নির্বাহী আদেশ বাঁচাতে আবার আদালতে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত করে আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন। মেরিল্যান্ড অঙ্গরাজ্যের গ্রিনবেল্ট শহরের ডিস্ট্রিক্ট আদালতে গত শুক্রবার আপিলটি করা হয়। মামলাটি এখন ভার্জিনিয়ার রিচমন্ডের একটি ফেডারেল আদালতে যাবে।
মুসলিমপ্রধান ছয় দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে দ্বিতীয় দফায় নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। গত বুধবার রাতে ওই আদেশ বলবৎ হওয়ার আগে আগে হাওয়াই ও মেরিল্যান্ডের দুটি আদালত তা স্থগিত করেন। এর বিরুদ্ধেই আপিল করল ট্রাম্প প্রশাসন।
গত ২৭ জানুয়ারি ইরাক, ইরান, সিরিয়া, ইয়েমেন, সুদান, লিবিয়া ও সোমালিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে প্রথম নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। আদালত তা স্থগিত করে দিলে ৬ মার্চ দ্বিতীয় দফায় প্রায় একই রকম নির্বাহী আদেশ জারি করেন তিনি। এ দফায় ওই তালিকা থেকে বাদ দেওয়া হয় ইরাককে।