যুক্তরাষ্ট্রের নির্বাচন ২০১৬: আর বাকি ১০ দিন
নির্বাচনের দিন সহিংসতার আশঙ্কায় স্কুল বন্ধ থাকবে
>মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রতিদিনই ঘটছে নানা ঘটনা। সেগুলো মধ্য থেকে যুক্তরাষ্ট্র থেকে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি হাসান ফেরদৌসের পাঠানো টুকরো খবর
ট্রাম্প বলেছেন, নির্বাচনের ফলাফল তাঁর বিপক্ষে গেলে তিনি পরাজয় স্বীকার না-ও করতে পারেন। তাঁর সমর্থকেরা বলেছেন, ট্রাম্প পরাজিত হলে রক্তারক্তি হবে। ঘনিষ্ঠ উপদেষ্টা রজার স্টোন বলেছেন, ট্রাম্প পরাস্ত হলে দেশে বিপ্লব শুরু হয়ে যাবে। এসব গরম কথায় উদ্বিগ্ন হয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে স্কুল কর্তৃপক্ষ ৮ নভেম্বর ভোটের দিন স্কুল বন্ধ রাখার কথা ভাবছে। অনেক অঙ্গরাজ্যেই স্কুল ভবনে ভোট গ্রহণের রেওয়াজ আছে, তবে সে জন্য সাধারণত স্কুল বন্ধ রাখা হয় না। কিন্তু এখন কোনো কোনো স্কুল কর্তৃপক্ষ ভয় পাচ্ছে ভোটের দিন ঝামেলা হতে পারে ভেবে। সে কারণে ওহাইও, ইলিনয়, মেইন, নিউজার্সি, পেনসিলভানিয়া ও নর্থ ক্যারোলাইনার স্কুল কর্তৃপক্ষ সেদিন ছাত্রদের আগাম ছুটি দিয়ে দিয়েছে।
একজন স্কুল কর্মকর্তা ইউএস টুডে পত্রিকাকে বলেছেন, ‘যে সংখ্যায় লোক ভোট দিতে আসবে বলা হচ্ছে, তাতে আমরা ভীত। ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি।’