নিষ্ঠা আর সততায় সফল ব্যবসায়ী সিপার

শতভাগ নিষ্ঠা, সততা ও একাগ্রতা যেকোনো ব্যবসার মূল পুঁজি। এসব পুঁজি থাকলে যেকোনো ব্যবসা ও ব্যবসায়ীই সফল হবেন। নিজের ব্যবসার সাফল্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এভাবেই মন্তব্য করলেন বাংলাদেশের সিলেটের সফল ট্রাভেল এজেন্সি ‘সিপার এয়ার সার্ভিস’-এর মালিক খন্দকার সিপার আহমদ।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান সভাপতি খন্দকার সিপার আহমদ একাধারে রয়্যাল ক্রাউন ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড, হোটেল অ্যান্ড গেস্টহাউস ওনার্স গ্রুপের চেয়ারম্যান এবং সানি হিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সহসভাপতি হিসেব সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি এয়ারলাইনস ক্লাব অব সিলেট, লায়ন্স ক্লাব অব সিলেট ও ক্যাটারারস গ্রুপ অব সিলেট হলি সিটির প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি সিলেট প্রেসক্লাব ও ঢাকার গুলশান সোসাইটির সদস্য।
বাংলাদেশে উড়োজাহাজযাত্রীদের সার্বিক সেবায় দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন সিপার এয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা সিপার আহমদ প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে বলেন, পেশাগত জীবনের শুরুতে তিনি অধুনালুপ্ত কুশিয়ারা ওভারসিজ নামক একটি প্রতিষ্ঠানে দুবছর চাকরি করেন। সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ১৯৯০ সালে নিজেই ব্যবসা শুরু করেন। একই ব্যবসায় অভিজ্ঞ বন্ধু খসরুজ্জামান তাঁকে উৎসাহ জোগান।
সিপার বলেন, ‘সামান্য মূলধন নিয়ে আমি ব্যবসা শুরু করি। তবে আমার বড় মূলধন ছিল আমার অভিজ্ঞতা, সততা, কথায় ও কাজে এক থাকার মানসিকতা। এগুলো এখনো আমার মূলশক্তি।’
সিলেট চেম্বারের এই নেতা বলেন, ২০১৭ সালে দেশি-বিদেশি যাত্রী সেবার উদ্দেশ্যে ‘সিপার যাত্রী সেবা’ নামে একটি নতুন ব্যবসা শুরু করেছে। বিদেশ থেকে আসা উড়োজাহাজের যাত্রীদের ঝামেলাহীনভাবে বিমান বন্দরের প্রয়োজনীয় কাজ শেষ করে গাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া ও বিদেশগামী যাত্রীদের গাড়ি থেকে বোর্ডিং পাস পাওয়া পর্যন্ত সব আনুষ্ঠানিকতা ‘সিপার যাত্রী সেবা’ করে থাকে।
সিপার বলেন, ‘কোনো যাত্রী ঢাকায় কিংবা সিলেটে হোটেলে বা গাড়ি চাইলে অথবা কোনো দর্শনীয় জায়গায় যেতে চাইলে আমাদের প্রতিষ্ঠান প্রয়োজনীয় সব সেবা দিয়ে থাকে। ঢাকা ও সিলেটে আমাদের নিজস্ব তিন ‘তারকা’ হোটেল রয়েছে। ঢাকার উত্তরায় বিমান বন্দরের পাশেই শীতাতপ নিয়ন্ত্রিত ও আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ঢাকা সিল্কম রেস্টহাউস এবং সিলেটে রেইনবো রেস্টহাউস দেশি-বিদেশি যাত্রীদের প্রিয় গন্তব্য হিসেবে পরিচিত। প্রতিটি কক্ষের ভাড়া তিন হাজার থেকে সাত হাজার টাকা। এসব হোটেলের গ্রাহকদের অধিকাংশই বিদেশি এয়ারলাইনসের ট্রানজিট যাত্রী।’
