নির্বাচনে পোস্টারিং বন্ধ হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর সব দেশেই নির্বাচন হয় নিয়ম মেনে। বাংলাদেশেও ব্যতিক্রম নয়। সাংবিধানিকভাবেই নির্বাচন হয় সেখানে। এতে অংশগ্রহণ করে রাজনৈতিক সব সব দল। আর দলীয় প্রচারণা চালায় সব দলের প্রার্থীরা। দেখা যায়, নির্বাচন এলে জনগণের মধ্যে এক ধরনের আমেজ কাজ করে। তারা উৎসবমুখর হয়ে উঠে। প্রত্যেকে চায় তার পছন্দের প্রার্থী নির্বাচনে জিতে আসুক। এতে তারাও নিজেদের প্রার্থীর পক্ষে প্রচারণায় মাঠে নামে। দেখা যায়, পোস্টারে ছেয়ে যায় পুরো শহর, মহল্লা। বাসা-বাড়ি থেকে শুরু করে দোকান, মোড়, অলি-গলি, এমনকি রাস্তায় দেয়ালে দেয়ালে পোস্টার শোভা পায়। এমনও হয়েছে, একদল আরেক দলের পোস্টার ছিঁড়ে ফেলে। দেয়াল থেকে অন্য প্রার্থীর পোস্টার তুলে নিজের মনোনীত পছন্দের নেতার পোস্টার লাগিয়ে দিয়েছে। এতে দুই দলেই কোন্দল লেগে মারামারির পর্যায়ে পৌঁছে যায়।
প্রচারণা চালাতে পোস্টারের ব্যবহার হতেই পারে। সমস্যা হলো নির্বাচন শেষে সেগুলো আর পরিষ্কার করা হয় না। সেটা সব সময় দেখে আসছি। দেশে ডিজিটাল পদ্ধতি এলেও এক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। আর বৃষ্টি এলে সব কাঁদা পানির সঙ্গে একাকার হয়ে যায়। পরিবেশ হয় নোংরা। এমনিতেই ঢাকা শহর বায়ু দূষণের দিক থেকে প্রথম সারিতে আছে। মানুষ আছে স্বাস্থ্যঝুঁকির মধ্যে। প্রশ্ন হচ্ছে, প্রচারণা কীভাবে চালাবে। বর্তমান যুগ প্রযুক্তির যুগ। মানুষ এখন এগিয়ে যাচ্ছে চিন্তা ও কাজে। উন্নত রাষ্ট্রে দেখি, নির্বাচনী প্রচারণা চালায় অনলাইনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুকে, টুইটারে, ফোনে, রেডিও, টেলিভিশনের মাধ্যমে। বিদেশে পোস্টারিং, মাইকিং এসব কিছুই নেই। তবে, প্ল্যাকার্ড ব্যবহার হয় অনেক দেশে।
জনগণের ভোটে মেয়র নির্বাচিত হয় জনগণকে সেবা দেওয়ার জন্য। তাহলে নির্বাচনের শুরুতেই যদি জনগণকে ভোগান্তি দেওয়া হয়, তাহলে কীভাবে হবে। পরিবেশ সুন্দর কে না চায়, সবাই চায়। সব মানুষ সুন্দরের পূজারি। দেশকে পরিচ্ছন্ন রাখাও সবার দায়িত্বের মধ্যেই পড়ে। এমনিতেই নির্বাচনের সময়, মাইকিং করে মোটরসাইকেল শোভাযাত্রা করে জনগণকে ভোগান্তির মধ্যে রাখে। শব্দদূষণ, যানজটমুক্ত পরিবেশ কে না চায়। অনেকে বলেন, বিদেশে হলেও আমাদের দেশে সম্ভব না। কিন্তু কেন সম্ভব না, এটি তো চাঁদে যাওয়ার বিষয় নয়, যে এত ব্যয়বহুল, চাইলেও সম্ভব নয়। সদিচ্ছা থাকলেই সম্ভব। সিস্টেম করলে অবশ্যই সম্ভব।
নির্বাচন কমিশন যদি বলে, এখন থেকে পোস্টার নয় প্রচারণা হোক অনলাইনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাহলেই সম্ভব। হ্যাঁ, প্রথম প্রথম একটু বাধা আসবে, কেউ মানতে চাইবে না। কিন্তু শুরু হলে পরবর্তীতে ঠিকই মেনে নেবে। আর নির্বাচন কমিশন যদি মনে করে, প্রথমে পুরো শহরে নয়, কিছু কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে দেখতে পারে, সেটাও করা যায়। শুধু নির্বাচন কমিশন বললেই হবে না, জনগণকেও এগিয়ে আসতে হবে। আর পরিবেশ রক্ষা করা শুধু মেয়রের বা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়, এই দায়িত্ব জনগণেরও।
মাইকিংয়ের ফলে যে শব্দ দূষণ হয়, তা সুস্থ মানুষের জন্য ক্ষতিকর। এই সম্পর্কে কয়জনইবা ধারণা রাখে, আর রাখলেইবা কে শুনে সাধারণ মানুষের কথা। কিন্তু সম্মিলিতভাবে যদি সবাই আওয়াজ তোলে, তবেই সম্ভব। তা ছাড়া পোস্টারিং, মাইকিং বন্ধ হলে যারা নির্বাচনে প্রার্থী হবেন তাদের খরচও কমে যাবে। এসব অর্থ অসহায়, দুস্থ মানুষের জন্য ব্যয় করতে পারবে।
আমি জানি, অনেকে বলবেন আমাদের দেশে এখনো সেই পরিবেশ গড়ে উঠেনি। আমি বলব, শুরু করতে হবে যদি দেশকে এগিয়ে নিতে চান। যেমন, আমাদের দেশে ব্যালট পেপারে নির্বাচন হয়, গত নির্বাচনে কয়েক জায়গায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি ব্যবহার হয়েছে। এমন সময় আসবে, হয়তো পুরো নির্বাচন বিদেশের মতো ইলেকট্রনিক পদ্ধতিতে হবে। সবকিছু একদিনে একবারে হয় না। শুরু করতে হয়, বাধা আসে এরপর আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয়। পরিবর্তন এভাবেই এসেছে। সময়ের প্রয়োজনে বিভিন্ন দেশে বিভিন্ন পরিবর্তন হয়েছে। যেমন সৌদি আরবে একসময় মেয়েদের ড্রাইভিং নিষিদ্ধ ছিল, এখন সেখানে পরিবর্তন এসেছে, মেয়েরা ড্রাইভ করতে পারে। ১৮ বছর বয়সের নিচে কেউ বিয়ে করতে পারবে না এমন আইন হয়েছে।
সৌদি আরবের মতো রাষ্ট্রে পরিবর্তন হয়েছে, কারণ জনগণ চেয়েছে। পেছনের দিকে গেলে দেখি রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন, একসময় বিধবা বিবাহ নিষিদ্ধ ছিল সেখানে পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে মানুষের জন্য। আমি যে কথাটি বলতে চাইছি জনগণের চাহিদা ও সুবিধার সঙ্গে সঙ্গতি রেখে সমাজে পরিবর্তন সম্ভব।
এখানে যেসব উদাহরণ দিলাম, সেগুলো নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয়, তবে পরিবর্তন যে হয়েছে সেটা বলার জন্য। নির্বাচনে পোস্টারিং নিষিদ্ধ করা কঠিন কিছু নয়, নির্বাচন কমিশন একটু জোরালো পদক্ষেপ নিলেই সম্ভব। কিছুদিন আগে এ নিয়ে আমি ফেসবুকে জনগণের মতামত জানার চেষ্টা করেছিলাম। আমি একজনও পাইনি, যিনি দ্বিমত পোষণ করেছেন। সবাই বলেছেন, নির্বাচনে পোস্টারিং, মাইকিং বন্ধ হলে খুব ভালো হয়। এমনিতেই ঢাকায় যানজটে মানুষ মহাবিরক্ত, তার ওপর সামনে মেয়র নির্বাচন। মানুষ চাইছে সুন্দর স্থিতিশীল পরিবেশ।
বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছে। আমাদের অর্থনীতিও আগের চেয়ে বেশ মজবুত, জনগণও সচেতন। এখন মানুষের হাতে হাতে মোবাইল ফোন। যেকোনো একটা খবর দ্রুত পৌঁছে যায়। আমরা চাইলে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন করতে পারি। দেশকে এগিয়ে নিতে চাইলে, উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে চাইলে কিছু পরিবর্তন আবশ্যক। জনগণ সম্মিলিতভাবে চাইলে তা অবশ্যই সম্ভব।