বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রেও ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক নিরাপদ দিবস পালনে প্রস্তুতি সভা করছে নিরাপদ সড়ক চাই (নিসচা) যুক্তরাষ্ট্র শাখা। ‘মুজিব বর্ষের শপথ, সড়ক করব নিরাপদ’—এই স্লোগান নিয়ে এবার পালিত হবে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
৬ অক্টোবর সন্ধ্যা সাতটায় নিউইয়র্কের জ্যামাইকায় একটি রেস্টুরেন্টে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন নিসচা যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক ইসমাইল হোসেন। সঞ্চালনা করেন সদস্য সাদিয়া নূর। সভার শুরুতেই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সড়ক দুর্ঘটনা রোধে প্রতিনিয়ত আন্দোলন করে যাওয়া নিসচার উদ্যোক্তা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের প্রয়াত স্ত্রী জাহানারা কাঞ্চনসহ দেশে-প্রবাসে সড়ক দুর্ঘটনায় নিহত এবং করোনায় মৃত্যু হওয়া সবার আত্মার শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনির হোসেন।
সভায় কমিউনিটির প্রবীণ ব্যক্তি ছদরুন নূরকে সর্বসম্মতিক্রমে সংগঠনের উপদেষ্টা করা হয় এবং নতুন সদস্য স্বাধীন মজুমদার, সাদিয়া নূর, শামিম আহমেদ, হিউবার্ট হালদার ও আসমা আক্তারকে স্বাগত জানানো হয়।
সভায় করোনা মহামারিতে সবার সুরক্ষার কথা ভেবে ২২ অক্টোবরের জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠান জুম কনফারেন্সের মাধ্যমে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন—উপদেষ্টামণ্ডলীর সদস্য যথাক্রমে এ বি এম ওসমান গনি, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফকরুল আলম, মুক্তিযোদ্ধা ওমর ফারুক ও নুরুল মুস্তাফা, মূলধারার রাজনীতিক ফকরুল ইসলাম, উইমেন বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অ্যাটর্নি সোমা সাইদ, সিজিআই প্রেসিডেন্ট মিজান চৌধুরী, সংগঠনের সদস্য যথাক্রমে রওশন বেগম, রনি ইসলাম, সুলতান মাহমুদ, শাহিনুর আলম, আবদুল গাফফার, সামিউল হাসান প্রমুখ।