যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করে মার্কিন কংগ্রেসে ওঠা বিলটি সিনেটেও খুব সহজে পাস হয়ে গেছে। এবার তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন বা ভেটোর অপেক্ষায় রয়েছে। যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞার জবাবে এরই মধ্যে পাল্টা ব্যবস্থা নিয়েছে রাশিয়াও।
২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া ছিনিয়ে নেওয়া এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিলটি মার্কিন সিনেটে স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে ৯৮-২ ভোটে পাস হয়। এর আগে গত মঙ্গলবার বিলটি ৪১৯-৩ ভোটে প্রতিনিধি পরিষদে পাস হয়। রাশিয়ার প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘দুর্বলতার’ কথা বিবেচনায় রেখে প্রস্তাবিত খসড়ায় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে তাঁর ক্ষমতা হ্রাসেরও প্রস্তাব করা হয়েছে।
গত ডিসেম্বর মাসে তৎকালীন মার্কিনপ্রেসিডেন্ট ওবামা রাশিয়ার ৩৫ জন কূটনীতিককে বহিষ্কার করেন এবং যুক্তরাষ্ট্রে সে দেশের ব্যবহার করা দুটি স্থাপনা বন্ধ করে দেন। ওই সময় পাল্টা পদক্ষেপ নিতে গিয়েও বিরত থাকেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তখন তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের গতিবিধি দেখে তাঁর দেশ পদক্ষেপ নেবে।
বৃহস্পতিবার সিনেটে বিলটি পাস হওয়ার পরপরই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াশিংটনে ‘রাশিয়াবিরোধী হিস্টিরিয়া’ চলছে মন্তব্য করে রাশিয়া ‘এ ধরনের ঔদ্ধত্যকে অসীম সময় পর্যন্ত সহ্য করবে না’ বলে হুঁশিয়ারি দেন।
এরপরই গতকাল শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের জবাবে তারাও পাল্টা ব্যবস্থা নিচ্ছে। এরই মধ্যে রাশিয়ায় মার্কিন কূটনীতিক ও দূতাবাসের কর্মীর সংখ্যা ৪৫৫ জনে কমিয়ে আনতে ওয়াশিংটনকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ ছাড়া রাশিয়ায় মার্কিন কূটনীতিকদের ব্যবহার করা দুটি স্থাপনাও বন্ধ করে দেওয়া হচ্ছে। মস্কোর একটি গ্রীষ্মকালীন বাড়ি এই দুই স্থাপনার একটি। অপরটি একটি সংরক্ষণাগার। আগামী ১ আগস্ট থেকেই এই দুই স্থাপনা যুক্তরাষ্ট্রের হাতছাড়া হবে বলেও জানানো হয়েছে।
উদ্ভূত এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাশিয়ায় মার্কিন রাষ্ট্রদূত জন টেফ ‘তীব্র প্রতিবাদ ও হতাশা ব্যক্ত করেছেন’ বলে জানিয়েছেন দূতাবাসের এক মুখপাত্র। তিনি আরও বলেন, পর্যালোচনার জন্য রাশিয়ার নির্দেশনাটি ওয়াশিংটনে পাঠানো হয়েছে। তবে দূতাবাসটিতে বর্তমানে কত সংখ্যক কূটনীতিক ও কর্মী রয়েছেন, তার সঠিক সংখ্যা জানাতে অপারগতা জানিয়েছেন ওই মুখপাত্র।