নির্বাচনী সহিংসতা মোকাবিলায় নগরীগুলোর ব্যাপক প্রস্তুতি
মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। বড় ধরনের কোনো বিপর্যয় এড়িয়ে এই সহিংসতা মোকাবিলায় নগরীগুলোর পুলিশ বিভাগ আগাম প্রস্তুতি নিচ্ছে। নিউইয়র্কসহ বেশ কিছু নগরীর পুলিশ প্রধানেরা তাঁদের এসব প্রস্তুতির কথা জানিয়েছেন।
এ কারণে নির্বাচনের সময়ে পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। এ সময়ে অবকাশে না যাওয়ার জন্য পুলিশ বিভাগ সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছে।
গত মে মাসের পর মেনিয়াপোলিসে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার পর নাগরিক অস্থিরতার নতুন রূপ দেখেছে যুক্তরাষ্ট্র। নগরীগুলোতে সহিংসতা ও বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে পুলিশ বিভাগকে হিমশিম খেতে হয়েছে। কোথাও কোথাও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ন্যাশনাল গার্ডও মোতায়েনসহ ফেডারেল হস্তক্ষেপের ঘটনাও ঘটেছে।
নির্বাচনের সময়ে পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। এ সময়ে অবকাশে না যাওয়ার জন্য পুলিশ বিভাগ সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছে
নিউইয়র্কের পুলিশ প্রধান টেরেন্স মনহান ২০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে তাঁদের আগাম প্রস্তুতির কথা জানিয়ে বলেছেন, এবারের নির্বাচন নিয়ে সহিংসতার যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য এনওয়াইপিডি আগাম প্রস্তুতি নিচ্ছে। নিউইয়র্কের ম্যানহাটন থেকে লোকজন সরে যাচ্ছেন। নির্বাচনের পরে ম্যানহাটনে অবস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্থাপনাগুলো লক্ষ্য করে সহিংসতার ঘটনা ঘটতে পারে। এ কারণে নগরীর পুলিশকে আগাম প্রস্তুত রাখা হচ্ছে।
শিকাগো নগরীর পুলিশ প্রধান ডেভিড ব্রাউন বলেছেন, নির্বাচনের পর পরিস্থিতি যাই হোক, তা মোকাবিলার জন্য পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
নির্বাচনের পর পরিস্থিতি যাই হোক, তা মোকাবিলার জন্য পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছেডেভিড ব্রাউন, শিকাগো নগরীর পুলিশ প্রধান
এবারের নির্বাচন ৩ নভেম্বর ভোটের দিনেই শেষ না হতে পারে, এ নিয়েও প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডাকযোগে এবং ব্যাপক আগাম ভোটের কারণে নির্বাচনের ফলাফল ঝুলে থাকতে পারে। এমনিতেই নির্বাচন নিয়ে নানা সংশয় আগে থেকেই করা হয়েছে। এসবের জের ধরেই সহিংসতাও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা করছেন কেউ কেউ। নির্বাচনের দিন থেকে পরবর্তী সময় নিয়ে নানা শঙ্কা বিরাজ করছে।
বিক্ষোভের জন্য বেশ কিছু নগরী এমনিতেই পরিচিত। এসব নগরীতেই আগাম প্রস্তুতি বেশি। সহিংসতা, লুটতরাজের আশঙ্কার কথা মাথায় রেখেই মায়ামি, পোর্টল্যান্ড, সিয়াটল, ফ্লোরিডা, অ্যারিজোনা, ফিলাডেলফিয়া ও শিকাগোতে ব্যাপক আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মেনিয়াপোলিস পুলিশের মুখপাত্র জন এলডার বলেছেন, ‘আমরা সবচেয়ে খারাপ অবস্থার জন্য প্রস্তুতি নিলেও সবচেয়ে ভালো অবস্থার প্রত্যাশা করছি।’