হিলারির বিরুদ্ধে আবার তদন্তে নামছে এফবিআই
নির্বাচন বাতিল করে আমাকে জয়ী ঘোষণা করা হোক: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র দশ দিন বাকি। এর আগে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের জন্য দুশ্চিন্তার খবর দিলেন দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের প্রধান জেমস কোমি। গতকাল শুক্রবার তিনি জানিয়েছেন, হিলারি পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় ব্যক্তিগত সার্ভারে গোপনীয় ই-মেইল চালাচালি করেছেন, তার সম্ভাব্য নতুন প্রমাণ মিলেছে। এ নিয়ে নতুন করে তদন্ত করা হবে।
কংগ্রেসে উভয় দলের নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে কোমি জানান, ক্লিনটনের ই-মেইলের ব্যাপারে তাঁর দপ্তর যে তদন্ত চালাচ্ছিল, তার সঙ্গে সম্পর্কযুক্ত নয় এমন এক তদন্তের সময় তাঁরা এমন কিছু ই-মেইলের খোঁজ পেয়েছেন, যা আগের তদন্তের সঙ্গে সম্পর্কযুক্ত। তিনি মাত্র এক দিন আগে এ বিষয়ে অবহিত হয়েছেন।
কোমি জানান, এ নতুন তথ্যের সন্ধান পাওয়ায় তিনি মনে করেন, তাঁর দপ্তরের উচিত হবে সমীক্ষা করে দেখা এসব ই-মেইলে ‘গোপনীয়’ কোনো তথ্য ছিল কি না। এফবিআইয়ের তদন্তের সঙ্গে এ নতুন তথ্যের কোনো যোগাযোগ রয়েছে কি না, সেটিও তাঁরা নিরীক্ষা করে দেখবেন।
নির্বাচনের মাত্র ১০ দিন আগে হিলারি ক্লিনটনের ই-মেইল নিয়ে নতুন করে তদন্ত শুরুর এ ঘোষণায় কী প্রভাব ফেলবে, তা স্পষ্ট নয়।
তবে হিলারির প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যে বিষয়টি নিয়ে নতুন করে সমালোচনায় মুখরিত হবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গতকালই তিনি এক টুইটার বার্তায় বলেছেন, এটা ওয়াটারগেট কেলেঙ্কারির চেয়েও বড় ঘটনা।
ট্রাম্পের আবদার: নির্বাচন নিয়ে একের পর এক বিতর্কিত কথাবার্তা বলেই যাচ্ছেন ট্রাম্প। এক সপ্তাহ আগে হিলারির সঙ্গে তৃতীয় বিতর্কে তিনি বলেছিলেন, নির্বাচনে কারচুপি হবে, অতএব তার ফল তিনি না-ও মানতে পারেন। এরপর বলেন কারচুপি থামাতে নিজের লোকদের ভোটের বুথ পাহারা দিতে পাঠাবেন। আর এবার বললেন, নির্বাচন করার দরকার নেই, তাঁকে এখনই বিজয়ী ঘোষণা করা হোক।
গত বৃহস্পতিবার ওহাইওর টলেডোতে এক নির্বাচনী সভায় ভাষণ দেওয়ার সময় ট্রাম্প দাবি করেন, হিলারির প্রস্তাবিত নীতিসমূহ এত খারাপ ও দেশের জন্য এত ক্ষতিকর যে কোনোরকম ভোট গ্রহণ ছাড়াই পুরো নির্বাচন বাতিল করা দরকার।
ট্রাম্প বলেন, ‘কথাটা আমি মনে মনেই বলছি। আমাদের উচিত হবে নির্বাচন বাতিল করে ট্রাম্পকে এখনই জয়ী ঘোষণা করা। আমি কি ঠিক বলেছি?’ হিলারির প্রস্তাবিত করনীতির সঙ্গে নিজের প্রস্তাবিত করনীতির তুলনা করে তিনি বলেন, এই দুইয়ের মধ্যে তুলনাই চলে না। কয়েক হাজার উল্লসিত দর্শকের করতালির মধ্যে তিনি ঘোষণা করেন, তিনি প্রেসিডেন্ট হওয়ার পর ওয়াশিংটনের সব জঞ্জাল ঝেঁটিয়ে বিদায় করবেন।
অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে নির্বাচনে বিজয়ী হওয়ার কথা বললেও অধিকাংশ জাতীয় জনমত জরিপে ট্রাম্প এই মুহূর্তে পিছিয়ে। কোনো কোনো অঙ্গরাজ্যে হিলারির সঙ্গে তাঁর ব্যবধান কমে আসার লক্ষণ দেখা গেলেও মোট ভোটের ও ইলেকটোরাল ভোটের হিসাবে হিলারি স্বস্তিজনক অবস্থানে রয়েছেন।
এদিকে ট্রাম্পের নির্বাচনী শিবির থেকে স্বীকার করা হয়েছে, তারা কোনো কোনো গ্রুপকে ভোট প্রদানে অনুৎসাহিত করছে। ব্লুমবার্গ বিজনেস উইক অজ্ঞাতনামা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই লক্ষ্যে ট্রাম্প ক্যাম্পেইন নারী, আফ্রিকান-আমেরিকান ও উদারপন্থী শ্বেতকায় ভোটারদের মধ্যে বিশেষ প্রচারণা শুরু করেছে। হিলারি আফ্রিকান-আমেরিকানদের নিয়ে যে কটু কথা বলেছেন, বিল ক্লিনটন ক্ষমতায় থাকার সময় নারীঘটিত যেসব কেলেঙ্কারি করেছেন এবং হিলারি উদারনৈতিক সিনেটর বার্নি স্যান্ডার্সকে পরাস্ত করতে যেসব আপত্তিকর পথ অনুসরণ করেছেন, এ প্রচারণায় তার সবিস্তার বিবরণ থাকছে।
বিজনেস উইক ব্যাখ্যা করে বলেছে, এই তিন গ্রুপের ভোটাররা যাতে বড় সংখ্যায় ভোট দিতে না আসেন, ট্রাম্প ক্যাম্পেইন সেই লক্ষ্যেই অগ্রসর হচ্ছে। পত্রিকাটি অবশ্য ভোট ঠেকানোর কোনো সুনির্দিষ্ট উদাহরণ তুলে ধরেনি।
বৃহস্পতিবার নর্থ ক্যারোলাইনায় হিলারিকে পাশে নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ফার্স্ট লেডি মিশেল ওবামা ভোট ঠেকানোর এই তৎপরতার তীব্র নিন্দা করেন। ট্রাম্পের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘হিলারির প্রতিপক্ষ চান আমরা যেন ভোটকেন্দ্রে না যাই, সেটাই তাঁদের নির্বাচনী কৌশল। তাঁরা নোংরা ও কদর্য উপায়ে হিলারির বিজয় ঠেকাতে চান।’
যৌন হয়রানির নতুন অভিযোগ: বার্তা সংস্থা রয়টার্স জানায়, এবার ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুললেন সাবেক মিস ফিনল্যান্ড নিন্নি লাকসোনিন। ফিনল্যান্ডের ইলতা মানোমাত পত্রিকাকে তিনি বলেছেন, ২০০৬ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় নিউইয়র্কে একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিতে গেলে ট্রাম্প তাঁর পশ্চাদ্দেশে হাত দেন।
রানওয়ের বাইরে পেন্সের বিমান: ট্রাম্পের রানিং মেট মাইক পেন্সের বিমান রানওয়ে থেকে ছিটকে পড়েছে। গত বৃহস্পতিবার বিকেলে নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণের পর এ ঘটনা ঘটে। মাইক পেন্সের নির্বাচনী প্রচার সূত্র এ কথা জানিয়েছে। তবে এতে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী পেন্স বা অন্য কারও ক্ষতি হয়নি। ওই বিমানের আরোহী সিএনএনের প্রযোজক এলিজাবেথ ল্যান্ডার্স বলেন, ‘আমরা বিমানটি রানওয়ে থেকে সরে যাওয়ার বিষয়টি টের পাই। পাইলট বিমানটিকে দ্রুত নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন।’