নির্বাচনী কার্যক্রমে আদালতের স্থগিতাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুবুর রহমান ও শাহ নেওয়াজ
মাহবুবুর রহমান ও শাহ নেওয়াজ

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় বণিক সংগঠন জ্যাকসান হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) সভাপতি হিসেবে ইন্স্যুরেন্স ব্যবসায়ী শাহ নেওয়াজের নাম ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে মাহবুবুর রহমান টুকুসহ পুরো প্যানেলকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ৬ জানুয়ারি সন্ধ্যায় সমিতির তরফে গঠিত নির্বাচন পরিচালনা পর্ষদ কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় শাহ নেওয়াজ-টুকু প্যানেলকেই বিজয়ী ঘোষণা করে। কিন্তু এই নির্বাচন ও নির্বাচন পরিচালনা পর্ষদকে বেআইনি ও গঠনতন্ত্রবিরোধী দাবি করে একদিন আগে করা মামলা আমলে নিয়ে ৮ জানুয়ারি জেবিবিএর সব নির্বাচনী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন আদালত।
জেবিবিএর সাবেক সাধারণ সম্পাদক আবুল ফজল দিদারুল ইসলাম ৫ জানুয়ারি নিউইয়র্ক অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ৮ জানুয়ারি মামলাটি আমলে নিয়ে সংগঠনটির সব নির্বাচনী কার্যক্রমের ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন আদালত। কিন্তু এর আগেই ৬ জানুয়ারি শাহ নেওয়াজ-টুকু পরিষদ বিজয়ী ঘোষিত হওয়ায় আদালতের এই স্থগিতাদেশের কার্যকারিতা আছে বলে মনে করছে না নির্বাচন কমিশন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুল লতিফ ভূঁইয়া বলেন, ‘আদালত আদেশ দিয়েছে ৮ জানুয়ারি। কিন্তু আমাদের সব নির্বাচনী কার্যক্রম দুই দিন আগেই শেষ হয়েছে। এখন আর নির্বাচনী কোনো কার্যক্রম চালু নেই। তাই আদালতের এই স্থগিতাদেশ নিয়ে আমরা সংশয়ে আছি।’
শপথ অনুষ্ঠান নির্বাচনী কার্যক্রমের অংশ কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সব কার্যক্রম সম্পন্ন হয়ে গেছে
৬ জানুয়ারি। এর বাইরে কিছু বলতে পারব না।’

তবে জেবিবিএর সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম (আবুল ফজল ইসলাম) বলছেন, ‘আদালত জানে কে নির্বাচিত কিংবা নির্বাচনী প্রক্রিয়া বলতে কী বোঝায়। শপথ গ্রহণের আগ পর্যন্ত নির্বাচিত কিংবা নির্বাচিত বলে ঘোষিত ব্যক্তি ‘প্রেসিডেন্ট ইলেক্ট’ হিসেবে বিবেচিত হন। আনুষ্ঠানিক শপথের পরই শুধু নির্বাচনী কার্যক্রম শেষ হয়। তড়িঘড়ি করে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। কিন্তু সাধারণ সদস্যদের অংশগ্রহণ ছাড়া শপথ অনুষ্ঠান হয় না এবং সেটা হয়নি। ফলে নির্বাচিত ঘোষিতরা কোনো ধরনের বাড়তি পদক্ষেপ নিলেই তা আদালত অবমাননা বলে বিবেচিত হবে। আদালতে যখন বিষয়টি গড়িয়েছে, তখন আদালতেই এর ফয়সালা হবে। নির্বাচন কিংবা নির্বাচিতদের বৈধতা নিয়ে আদালতের যেকোনো নির্দেশনা মেনে নেব।’

প্রসঙ্গত, জেবিবিএর গঠনতন্ত্র অনুযায়ী গত ২৮ ডিসেম্বর পূর্ববর্তী কমিটির মেয়াদ উত্তীর্ণ হলে উপদেষ্টা কমিটি আহ্বায়ক কমিটিতে রূপান্তরিত হয়। কিন্তু মেয়াদ শেষ হওয়ার কিছুদিন আগেই বিদায়ী কমিটি বিদ্যমান উপদেষ্টা কমিটি বাতিল করে নতুন একটি উপদেষ্টা কমিটি গঠন করে। একই সঙ্গে বিদায়ী কার্যকরী কমিটির মেয়াদ তিন মাস বর্ধিত করে। এ অবস্থায় গত ২৯ ডিসেম্বর আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহসীন ননীর নেতৃত্বাধীন উপদেষ্টা কমিটি বিদায়ী কার্যকরী কমিটির এই কর্মকাণ্ডকে ‘গঠনতন্ত্র পরিপন্থী ও অবৈধ’ বলে অভিহিত করেন। পরবর্তীতে আহ্বায়ক কমিটি সংকট নিরসনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেও তা ফলপ্রসূ হয়নি। এর পর ৩ জানুয়ারি আহ্বায়ক কমিটি নির্বাচন কমিশনকে বাতিল ঘোষণা করে নির্বাচনী প্রক্রিয়া স্থগিত রাখার ঘোষণা দেয়। কিন্তু নির্বাচন কমিশন ‘গঠনতন্ত্র মোতাবেক’ তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখে এবং ৬ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করে।
জেবিবিএ’র নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত মনোনয়নপত্র দাখিলের দিন ১৫ সদস্যের কার্যকরী পরিষদের সব পদে একটি করে মনোনয়নপত্র জমা পড়ে। ৬ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ইসি তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। জ্যাকসন হাইটসের নিউ মেজবান রেস্তোরাঁয় ৬ জানুয়ারি সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার পারভেজ কাজী নতুন কমিটির নাম ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনের সদস্য আব্দুল লতিফ ভূঁইয়া, রেজা রশীদ ও মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
নির্বাচনের ফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুকু নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এ সময় তারা জেবিবিএর উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার করেন। নির্বাচিত সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ নিউইয়র্ক ব্যবসায়ীদের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এই নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনটির মধ্যে সৃষ্ট বিরোধ নিরসনে বিরোধী পক্ষকে আস্থায় নিয়ে একযোগে কাজ করার আশা প্রকাশ করেন তিনি।
বিরোধপূর্ণ নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তারা হলেন— সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ, সিনিয়র সহসভাপতি মাকসুদুর রহমান, সহসভাপতি মোল্লা এম এ মাসুদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হাসান, কোষাধ্যক্ষ মো. মুনীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ভিক্টর লিয়াকত আলী, দপ্তর সম্পাদক শাহরিয়ার আতিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলাল আহমেদ, সংস্কৃতি ও সমাজ কল্যাণ সম্পাদক শেখ আলী এবং কার্যকরী সদস্য মো. জাহাঙ্গীর আলম, আব্দুল কাইয়ুম খান, খালেদ আক্তার, মো. মফিজুর রহমান ও মো. এস হোসেন।