নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে শাহেনশা বেগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে চিকিৎসাধীন শাহেনশা বেগম
হাসপাতালে চিকিৎসাধীন শাহেনশা বেগম

শহীদ শহীদুল্লা কায়সার ও জহির রায়হানের ছোট বোন আন্তর্জাতিক শ্রমজীবীদের আন্দোলনের সক্রিয় অ্যাকটিভিস্ট শাহেনশা বেগম (৭০) সাবলেট বাসায় চুরি ও নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত বুধবার (৯ আগস্ট) ৯১১-এ কল করলে পুলিশ শাহেনশা বেগমকে নিউইয়র্কের কুইন্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি পর্যবেক্ষণ বিভাগে তাঁকে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১০ আগস্ট) তাঁর হাসপাতাল থেকে বাসায় ফেরার কথা ছিল। কিন্তু চিকিৎসকেরা তাঁকে ম্যানহাটনের সুপ্রসিদ্ধ ভেলভিউ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন।

ঘটনার পর হাসপাতালে শাহেনশা বেগমকে ভীষণ ক্লান্ত ও ভীত-সন্ত্রস্ত দেখাচ্ছিল। তিনি বারবার বলেছিলেন, ‘কোনো দিনই আমার হার্টে সমস্যা ছিল না। কিন্তু এখন বুকে ও পিঠে ব্যথা অনুভব করছি।’ তিনি নিউইয়র্কের জ্যামাইকা হিলসাইড এলাকার একটি অ্যাপার্টমেন্টের সাবলেট হিসেবে থাকতেন। 

শাহেনশা বেগম বলেন, কিছুদিন ধরে তিনি বুঝতে পারছিলেন, তাঁর দামি জুতাসহ কিছু মূল্যবান জিনিস এবং টাকা-পয়সা প্রায়ই খোয়া যাচ্ছে। তিনি বিষয়টি কাউকেই জানাননি। সর্বশেষ তিনি ২০ ভরি ওজনের সলিড স্বর্ণের চারটি বালা, ডায়মন্ডের দুটি আংটি এবং নগদ অর্থ পাচ্ছিলেন না। এ চুরির জন্য তিনি মূল ভাড়াটের স্ত্রীকে সন্দেহ করেন। তাঁর বাসায় কোথায় কী আছে তা ওই মহিলার জানা ছিল। সাবলেট বাসার একটি চাবি মূল ভাড়াটে কাছে থাকায় তিনি ৫ আগস্ট শনিবার তাঁকে ডেকে চুরির বিষয়টি জানান এবং অলংকার ও অন্যান্য সামগ্রী ফেরত দেওয়ার অনুরোধ করেন।

শাহেনশা বেগম বলেন, ওই দিন (শনিবার) রাত একটার দিকে মূল ভাড়াটে ও তাঁর স্ত্রী তাঁর কক্ষে এসে তাঁদের কেন চোর বানানো হচ্ছে এ অভিযোগ করে চিৎকার করতে থাকেন। তাঁরা তাঁকে অকথ্য ভাষায় গাল-মন্দ করে ওই মুহূর্তে বাসা ছাড়ার জন্য বলেন। এতে তিনি বিস্মিত ও ভীত হয়ে পড়েন।

শাহেনশা বেগম বলেন, মঙ্গলবার তিনি থানায় ডায়েরি করতে যান। কিন্তু ডায়েরি না নিয়ে তাঁকে ৯১১ নম্বরে কল করার পরামর্শ দেওয়া হয় থানা থেকে। তিনি বলেন, নুরে আলমের আশ্বাসের ওপর তাঁর আস্থা ছিল বলে তিনি ৯১১ নম্বরে কল না করে নিজের কক্ষে তালা লাগানোর সিদ্ধান্ত নেন।

শাহেনশা বলেন, বুধবার সকাল সাড়ে আটটার দিকে নুরে আলম ও লিজা তার কক্ষে করাঘাত করে। ভয়ে দরজা পুরোপুরি না খুলে ফাঁক করে কথা বলতে থাকেন। গালাগালি করতে করতে তারা বলেন, এটা কি তোমার বাসা? তুমি কোন অধিকারে কক্ষে তালা লাগিয়েছ?

শাহেনশা বলেন, ‘কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা দরজায় জোরে ধাক্কা দিলে আমার পিঠ কক্ষের দেয়ালে লাগে এবং এতে আমি মারাত্মকভাবে আহত হই।  আমি ব্যথায় আক্রান্ত হয়ে লবিতে গিয়ে ৯১১ কল করলে পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে আসে।’ 

উল্লেখ শাহেনশা বেগম, শ্রমীজীবী আন্তর্জাতিক সংগঠন ফ্ল্যাশিং ওয়ার্কার্স সেন্টার’এর উপদেষ্টা, চাইনিজ ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল মবিলাইজেশনস এগেনেস্ট সয়েটশপর সদস্য।