নির্বাচনী প্রচারণার টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রচারমাধ্যম বুধবার রাত থেকেই সরগরম ছিল হিলারি ও ট্রাম্পের তৃতীয় ও শেষ টিভি বিতর্ক নিয়ে। ট্রাম্পের হেরে গেলে ফল না মানার ইঙ্গিতে দল ও সমর্থকদের অনেকের বিরূপ প্রতিক্রিয়া, হার নিশ্চিত জেনে ট্রাম্প টিভি চালুর গুঞ্জন আর হিলারিকে তাঁর ‘জঘন্য মহিলা’ বলা আলোচনার খোরাক জোগায়।

ট্রাম্পের মন্তব্যে হতাশ রিপাবলিকান নেতারা: জাতীয় ও অঙ্গরাজ্য পর্যায়ে জনমত জরিপে পিছিয়ে থাকার কারণে নভেম্বরের নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারাতে পারে রিপাবলিকান দল। এই আশঙ্কার কারণে রিপাবলিকান নেতারা আশা করছিলেন, তৃতীয় বিতর্কে ট্রাম্প চমৎকার ফল দেখিয়ে খেলায় ফিরে আসবেন। কিন্তু তিনি সবাইকে হতাশ করেছেন। বিশেষ করে পরাজিত হলে নির্বাচনের ফল না মানার ঘোষণা দেওয়ায় দলের নেতারা আরও বেশি হতাশ।

২০০৮ সালের রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের প্রচার ব্যবস্থাপক স্টিভ স্মিডৎ ফলাফল মানতে ট্রাম্পের অস্বীকৃতির কঠোর সমালোচনা করে বলেন, বিতর্কে ট্রাম্প যতটুকু ভালো করেছিলেন, এই একটি কথার কারণে তিনি সেই ভালোটুকু হারিয়েছেন।

ট্রাম্প টিভি আসছে?:  ডোনাল্ড ট্রাম্পের কাজ সম্পর্কে ধারণা আছে এমন একাধিক বিশেষজ্ঞ বলেছেন, পরাজয় নিশ্চিত জেনেই হয়তো তিনি নির্বাচনে জেতার সব চেষ্টা বাদ দিয়ে ‘ট্রাম্প টিভি’ নামে একটি নতুন টেলিভিশন নেটওয়ার্ক চালুর কথা ভাবছেন। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প টিভির পরীক্ষামূলক প্রচার বুধবারের বিতর্কের দিন থেকে শুরু হয়েছে। বিতর্কের দিন ট্রাম্প নিজে এক টুইটার বার্তায় তাঁর অনুসারীদের মূলধারার তথ্য মাধ্যমে যারা বিরক্ত, তাদের ফেসবুকে তাঁর ‘পাতায়’ বিতর্কের সরাসরি সম্প্রচার দেখার আমন্ত্রণ জানান। গত সপ্তাহে লন্ডনের ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকা জানায়, এ রকম একটি টিভি চালুর ব্যাপারে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আলাপ-আলোচনা শুরু করেছেন। এ নিয়ে একটি বিনিয়োগ ব্যাংকের সঙ্গে তাঁর কথাও হয়েছে। ট্রাম্পের প্রচারণা দপ্তর থেকে অবশ্য ট্রাম্প টিভির কথা সত্যি নয় বলে জানানো হয়েছে।

গালি কে পাত্তা দেননি হিলারি: তৃতীয় বিতর্কে হিলারিকে ‘ন্যাস্টি ওম্যান’ বলে ট্রাম্প যে তির্যক মন্তব্য করেন, তা অনেকের কাছে দৃষ্টিকটু ঠেকলেও হিলারি নিজে বিষয়টি তেমন পাত্তা দিচ্ছেন না। বিতর্কে করনীতি নিয়ে এক প্রশ্নের জবাবে হিলারি বলেন, তাঁর প্রস্তাব অনুসারে মধ্যবিত্তের আয়ের ওপর নতুন কোনো কর আরোপ করা হবে না। তবে অবসর ভাতা বা সোশ্যাল সিকিউরিটিতে অন্তর্ভুক্ত প্রতিটি নাগরিকের প্রদত্ত অর্থের পরিমাণ বাড়বে। এ কথা বলার পর ট্রাম্পের দিকে তাকিয়ে হিলারি মন্তব্য করেন, এমনকি ট্রাম্পের বেলাতেও বাড়বে, অবশ্য তিনি যদি তাঁর ওপর ধার্য অর্থ না দিয়ে ফসকে যাওয়ার পথ খুঁজে না পান। এই কথায় হিলারির দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে ট্রাম্প মন্তব্য করেন, ‘কি জঘন্য নারী’!

রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থীর মন্তব্যের বিষয়ে পরে হিলারিকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ট্রাম্পের ওই মন্তব্যের প্রতি তিনি আদৌ মনোযোগ দেননি।

হিলারি মনোযোগ না দিলেও কংগ্রেসের সাবেক ডেমোক্র্যাট স্পিকার ন্যানসি পেলোসি বিষয়টি সহজে নেননি। হিলারির উদ্দেশে এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘এক জঘন্য নারীর প্রতি আরেক জঘন্য নারী বলছে, তুমি আমাদের জন্য এক অনুপ্রেরণা।’