নির্বাচনে জিততে ট্রাম্পকে সহায়তা করতে চেয়েছিলেন পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করার জন্য ‘সাহায্য করতে চেয়েছিলেন’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের অগোপনীয় অংশে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ‘রাশিয়ার নেতা মার্কিন নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে একটি প্রচার অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন।’ আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এই প্রতিবেদনের বিষয়ে রাশিয়া কোনো মন্তব্য করেনি। তবে এর আগে মার্কিন নির্বাচনকে প্রভাবিত করার অ​ভিযোগ বারবার অস্বীকার করছিল রাশিয়া।

প্রতিবেদনের সারসংক্ষেপ ট্রাম্পকে অবহিত করার পর যুক্তরাষ্ট্রের এই নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, পুতিনের ওই চেষ্টায় নির্বাচনের ফলে কোনো প্রভাব পড়েনি। পরে ট্রাম্প হ্যাকিংয়ের সুযোগ রাখার জন্য ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ আনেন।

২৫ পাতার ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ট্রাম্পের প্রতি ‘পরিষ্কার পক্ষপাতমূলক’ কার্যক্রম চালিয়েছে। রাশিয়ার উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘জনগণের প্রতি আস্থার ভীত’ দুর্বল করে দেওয়া এবং নির্বাচনে জয়ী হওয়ার যোগ্যতা ও সম্ভাব্য প্রেসিডেন্সিকে ক্ষতিগ্রস্ত করতে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে কলঙ্কিত করা।

প্রতিবেদনে বলা হয়, ‘আমাদের মূল্যায়ন হলো, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রভাব বিস্তারমূলক প্রচারাভিযানের নির্দেশ দেন।’

প্রতিবেদনের অগোপনীয় অংশে পুতিনের সন্দেহভাজন ভূমিকা কী ছিল—সে ব্যাপারে বিস্তারিত তথ্যপ্রমাণ দেওয়া হয়নি। তবে সেখানে উল্লেখ করা বিষয়গুলো হলো, ডেমোক্র্যাট ন্যাশনাল কমিটি ও শীর্ষ ডেমোক্র্যাটদের ই–মেইল অ্যাকাউন্ট হ্যাক করা। হ্যাক করে পাওয়া তথ্য প্রকাশের জন্য মধ্যস্থতাকারী হিসেবে উইকিলিকস, ডিসিলিকস ও গুসিফার ২.০ কে ব্যবহার। রাষ্ট্রীয় তহবিল ব্যবহার করে প্রচারণা চালানো ও বাজে মন্তব্য করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের ব্যবহার করা।