মার্কিন কর্মকর্তাদের আনুষ্ঠানিক অভিযোগ
নির্বাচনকে প্রভাবিত করতে রাশিয়া সাইবার হামলা করছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য দেশটির রাজনৈতিক দলগুলোর ওপর রাশিয়া সাইবার হামলা চালিয়েছে বলে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর এক বিবৃতিতে এ অভিযোগ করেছে। অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি ডেমোক্রেটিক পার্টির নেতাদের ই-মেইল হ্যাক করার সঙ্গে রাশিয়ার জড়িত থাকার যথেষ্ট প্রমাণ যুক্তরাষ্ট্রের হাতে এসেছে।
চলতি বছরের শুরুতে ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী কয়েকজন নেতার মধ্যে বিনিময় হওয়া ই-মেইল বার্তা গত জুলাইয়ে ফাঁস করা হয়। ফাঁসকারী ব্যক্তি নিজেকে গুসিফার ২.০ হিসেবে পরিচয় দেন। এসব ই-মেইলে দেখা যায়, ডেমোক্রেটিক পার্টির ওই নেতারা দলীয় প্রার্থী হিসেবে বার্নি স্যান্ডার্সের বিরোধিতা করেন এবং হিলারির মনোনয়ন নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করেন। এই তথ্য ফাঁসের জের ধরে দলের চেয়ারম্যানের পদ থেকে ডেবি ওয়াসেরমান শুলজ সরে দাঁড়ান এবং ফিলাডেলফিয়ায় দলের সম্মেলনে হিলারিবিরোধী বিক্ষোভ হয়।
হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর এবং নির্বাচনী নিরাপত্তাবিষয়ক জাতীয় গোয়েন্দা সংস্থা যৌথ বিবৃতিতে বলেছে, রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের উচ্চপদস্থ কর্মকর্তারা এই সাইবার হামলার পেছনে ছিলেন বলে তাঁরা মোটামুটি নিশ্চিত।
তবে রাশিয়ার কর্মকর্তারা এই অভিযোগকে ‘বাজে কথা’ বলে উড়িয়ে দিয়েছেন।
মার্কিন প্রতিনিধি পরিষদের গোয়েন্দাবিষয়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য অ্যাডাম শিফ প্রকাশ্যে রাশিয়াকে অভিযুক্ত করার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘রাশিয়ার মতো একটি দেশ যখন আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে অবমাননা করার চেষ্টা করে, তখন বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিতে হবে।’ তিনি এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা কামনা করেন।