বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির নতুন কমিটির অভিষেক
নির্বাচনে অংশ নিয়ে অস্তিত্বের জানান দিতে হবে: ড. শহীদ

শিক্ষাবিদ ড. আবদুস শহীদ বলেছেন, আমেরিকায় দীর্ঘদিন বসবাস করেও একজন ব্যক্তি এই সমাজে অস্তিত্বহীন হয়ে উঠতে পারেন। যদি নাগরিকত্ব গ্রহণ না করেন, নাগরিক হয়েও ভোটার তালিকাভুক্ত না হলে আমেরিকার সমাজে অভিবাসীরা অস্তিত্বহীন হয়ে পড়বেন। ভোটার তালিকায় নাম নিবন্ধনের পর অবশ্যই সব নির্বাচনে ভোটার হিসেবে অংশ নিয়ে অস্তিত্বের জানান দিতে হবে।
বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে কলেজ নিউজার্সির স্কুল অব বিজনেসের অধ্যাপক ড. আবদুস শহীদ প্রবাসীদের পরামর্শ দিয়ে এসব কথা বলেন। জমজমাট আয়োজনে অভিষিক্ত হলেন প্রবাসের অন্যতম সামাজিক সংগঠনের নতুন কমিটির সদস্যরা। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সবার সহযোগিতায় শিগগিরই সমিতি ভবন ঋণমুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। বক্তারা সমিতির কল্যাণে আরও অবদান রাখার প্রতিশ্রুতি দেন।
নিউইয়র্ক নগরের উডসাইডের জয়া হলে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিয়ানীবাজারের প্রবাসী কলেজ অব নিউজার্সির স্কুল অব বিজনেসের অধ্যাপক ড. আবদুস শহীদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ ও সাপ্তাহিক ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি এম এম শাহীন, বাংলাদেশ সোসাইটির সভাপতি ও জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা এবং বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি কামাল আহমেদ, সমিতির প্রথম নির্বাচিত সভাপতি আবুল কালাম, সাবেক সভাপতি ও উপদেষ্টা আজিজুর রহমান সাবু, সমিতির সাবেক সভাপতি ও বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি পেনসিলভানিয়া ইনকের সভাপতি মাশুকুল ইসলাম খান, সাবেক সভাপতি ও বৃহত্তর সিলেট গণদাবি পরিষদের সভাপতি এবং বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বোরহান, সমিতির প্রধান নির্বাচন কমিশনার আবদুস শহীদ মাস্টার, নবনির্বাচিত সভাপতি মোস্তফা কামাল, উপদেষ্টা আবদুল আহাদ ফারুক, ছমির উদ্দিন, মহিউদ্দিন ও গৌছ উদ্দিন খান।
তিন পর্বের আয়োজনের মধ্যে ছিল উদ্বোধন, নতুন কর্মকর্তাদের শপথ পাঠ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সমিতির বিদায়ী সভাপতি মাসুদুল হক ছানুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্বের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত এবং গীতা ও বাইবেল থেকে পাঠ করা হয়। এরপর মহান ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সব শহীদ এবং বিয়ানীবাজার সমিতির প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে শুভেচ্ছা বক্তৃতা করেন সমিতির বিদায়ী সভাপতি মাসুদুল হক ছানু। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মোস্তফা কামালকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার আবদুস শহীদ মাস্টার। এরপর নতুন সভাপতি কার্যকরী পরিষদের (২০১৮-২০১৯) কর্মকর্তাদের শপথ পাঠ করান। এরপর নতুন কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করা হয়। পুরো অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুহুল।
অভিষেক অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘আমাদের বিয়ানীবাজার’-এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি অধ্যাপক ড. আবদুস শহীদ। অনুষ্ঠানে তাঁর হাতে স্মারক তুলে দেওয়া হয়।
আলোচনা পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোস্তফা কামাল। এই পর্বে অতিথিরা ছাড়াও আলোচনায় অংশ নেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ার, সাবেক ছাত্রনেতা গোলাম মোর্তুজা, জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, আবদুল কাদির প্রমুখ।

সাংস্কৃতিক পর্বে শিল্পকলা একাডেমীর শিল্পীসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এই পর্ব পরিচালনা করেন বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক ও শিল্পকলা একাডেমীর সভাপতি মনিকা রায়। বিয়ানীবাজারবাসীসহ দলমত নির্বিশেষ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফলে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
বিয়ানীবাজার সমিতির অভিষিক্ত কর্মকর্তারা হলেন—সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল, সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রহুল, সহসাধারণ সম্পাদক শহিদ আহমদ, কোষাধ্যক্ষ কাউসার হক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ এ আলিম, দপ্তর সম্পাদক রেজাউল হক, প্রচার সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ জয়নুল হক, মহিলা সম্পাদক ফাহমিদা আক্তার, সদস্য শামীম আহমদ, আহমেদ মোস্তফা (বাবুল), আবদুল বাছিত, মোহাম্মদ আই জহিরুল, নুরুল ইসলাম, মোহাম্মদ আতিকুল রহমান (হেলাল) ও মোহাম্মদ এন জামান।