নির্বাচনী বিতর্কের জোর প্রস্তুতিতে দুই প্রার্থী

এ বছরের নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দুই প্রধান প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প মোট তিনটি মুখোমুখি বিতর্কে অংশ নেবেন। সব মহলেই এই বিতর্কের ওপর বিস্তর গুরুত্ব আরোপ করা হচ্ছে।
তিন বিতর্কের প্রথমটি হবে এ মাসের ২৬ তারিখে। পরবর্তী বিতর্ক দুটির তারিখ যথাক্রমে ৯ ও ১৯ অক্টোবর। এ ছাড়া ৪ অক্টোবর এই দুই দলের দুই ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী টিম কেইন ও মাইক পেন্স বিতর্কে মিলিত হবেন।
আনুমানিক ১০ কোটি মানুষ টেলিভিশনে এই বিতর্ক দেখবে বলে ভাবা হচ্ছে। যাঁরা এখনো মনস্থির করতে পারেননি কাকে ভোট দেবেন, এই বিতর্ক তাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। এ বিতর্ক নির্বাচনী ফলাফলকেই একেবারে উল্টে দিতে পারে, ইতিহাসে সে প্রমাণ রয়েছে। মার্কিন নির্বাচনী রাজনীতিতে প্রার্থীদের বিতর্কের শুরু ১৯৬০ সালে। তাতে অংশ নিয়েছিলেন ঝানু রাজনীতিক রিচার্ড নিক্সন ও নবিশ জন এফ কেনেডি। সে বিতর্কে নাজেহাল হয়েছিলেন নিক্সন, ভোটারদের মনে আস্থা ফিরিয়ে আনা তাঁর পক্ষে আর সম্ভব হয়নি।
এ বছর দুই প্রার্থীই আশা করছেন, বিতর্কে বুদ্ধি ও যুক্তির কূটচালে অপরকে ধরাশায়ী করবেন। হিলারি দক্ষ তার্কিক, বহু বিতর্কে তিনি অংশ নিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও এক মাস আগে থেকেই জোরেশোরে সে বিতর্কের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। হিলারির সহকর্মীরা তাঁকে মোটা মোটা বিফ্রিং নোট তৈরি করে দিয়েছেন, তাতে ট্রাম্পের কোথায় কী দুর্বলতা রয়েছে, তার বিস্তারিত বিবরণ রয়েছে। রিপাবলিকান দলের প্রার্থী বাছাই পর্বে ট্রাম্প ১৬ জন বাঘা বাঘা প্রতিদ্বন্দ্বীকে ধরাশায়ী করেছিলেন কীভাবে, সে ভিডিও দেখে তাঁর কৌশল পরীক্ষা করে দেখা হচ্ছে। একাধিক মনোবিশারদও হাত লাগিয়েছেন কী কথা বললে ট্রাম্প ক্ষেপে উঠবেন, তার গোপন তত্ত্ব-তালাশ হিলারিকে বুঝিয়ে দিতে। ট্রাম্পের জীবনী লিখেছেন, এমন একজন লেখক তাঁদের এ ব্যাপারে সাহায্য করছেন।
ডোনাল্ড ট্রাম্প তার্কিক হিসেবে খ্যাত নন, রাজনীতির তত্ত্ব-তথ্যের তিনি ধার ধারেন না। কিন্তু তাঁর কথা বলার এক কৌশল রয়েছে, যা সাধারণ মানুষকে আকৃষ্ট করে। হিলারির থেকে ভিন্ন পথ অনুসরণ করছেন তিনি। ট্রাম্পের উপদেষ্টারাও যথারীতি মোটা মোটা ব্রিফিং পেপার তৈরি করে দিয়েছেন, কিন্তু সেসব পড়ার ধৈর্য তাঁর নেই। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, তাড়া তাড়া কাগজপত্র পড়ার বদলে ট্রাম্প তাঁর উপদেষ্টাদের সঙ্গে মুখে কথা বলেই জেনে নিচ্ছেন হিলারির দুর্বলতা কী, কোন কোন বিষয়ে আঘাত করলে তাঁকে কুপোকাত করা যাবে।