নিলামে ট্রাম্পের শৈশবের বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুইন্সের এ বাড়িতেই শৈশব কাটিয়েছেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
কুইন্সের এ বাড়িতেই শৈশব কাটিয়েছেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

কুইন্সের জ্যামাইকা এস্টেটে ৮৫-১৫ ওয়ারহাম প্লেস। এখানেই আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শৈশবের চারটি বছর কাটিয়েছেন। ১৯৪৬ সালের ১৪ জুন জন্মের পর নিজ পরিবারের সঙ্গে এ বাড়িতেই তিনি বেড়ে ওঠেন। প্রেসিডেন্টের শৈশবের স্মৃতি বিজড়িত সেই বাড়িই এখন নিলামে উঠেছে।

কুইন্সের এ বিড়াতে অবশ্য খুব বেশি দিন ছিলেন না ট্রাম্প। তবে শৈশবের সময় বিচারে চার বছর নেহাত কম সময় নয়। শৈশবের চারটি বছর ডোনাল্ড ট্রাম্প এ ওয়ারহাম প্লেসেই বেড়ে ওঠেন। পরে নিউ হাইড পার্কের অন্য বাড়িতে স্থানান্তরিত হন

তাঁরা। ট্রাম্পের বাবা ফ্রেড সি ট্রাম্প একজন আবাসন ব্যবসায়ী ছিলেন। তিনি ১৯৪০ সালে পরিবার নিয়ে থাকার জন্য ২ হাজার বর্গফুটের পাঁচ বেডরুমের এ বাড়ি নির্মাণ করেন। সেখানে তাঁরা ১০ বছর বসবাস করেন।

যে বাড়িতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্ম ও বেড়ে ওঠা, তা-ই এখন আবার বিক্রির উঠছে বাজারে। উঠছে নিলামে। কোনো দাম নির্ধারণ করা হয়নি। নিলাম কোম্পানির প্রধান মিশা হেগানি জানিয়েছেন, ক্রেতারা যার যা ইচ্ছা দাম প্রস্তাব করবেন। যার কাছ থেকে সর্বোচ্চ দাম পাওয়া যাবে, তাঁর কাছেই মালিকানা হস্তান্তর করা হবে। আগ্রহী ক্রেতারা এ জন্য অফেরতযোগ্য ১০০ ডলারের চেকসহ প্রস্তাব জমা দিতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট listingnut.com-এ। আগ্রহীদের প্রাথমিক ফি-এর বিনিময়ে দেওয়া হবে বাড়ির সার্ভে রিপোর্ট ও প্রেসিডেন্টের ছবিসহ নিবন্ধনপত্র।

একই এলাকায় সমমানের বাড়িগুলোর বর্তমান বাজারমূল্য গড়ে ৯ লাখ ৮০ হাজার ডলার। ২০০৮ সালে মাইকেল ডেভ নামের এক বিনিয়োগকারী বাড়িটি কিনেছিলেন। ২০১৬ সালে যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন ডেভ ১৪ লাখ ডলারে বাড়িটি আরেক বিনিয়োগকারী ডেভিসের কাছে বিক্রি করেন। ডেভিসের কাছে বাড়িটি বেশি দিন ছিল না। ক্রয়ের ৩ মাস পর ২১ লাখ ৪০ হাজার ডলারে তিনি এটি বিক্রি করে দেন। নতুন মালিকেরা ২০১৭ সাল থেকে বাড়িটি এয়ারবিএনবির আওতায় ছেড়ে দেন। এত দিন তাঁরা এখান থেকে ভাড়া তুলতেন। এর প্রতি দিনের ভাড়া ৭২৫ ডলার।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িটির বর্তমান অবস্থা শোচনীয়। এ কারণে বাড়িটি সব সময় ভাড়া হয় না। তা ছাড়া রয়েছে কিছু বিল্ডিং ভায়োলেশনও। তাই নতুন মালিককে এ সবই ঠিক করতে হবে। এ জন্য বিক্রেতার পক্ষ থেকে নতুন ক্রেতাকে ১০ হাজার ডলার দেওয়া হবে। তবে ভায়োলেশন সংশোধন করতে কত টাকা লাগবে, সে সম্পর্কে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প আট বছর বয়সেই মিলিয়নিয়ার হয়েছিলেন। তাঁর বাবা-মা তাঁদের সম্পদ থেকে পাঁচ সন্তানের প্রত্যেককে এক মিলিয়ন ডলার করে দেন। মৃত্যুর আগে তাঁর বাবা প্রত্যেককে আরও ৩৫ মিলিয়ন ডলার করে সন্তানদের দিয়ে যান।