নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে চায় রাশিয়া
যুক্তরাষ্ট্রের ভোটব্যবস্থা পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক পাঠাতে চায় রাশিয়া। রুশ কর্তৃপক্ষ টেক্সাস, লুইজিয়ানা ও ওকলাহামা—এই তিনটি রক্ষণশীল অঙ্গরাজ্যে পরিদর্শক পাঠানোর অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছে। কিন্তু তিনটি রাজ্য প্রশাসনই সে অনুরোধ প্রত্যাখ্যান করেছে।
সাম্প্রতিক সময়ে হোয়াইট হাউস অভিযোগ করেছে, আমেরিকার কেন্দ্রীয় সরকার ও ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে রাশিয়া সাইবার আক্রমণে হ্যাকারদের উৎসাহ দিচ্ছে। সে অবস্থায় ভোট গ্রহণের সময় রুশ পর্যবেক্ষকদের উপস্থিতি সন্দেহজনক। টেক্সাসের একজন সরকারি মুখপাত্র জানিয়েছেন, রুশ প্রতিনিধিরা ভোটকেন্দ্রের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী অথবা সাধারণ নাগরিকদের সঙ্গে কথা বলে দেখতে চাইলে তারা আপত্তি করবে না। কিন্তু ভোটকেন্দ্রের ভেতরে তাঁদের ঢুকতে দেওয়া হবে না।
গতকাল শনিবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ অভিযোগ করেছেন, মার্কিন কর্মকর্তারা পর্যবেক্ষকদের বিষয়টিকে ‘পুরোপুরিই রুশবিরোধী’ দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করছেন। সতর্ক করে দিয়ে রিয়াবকভ বলেন, ‘রাজনৈতিক কারণে এ সুযোগ থেকে বঞ্চিত করা হলে আমরা নিজেরাই একটা সিদ্ধান্তে পৌঁছে যাব।’