
রক্ষণশীল বিচারপতি নিল গরসাচ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের পরবর্তী বিচারপতি হিসেবে আসন গ্রহণ করতে যাচ্ছেন, তা এখন প্রায় নিশ্চিত। গতকাল বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এ প্রশ্নে চূড়ান্ত বিতর্ক শেষে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা।
তবে ভোট গ্রহণের আগে ক্ষমতাসীন রিপাবলিকান নেতৃত্বকে সিদ্ধান্ত নিতে হবে তাঁরা কমপক্ষে ৬০ সদস্যের ভোটে সুপ্রিম কোর্টে বিচারপতি মনোনয়ন নিশ্চিত করার বর্তমানে যে নিয়ম রয়েছে, তা পরিবর্তন করে সাধারণ সংখ্যাধিক্যে নিশ্চিত করার নতুন নিয়ম চালু করবেন কি না।
সিনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল জানান, বিরোধী ডেমোক্র্যাটরা যদি গরসাচের ব্যাপারে আপত্তি না বদলান, তবে তিনি সাধারণ সংখ্যাধিক্য চালুর প্রস্তাব করবেন। সিনেটে রিপাবলিকানদের রয়েছে ৫২টি ভোট। ফলে ৬০-এ পৌঁছাতে হলে তাঁদের অন্ততপক্ষে আটজন ডেমোক্র্যাট ও স্বতন্ত্র সদস্যের সমর্থন আদায় করতে হবে। ইতিমধ্যে পর্যাপ্তসংখ্যক ডেমোক্র্যাট সদস্য জানিয়েছেন, তাঁরা গরসাচের নিয়োগের বিরুদ্ধে ভোট দেবেন। মাত্র তিনজন ডেমোক্রেটিক সিনেটর, যাঁরা রিপাবলিকান-নিয়ন্ত্রিত রাজ্যে আগামী বছর পুনর্নির্বাচনের সম্মুখীন হবেন, তাঁরা গরসাচের পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন।
বর্ষীয়ান সিনেটর মিচ ম্যাককনেলের কথায়, ‘নিউক্লিয়ার অপশন’ নামে পরিচিত এই পদ্ধতি অনুসরণ হবে সঠিক ও সবচেয়ে বাস্তবসম্মত পদক্ষেপ। এই নিয়ম পরিবর্তন হলে সংখ্যালঘু দল হিসেবে ডেমোক্র্যাটরা আইন পরিষদে তাঁদের অবশিষ্ট ক্ষমতাটুকুও হারাবেন। তার চেয়েও বড় কথা, এর ফলে মার্কিন সিনেটে এই দুই দলের মধ্যে পারস্পরিক সদ্ভাব ও সহযোগিতার শেষ সম্ভাবনাটুকুও অন্তর্হিত হবে। প্রতিনিধি পরিষদে দুই দলের সম্পর্ক অনেক আগে থেকেই তিক্ত ও অসহযোগিতাপূর্ণ।
সবাই যে এই সম্ভাবনায় খুশি, তা নয়। বর্ষীয়ান রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন তীব্র ভাষায় এ উদ্যোগের সমালোচনা করেছেন। যাঁরা উদ্যোগের পক্ষে, ম্যাককেইনের ভাষায়, তাঁরা নির্বোধ। তিনি মনে করেন, নির্বোধ এই সিনেটররা মার্কিন ভোটারদের প্রতারিত করছেন।
বৃহস্পতিবার সিনেটের নিয়ম পরিবর্তনের পর গরসাচের প্রশ্নে ৩০ ঘণ্টা অতিরিক্ত বিতর্কের সুযোগ রয়েছে। সে সময় অতিক্রান্ত হলে পুরো সিনেটকে ভোট গ্রহণে আহ্বান জানানো হবে। আজ শুক্রবার ওয়াশিংটনের সময় সন্ধ্যা সাতটার দিকে এই ভোট গ্রহণ শেষ হওয়ার কথা।
গরসাচ সুপ্রিম কোর্টের পরবর্তী বিচারপতির নিয়োগ পেলে সেটি হবে ট্রাম্পের জন্য প্রথম অর্থপূর্ণ বিজয়। ইতিমধ্যে ৭৫ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তিনি কোনো সংসদীয় সাফল্য পাননি; যদিও কংগ্রেসের উভয় কক্ষ এখন রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। ওবামা আমলের স্বাস্থ্যবিমা আইন বাতিল করে নতুন আইন পাসের চেষ্টায় ব্যর্থ হওয়ার পর যেকোনো একটি বিজয়ের জন্য মরিয়া ট্রাম্প আগেই ম্যাককনেলকে ‘নিউক্লিয়ার অপশন’ গ্রহণের তাগিদ দিয়েছেন।
সুপ্রিম কোর্টে এই মুহূর্তে যে আটজন বিচারপতি রয়েছেন, তাঁদের চারজন রক্ষণশীল। বাকি চারজন উদারনৈতিক বলে পরিচিত। গরসাচের নিয়োগের পর এই সর্বোচ্চ আদালতে রক্ষণশীলদের আধিপত্য প্রতিষ্ঠিত হবে। এই পদে নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা স্বেচ্ছায় অবসর গ্রহণ না করা পর্যন্ত আমৃত্যু দায়িত্ব পালন করতে পারেন। মাত্র ৪৯ বছর বয়স্ক গরসাচ সম্ভবত আরও ২০-৩০ বছর পর্যন্ত তাঁর উপস্থিতির কারণে সুপ্রিম কোর্টের ভারসাম্য রক্ষণশীলদের পক্ষে ধরে রাখতে সক্ষম হবেন।
ডেমোক্র্যাটরা গরসাচের যোগ্যতায় একমত হলেও তাঁর মনোনয়নকে অসংগত বলে দাবি করেছেন। রক্ষণশীল বিচারপতি স্কালিয়ার আকস্মিক মৃত্যু হলে এক বছরেরও আগে বিগত প্রেসিডেন্ট ওবামা মধ্যপন্থী বিচারপতি মেরিক গ্যারল্যান্ডকে এই শূন্যস্থানে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু সিনেটে তাঁদের সংখ্যাধিক্যের জোরে রিপাবলিকান নেতৃত্ব গ্যারল্যান্ডের মনোনয়নের প্রশ্ন বিবেচনা করতেই অস্বীকার করেন। সে কারণে গরসাচের নিয়োগকে ডেমোক্র্যাটরা চুরি হিসেবে বর্ণনা করেছেন।