নিহত বাঁধনের জানাজা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যের উচিটা শহরে সন্ত্রাসীদের গুলিতে নিহত এম হাসান রহমান বাঁধনের জানাজা আজ শুক্রবার জুমার নামাজের পর উচিটা ইসলামিক সেন্টার মসজিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় প্রবাসী বাঙালিসহ বিপুলসংখ্যক মুসলমান অংশ নেন। ছিলের উচিটা স্টেট ইউনিভার্সিটির দেশি-বিদেশি ছাত্রছাত্রীসহ বিপুলসংখ্যক এশিয়ান কমিউনিটির মানুষ।
শুক্রবার বেলা ১১টায় বাঁধনের লাশ মসজিদ প্রাঙ্গণে নেওয়া হলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি। সবাই বাঁধনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এদিকে উচিটা স্টেট ইউনিভার্সিটির রেডিসন স্টুডেন্ট সেন্টারে রোববার বিকেল চারটায় বাঁধনের শোকসভার আয়োজন করা হয়েছে। মিড কন্টিনেন্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন-ক্যানসাস এবং বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এ শোকসভার আয়োজন করেছে।

উচিটা শহরে গত শনিবার রাতে বাঁধনকে কে বা কারা গুলি করে হত্যা করেছে। পরদিন রোববার বেলা ১১টায় পুলিশ ৭৮০০ পেজন্ট লাইভ ওক স্ট্রিট অ্যাপার্টমেন্টের সামনে তাঁর লাশ গাড়ির ভেতর থেকে উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে গুলি করার পর গাড়ির ভেতরে ঢুকিয়ে নিয়ে ওই এলাকায় ফেলে আসে। বাঁধনের গ্রামের বাড়ি গাজীপুর চৌরাস্তা টেরিপাড়ায়।
উচ্চশিক্ষার আশায় দীর্ঘ সাত বছর আগে বাঁধন যুক্তরাষ্ট্রে আসেন। বাটলার কমিউনিটি কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাসোসিয়েট শেষ করে আগামী সেশনে ক্যানসাস ইউনিভার্সিটিতে ভর্তির চূড়ান্ত প্রক্রিয়া শেষ করেছিলেন।

বাঁধনের বন্ধুরা জানান, বাঁধন দুই মাস ধরে পিৎজা হাট ডেলিভারির কাজ করেছিলেন। প্রতিদিন রাত সাড়ে ১২টার মধ্যে ঘরে ফিরে আসতেন। কিন্তু শনিবার গভীর রাত পর্যন্ত বাঁধন ঘরে না ফেরাতে তিনি বাঁধনকে খুঁজতে রাত তিনটার দিকে বিভিন্ন হাসপাতালের ইমার্জেন্সিতে খোঁজ নেন। পরে পুলিশ নিশ্চিত করে, তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।