির—এই পডকাস্ট থেকে সে প্রভেদ সহজেই ধরা পড়ে।
নিজের একজন রানিং মেট নির্বাচন প্রশ্নেও সংবাদে এসেছেন বাইডেন। তাঁর ক্যাম্পেইনের কর্মকর্তারা সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলা শুরু করেছেন। বাইডেন জানিয়েছেন, তিনি একজন নারী, সম্ভব হলে অশ্বেতকায়, কাউকে রানিং মেট হিসেবে চান। যোগ্য ও আগ্রহী প্রার্থীর অভাব নেই, তবে প্রতিযোগিতায় এই মুহূর্তে এগিয়ে জর্জিয়ার প্রতিনিধি পরিষদের সাবেক নেতা স্টেসি আব্রামস।
নির্বাচনের এখনো মাস ছয়েক বাকি। এই মুহূর্তে পরিস্থিতি বাইডেনের অনুকূল হলেও তার পরিবর্তন অভাবিত নয়। করোনাভাইরাস নিয়ন্ত্রণে আসতে পারে, অর্থনীতি মুখ ঘুরে দাঁড়াতে পারে। অভিবাসন প্রশ্নেও কড়া ব্যবস্থা নিয়ে নিজ সমর্থকদের উৎসাহিত করতে উদ্যোগ নিতে পারেন ট্রাম্প। বিশেষজ্ঞেরা অবশ্য বলছেন, অর্থনীতির এখন যে হাল তা শিগগিরই বদলাবে না। আগামী অক্টোবর-নভেম্বরে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আসারও আশঙ্কা রয়েছে। সে অবস্থায় চাল দেওয়ার মতো খুব বেশি ঘুঁটি তাঁর থাকবে বলে মনে হয় না।