নির্বাচনী প্রচারণায় আইস বিলুপ্তির ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমিগ্রেশন ও কাস্টমস পুলিশ আইস বিলুপ্তির ডাক উঠেছে আমেরিকাজুড়ে। মধ্যবর্তী নির্বাচনী প্রচারণায় আইস বিলুপ্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। ক্রমেই এই দাবি স্থানীয় চরিত্র থেকে বেরিয়ে একটি জাতীয় রূপ নিচ্ছে।
অবৈধ অভিবাসন বিষয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শূন্য সহনশীলতা নীতির বাস্তবায়নের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করছে আইস পুলিশ। আইনপ্রয়োগকারী এই সংস্থা

অভিবাসনপ্রত্যাশীদের ধরে ধরে বহিষ্কার করছে, যাকে অভিবাসী অধিকার পরিপন্থী হিসেবে দেখছে একটি বড় অংশ। এ অবস্থায় জনরোষের মুখে পড়েছে আইস পুলিশ। মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এখন আইস পুলিশ বিলুপ্তির আহ্বান জানিয়ে নতুন নির্বাচনী আন্দোলন শুরু হয়েছে। এরই মধ্যে ওরেগনের পোর্টল্যান্ড শহর আইসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এ তালিকায় রয়েছে ফিলাডেলফিয়াও। নিউইয়র্ক থেকে আইসকে পুরোপুরি হটিয়ে দিতে ক্রমেই জনচাপ বাড়ছে মেয়র ও গভর্নরের ওপর। এর বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে আইসবিরোধী প্রবল আন্দোলন গড়ে উঠছে।

আইস বন্ধের দাবি জানিয়ে এই আন্দোলন প্রথম শুরু হয়েছিল মাস দু-এক আগে নিউইয়র্কে। নিউইয়র্কের একটি অভিবাসন অধিকার গ্রুপের প্রধানকে আইস গ্রেপ্তার করে দেশে পাঠিয়ে দেওয়ার প্রতিবাদে সংগঠনটির কর্মীদের ডাকা প্রতিবাদী কর্মসূচিতে প্রথম আইস বিলুপ্ত করার দাবি ওঠে। এর পর থেকে ভেতরে-ভেতরে অভিবাসন অধিকারকর্মীরা এই দাবিকে আরও বেগবান করে সামনে নিয়ে আসে। গত মাসে যখন ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে আন্দোলনকারীরা রাস্তায় নামে, তখনো তাদের মিছিলের সামনে ছিল আইস বিলুপ্তির দাবি-সংবলিত প্ল্যাকার্ড। এই দাবি ক্রমেই জোরালো হয়ে এখন জাতীয় একটি আলোচনায় পরিণত হয়েছে।
আইস-এর মাধ্যমে এ পর্যন্ত প্রায় শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। অন্যান্য দেশ থেকে আসা অভিবাসীদের সংখ্যা বিবেচনায় নিলে তা লাখ ছাড়িয়ে যাবে। এটি অবশ্য আইস-এর নিয়মিত কাজেরই অংশ। বারাক ওবামার প্রশাসনের সময়ও আইস-এর ভূমিকা এমনই ছিল। সে সময়ও অভিবাসন অধিকারকর্মীরা সোচ্চার ছিলেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই সংস্থার শক্তি বাড়িয়েছে। ফলে আইস-এর তৎপরতা এখন আদালত প্রাঙ্গণ পর্যন্ত বিস্তৃত হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। ফলে এখন পুরো সংস্থাটির বিরুদ্ধেই জনরোষ তৈরি হয়েছে। এই জনরোষকে কাজে লাগিয়ে আইসবিরোধী এই আন্দোলনকে সামনে নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন নিউইয়র্কের কংগ্রেস ডিস্ট্রিক্ট-১৪-এর প্রার্থী আলেকজান্দ্রিয়া ওকাসিও ও নিউইয়র্কের গভর্নর পদে ডেমোক্র্যাট মনোনয়নপ্রার্থী সিনথিয়া নিক্সন।
গত ২১ জুন এবিসি টেলিভিশনের এক টক-শোতে সিনথিয়া নিক্সন বলেছিলেন, ‘যেভাবে আইস কর্তৃক সীমান্তে আটক মা-বাবার কাছ থেকে শিশুদের আলাদা করা হচ্ছে, তা ভীষণ অমানবিক। এ ঘটনা আইসকে একটি অমানবিক বাহিনীতে পরিণত করেছে। এ ক্ষেত্রে আমার স্পষ্ট অবস্থান হলো আইসকে বিলুপ্ত করা হোক।’
