নির্বাচনে কারচুপির আশঙ্কা ট্রাম্পের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিতর্কিত মন্তব্যের জন্য সুপরিচিত ট্রাম্প নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে ‘শয়তান’ বলেও আখ্যায়িত করেছেন।
ওহাইও অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় নেমে গত সোমবার এসব মন্তব্য করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে কোনো প্রধান রাজনৈতিক দলের প্রার্থী আগেই নির্বাচনে কারচুপির আশঙ্কা করে বক্তব্য দেননি। ওহাইওর কলম্বাসের টাউন হলে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমার শঙ্কা হচ্ছে, আগামী নির্বাচনে কারচুপি হতে পারে।’
কীভাবে কারচুপি হবে, কেন হবে তা নিয়ে অবশ্য মুখ খোলেননি ব্যবসায়ী থেকে হঠাৎ রাজনীতিক বনে যাওয়া এই রিপাবলিকান প্রার্থী। তবে তিনি এই একই অভিযোগের পুনরাবৃত্তি করেন ফক্স নিউজে সোমবার রাতের এক অনুষ্ঠানে। সেখানে তিনি বলেন, ‘৮ নভেম্বর আমাদের সতর্ক থাকতে হবে। কারণ নির্বাচনে কারচুপি হতে যাচ্ছে। আমি আশা করব, রিপাবলিকান পার্টির সমর্থকেরা সতর্ক থাকবে। নয়তো ফলাফল আমাদের হাতছাড়া হয়ে যাবে।’
সোমবার রাতে পেনসিলভানিয়ার মেকানিকসবার্গের একটি স্কুলে দেওয়া আরেক ভাষণে ট্রাম্প তীব্র কটাক্ষ করেন হিলারি ক্লিনটনকে। যুক্তরাষ্ট্রের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীকে তিনি ‘শয়তান’ বলে আখ্যায়িত করেন। ডেমোক্রেটিক পার্টির বার্নি স্যান্ডার্সের সমালোচনা করতে গিয়ে এ মন্তব্য করেন ট্রাম্প। মনোনয়নের লড়াইয়ে হিলারির প্রতিদ্বন্দ্বী ছিলেন স্যান্ডার্স। কিন্তু হেরে যাওয়ার পর দলের জাতীয় সম্মেলনে প্রার্থী হিসেবে হিলারিকে সমর্থন দেন তিনি। এতে নাখোশ ট্রাম্পের মন্তব্য, স্যান্ডার্স শয়তানের সঙ্গে সখ্য গড়েছেন। ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘তিনি (হিলারি) একজন শয়তান।’
প্রায় এক ঘণ্টা ধরে দেওয়া বক্তব্যে ট্রাম্প তাঁর বহুল ব্যবহৃত বিতর্কিত নানা মন্তব্য আবার উগড়ে দেন। উৎফুল্ল সমর্থকদের সামনে তিনি ‘ওয়াটারবোর্ডিং’ নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদে ব্যবহৃত বিতর্কিত নির্যাতন কৌশলের পক্ষে সমর্থন ব্যক্ত করেন। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সমালোচনা করতে গিয়ে বলেন, ‘ওরা আমাদের শিরশ্ছেদ করতে পারে, মানুষকে জীবন্ত কবর দিতে পারে আর আমরা পানি ব্যবহার করে শাস্তি দিতে পারব না?’
ইরাকে নিহত মার্কিন সেনা কর্মকর্তা হুমায়ুন খানের পিতামাতার বিষয়ে ট্রাম্পের বিরূপ মন্তব্য ব্যাপক সমালোচনা কুড়িয়েছে। অনেকে মনে করছেন, এখন নির্বাচনে কারচুপি এবং হিলারিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তিনি মানুষের মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন।