নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা চান বদরুন খান

মার্কিন কংগ্রেসে নির্বাচনে প্রার্থী হয়েছেন বাংলাদেশি বদরুন খান মিতা। নিউইয়র্কের ডিস্ট্রিক্ট ১৪-এর কংগ্রেসওম্যান হতে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন আগেই। আসন্ন এ নির্বাচনে সাফল্য পেতে সাংবাদিকদের কাছ থেকে সহায়তা চেয়েছেন তিনি।
নির্বাচন সামনে রেখে ২০ জানুয়ারি বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি ভেন্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সহযোগিতা চান। নিউইয়র্কে কর্মরত সাংবাদিকেরা এ মতবিনিময় সভায় যোগ দেন। এতে নিজের অবস্থান তুলে ধরে নির্বাচিত হলে কী কী করবেন, সে বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন বদরুন খান।
সভায় বদরুন খান বলেন, ‘অভিবাসীদের অনেক সমস্যা। এসব সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অভিবাসী সমাজের অধিকার ও মর্যাদার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ তিনি বলেন, নির্বাচিত হলে অভিবাসন ইস্যুসহ মানুষের কর্মসংস্থান, ভালো স্কুল, অ্যাফোর্ডেবল হাউজিং সুবিধার নিয়ে কাজ করবেন তিনি। বাংলাদেশি কমিউনিটিসহ অভিবাসীদের ন্যায্য দাবি আদায়ে তিনি সদা সোচ্চার থাকবেন।
বদরুন খান বলেন, আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে ১ হাজার ২৫০ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে। মার্চের প্রথম সপ্তাহে তা জমা দিতে হবে। ১০ হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য নিয়ে কাজ চলছে। তিনি বলেন, ‘শুধু বাংলাদেশি নয়, সব দেশের ভোটারদের কাছে যাচ্ছি। আমার নির্বাচনী এলাকার ভোটারদের একটি বড় অংশ দক্ষিণ এশীয়। এই স্বাক্ষর সংগ্রহসহ নির্বাচনী বিভিন্ন কাজে সবার সহযোগিতা প্রয়োজন।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট রিয়েলটর মইনুল ইসলাম, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার সভাপতি ফজলুর রহমান, বদরুন খান মিতার স্বামীসহ তাঁর শুভানুধ্যায়ীরা।
উল্লেখ্য, আসন্ন মার্কিন কংগ্রেস নির্বাচনে ডেমোক্রেটিক প্রাইমারিতে লড়ছেন বদরুন খান। প্রাইমারিতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের সঙ্গে।