অবৈধ অভিবাসন বন্ধে তখন কারা কাজ করবে, এমন প্রশ্নের উত্তরে সিনথিয়া বলেছিলেন, ‘আমাদের আইস দরকার নেই। অন্য নিয়মিত বাহিনী দিয়ে আমাদের কাজ হচ্ছিল। সেপ্টেম্বরের ১১ তারিখে টুইন টাওয়ারে হামলার পর এই বাহিনী গঠিত হয়। আমাদের অভিবাসন ব্যবস্থা এর আগে যেমন ছিল, তেমনই চলা উচিত।’
অন্যদিকে আলেকজান্দ্রিয়া ওকাসিও তাঁর নির্বাচনী প্রচারণায় বলছেন, তিনি নির্বাচিত হলে কংগ্রেসে আইস বিলুপ্তির প্রস্তাব তুলবেন। এরই মধ্যে এই দাবির পক্ষের একজন জোরালো সমর্থক হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
সিনথিয়া নিক্সন নিউইয়র্কের গভর্নর পদের জন্য লড়ছেন। আর ওকাসিওর কংগ্রেসউইম্যান হওয়াটা একরকম নিশ্চিত। এরই মধ্যে বেশ কয়েকটি শহর আইসের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিলেও কোনো রাজ্য এখনো পূর্ণাঙ্গভাবে সম্পর্ক ছিন্ন করেনি। এ অবস্থায় ওকাসিও ও সিনথিয়ার তৎপরতায় নিউইয়র্কের সঙ্গে আইসের সম্পর্ক ছিন্ন হলে অন্য রাজ্যগুলোও তা অনুসরণ করতে পারে।
ওরেগনের পোর্টল্যান্ড শহরের মেয়র আনুষ্ঠানিকভাবে ‘আইস বিলুপ্তি’র দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। শুধু তাই নয়, আন্দোলনকারীদের দাবির মুখে সেখানকার আইস কার্যালয়ের সামনে থেকে পুলিশি নিরাপত্তাও সরিয়ে নেওয়া হয়েছে। এই খবরে চটেছে আইস দপ্তর।
আইসের প্রধান টেড হুইলার বলছেন, ‘পোর্টল্যান্ড শহর মারাত্মকভাবে আমেরিকার নিরাপত্তা ও সীমান্ত নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলার মিছিলে যুক্ত হলো, যেটা সংবিধানকে অস্বীকার করার শামিল। এখন জনরোষ ও মিছিলকারীদের তরফে যদি আইস সদস্যদের কাজে বিঘ্ন ঘটে অথবা কেউ আহত হন, সেটা পুরো দেশের ও বাহিনীর জন্য বিরাট ক্ষতি বয়ে আনবে।’
পোর্টল্যান্ডের মতোই পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া শহরও আইসের সঙ্গে চুক্তি বাতিলের বিষয়টি চিন্তা করছে বলে খবর দিয়েছে আমেরিকার শীর্ষস্থানীয় পত্রিকা দ্য হিল। এই চুক্তি বাতিল হলে ফিলাডেলফিয়া নাগরিকদের কোনো তথ্য পাবে না আইস। আর তথ্য না পেলে শহরটিতে আইসের কার্যক্রম বাধাগ্রস্ত হবে। এই একই দাবি আছে নিউইয়র্কেও। আগে থেকেই নিউইয়র্ক তার বাসিন্দাদের তথ্য আইসকে দেবে না বলেই জানিয়ে আসছিল। এ বিতর্কের জেরে নগর প্রশাসনের পুলিশ খাত থেকে ৪০ লাখ ডলারের ফেডারেল বরাদ্দ কমিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। আইসকে তথ্য না দিলে এই বাজেট জুটবে না বলে জানানো হয়েছে। ফেডারেল সরকারের বিরুদ্ধে এ নিয়ে মামলা ঠুকে দিয়েছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। এখন নিউইয়র্কের গভর্নর ও মেয়রের ওপর আইসের সঙ্গে থাকা চুক্তি বাতিলের চাপ ক্রমেই বাড়ছে।
পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে, টুইটারে অ্যাবোলিশ আইস হ্যাশট্যাগ এখন আমেরিকার অন্যতম রাজনৈতিক দাবিতে পরিণত হচ্ছে। উদারবাদী বিশেষত সমাজতন্ত্রপন্থী আইনপ্রণেতারা বিষয়টি নিয়ে ক্যাপিটল হিলে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে। এর বিপরীতে কট্টর রক্ষণশীলেরা বিষয়টিকে রাষ্ট্রের নিরাপত্তাহীনতা বৃদ্ধির ঝুঁকি হিসেবে দেখছেন। এ আন্দোলন শেষ পর্যন্ত কত দূর যায়, তা সময়ই বলে দেবে। কঠোর অভিবাসনবিরোধী ট্রাম্প প্রশাসনের অন্যতম হাতিয়ার আইস বিলুপ্তির দাবিতে যে ঢেউ উঠেছে আমেরিকায়, তা-ইবা কম কিসে।