নির্বাচনের আগে রিপাবলিকানদের সম্মেলন নিয়ে জল্পনা-কল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। ১৮ জুলাই থেকে ওহাইও অঙ্গরাজ্যের ক্লিবল্যান্ডে রিপাবলিকান দলের এ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলীয় বাছাইপর্বে উতরে যাওয়া প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দিকে এখন দৃষ্টি সব মহলের। জাতীয়ভাবে প্রভাবশালী রিপাবলিকান নেতারা এখনো ট্রাম্পের সমর্থনে প্রকাশ্য হননি। সম্মেলন মঞ্চে উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন দলের বহু চেনা মুখ। ভেতরে-ভেতরে বহু ধারায় বিভক্ত রিপাবলিকান দলের সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কী নাটকীয়তা হয়, তা দেখার অধীর অপেক্ষায় আমেরিকার মতো সারা বিশ্ব।

সম্মেলনে কারা বক্তব্য দেবেন, কার পরে কে মঞ্চে আসবেন, তা নিয়ে কনভেনশন কমিটির শেষ প্রস্তুতি চলছে। ডোনাল্ড ট্রাম্প এর মধ্যেই জানিয়ে দিয়েছেন, তাঁর পরিবারের সবাই সম্মেলনে বক্তব্য দেবেন। পরিবারের সদস্যদের মধ্যে স্ত্রী মেলেনিয়া ট্রাম্প, সন্তানদের মধ্যে ইভাঙ্কা, এরিক ও টিফেনি। তবে তাঁর ছোট ছেলে ব্যারন সম্মেলনে বক্তব্য দিচ্ছেন না। বাছাইপর্বে প্রতিদ্বন্দ্বিতায় নিকটবর্তী প্রার্থী টেড ক্রজ এখনো আনুষ্ঠানিকভাবে সমর্থন না করলেও সম্মেলনে উপস্থিত থাকবেন বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। এবিসি নিউজ জানিয়েছে, স্পিকার পল রায়ান সম্মেলনে প্রায় ১০ মিনিট বক্তব্য দেবেন। এ পর্যন্ত বক্তার তালিকায় উইসকন্সিনের গভর্নর স্কট ওয়াকার, আইওয়া সিনেটর জনই আরনেস্ট বক্তব্য দেবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

রিপাবলিকান দলের সম্মেলনে বক্তব্য দেবেন না, এমনকি উপস্থিত থাকবেন না রক্ষণশীলদের বহু পরিচিত তারকা। রিপাবলিকান দলের জীবিত দুই সাবেক প্রেসিডেন্ট সিনিয়র ও জুনিয়র বুশ সম্মেলনে উপস্থিত থাকবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন। সাবেক দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাককেইন ও মিট রমনিও রিপাবলিকান দলের সম্মেলনে উপস্থিত থাকবেন না।

মনোনয়ন নিশ্চিত করার জন্য বাছাইপর্বে ডোনাল্ড ট্রাম্পের প্রয়োজন ছিল ১ হাজার ২৩৭ ডেলিগেট। বাছাইপর্ব শেষ হওয়ার আগেই ট্রাম্পের সংগ্রহ ছিল ১ হাজার ৫৪৩ ডেলিগেট। সম্মেলনে প্রথম ব্যালটেই ট্রাম্পের মনোনয়ন নিশ্চিত হবে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত নয় রিপাবলিকান দল। প্রথম দফা ডেলিগেটের গোপন ভোটে মনোনয়ন নিশ্চিত না হলে দ্বিতীয় ব্যালটের সময় অনেক কিছুই পাল্টে যেতে পারে। বিভিন্ন রাজ্যের ডেলিগেটরা প্রথম ব্যালটের পর বাছাইপর্বের দলের সদস্যদের দেওয়া প্রার্থীকে ভোট দেওয়ার আর বাধ্যবাধকতা আর থাকে না। যদিও এ মুহূর্তে রিপাবলিকান দলের পক্ষে ডোনাল্ড ট্রাম্পের বিকল্প কোনো প্রার্থিতার প্রকাশ্য ঘোষণা নেই; তারপরও কোনো নজিরবিহীন নাটকীয়তা হয় কি না, এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

প্রথা অনুযায়ী, মনোনয়ন নিশ্চিত এমন প্রার্থী সম্মেলনের শেষ পর্যায়ে বক্তব্য দেন। সম্মেলনেই প্রেসিডেন্ট প্রার্থী তাঁর নির্বাচনী লড়াইয়ে সহযাত্রী ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করেন। এখন পর্যন্ত রিপাবলিকান দলের আলোচিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট পদে কাকে নিচ্ছেন, তার কোনো আভাস পাওয়া যায়নি। রিপাবলিকান দলের চেনা রাজনীতি ভবিষ্যতে কতটা বদলাবে, তা জানা যাবে এবারের ক্লিবল্যান্ড সম্মেলনে। ডোনাল্ড ট্রাম্পও নানা অসন্তোষ মোকাবিলা করে সম্মেলন থেকে কীভাবে উতরে আসবেন, তাও দেখার বিষয়।