নিজ দেশে ব্যবসায় সফল শিপার আহমদ ২০১৭ সালে নিউইয়র্ক নগরের অ্যাস্টোরিয়ার ৩৬ অ্যাভিনিউতে একটি শাখা খোলেন। এই ব্যবসা আমেরিকায় কেন এমন প্রশ্নে তিনি বলেন, এই ব্যবসা বিশ্বব্যাপী বিদ্যমান। আপনি যেকোনো দেশে থেকেই সারা দুনিয়ার যাত্রীদের সাহায্য করতে পারেন। তিনি বলেন, সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা। উত্তর আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের সব জায়গায় সিলেটের বাসিন্দারা ছড়িয়ে আছেন। বাংলাদেশে তাঁদের টিকিট, পাসপোর্ট, জনশক্তি মন্ত্রণালয়ের অনুমতিপত্র সংগ্রহ করা সহজতর করার উদ্দেশ্যেই আমরা এখানে শাখা খুলেছি। তা ছাড়া আমেরিকায় নবাগত বাংলাদেশিরা যাতে প্রতারণা, বিভ্রান্তি ও জালিয়াতির শিকার না হয়ে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারেন, তা নিশ্চিত করাও এই শাখা খোলায় তাঁকে উদ্বুদ্ধ করেছে।
শিপার বলেন, ‘আমরা বাংলাদেশ ও আমেরিকা থেকে হজ-ওমরাসহ বিশ্বের যেকোনো দেশের টিকিটসহ অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে থাকি।’ আমেরিকার ব্যবসা সম্পর্কে প্রবাসীদের জানাতে আগামী ৮ এপ্রিল সন্ধ্যায় অ্যাস্টোরিয়ার বৈশাখী রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজনর করছেন বলেও জানালেন শিপার।
ব্যবসায় সাফল্যের মূল কারণ উল্লেখ করতে এই ব্যবসায়ী বলেন, ‘আমার ব্যবসার একটা সুনাম রয়েছে। আমরা কোনো ধরনের জালিয়াতি, মিথ্যাচারে বিশ্বাস করি না। শতভাগ নিষ্ঠা, সততা ও একাগ্রতা যেকোনো ব্যবসার মূল পুঁজি। কোনো যাত্রী আমাদের কাছ থেকে টিকিট কিনে গন্তব্যে যেতে হয়রানির মুখে পড়েননি। এসব কারণেই সিলেটে একমাত্র সিপার এয়ার সার্ভিসই বেসামরিক বিমান ও পর্যটন কর্তৃপক্ষের অনুমোদিত প্রতিষ্ঠান।’
সিপার আহমদ বলেন, এক সময় সমাজে ‘আদমব্যাপারী’ হিসেবে ট্রালেল এজেন্সি ব্যবসায়ীদের দুর্নাম ছিল। তাঁরা এই দুর্নাম দূর করেছেন। প্রমাণ করেছেন, জনশক্তি রপ্তানি আর ট্রাভেল এজেন্সি ব্যবসা এক নয়।
সফল ব্যবসায়ী লায়ন্স ক্লাব অব হলি সিটির সভাপতি হিসেবে মানবসেবায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন। তিনি একক উদ্যোগে দরিদ্র রোগীদের বিনা পয়সায় চিকিৎসার জন্য ‘ফ্রি ফ্রাইডে’ ক্লিনিক চালু করেছেন। এখানে প্রতি শুক্রবার ২০ থেকে ২৫ রোগীকে সেবা দেওয়া হয়। এ জন্য চিকিৎসক কিংবা ওষুধের জন্য কোনো পয়সা নেওয়া হয় না। চিকিৎসক মকবুল হোসেনও এ জন্য কোনো পয়সা নেন না।
প্রতি শুক্রবার শতাধিক রোগী আসেন। আগে আসলে আগে ভিত্তিতে মাত্র ২০/২৫ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়। তবে মাঝে মাঝে তাঁর প্রতিষ্ঠান আর্থিক সাহায্য করলে রোগীর সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়। তিনি বলেন, ‘আমি ব্যবসার মাধ্যমে মানবসেবা করছি। আশা করি, আমাদের কমিউনিটি মানবসেবামূলক কাজের সহযোগী হবেন।’