নিহত ব্যক্তিদের স্মরণে যুক্তরাষ্ট্রে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০১ সালের ১১ সেপ্টেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার নীরবতা পালনের মুহূর্ত। গতকাল হোয়াইট হাউসের সাউথ লনে তাঁদের সঙ্গে যোগ দেন আরও অনেকে l ছবি: রয়টার্স
২০০১ সালের ১১ সেপ্টেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার নীরবতা পালনের মুহূর্ত। গতকাল হোয়াইট হাউসের সাউথ লনে তাঁদের সঙ্গে যোগ দেন আরও অনেকে l ছবি: রয়টার্স

গির্জায়-মন্দিরে ঘণ্টা বাজিয়ে প্রার্থনা আর চোখের পানি ফেলে ভয়াবহ ৯/১১ সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরণ করছে যুক্তরাষ্ট্রবাসী। গতকাল ১১ সেপ্টেম্বর ছিল এ হামলার ১৪ বছর পূর্তি। খবর বিবিসির।
১৪ বছর আগে গতকালের এ দিনটিতে ছিনতাই করা যাত্রীবাহী বিমান নিয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনায় অতর্কিত হামলা চালানো হয়। নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলে পড়া দুই বিমানে ধ্বংস হয়ে যায় স্থাপনাটি। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে হামলা চালায় আরেকটি যাত্রীবাহী বিমান। খোদ মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের দিকে ধাবিত হওয়ার পথে পেনসিলভানিয়ার এক ফাঁকা মাঠে ভূপাতিত হয় চতুর্থ বিমান।
সন্ত্রাসী এ হামলায় প্রাণ হারান বিভিন্ন দেশের ২ হাজার ৯৭৭ জন।
হামলায় অধিকাংশ ব্যক্তির হতাহতের স্থান গ্রাউন্ড জিরোতে সমবেত মানুষের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেবেন বিশেষ যন্ত্রশিল্পী ও ড্রাম বাদক দল। বিষাদ সুরের মূর্ছনায় অনুষ্ঠানে শোকের আবহ আনবেন তাঁরা। অনুষ্ঠানে একে একে পড়ে শোনানো হবে নিহত ব্যক্তিদের নাম। সেসব নাম উচ্চারিত হবে উপস্থিত মানুষের কণ্ঠেও। ঠিক যে মুহূর্তে টুইন টাওয়ারে বিমান আছড়ে পড়েছিল, ওই সময় পিনপতন নীরবতা পালন করা হবে। প্রথম বিমানটি আঘাত হেনেছিল স্থানীয় সময় সকাল ৮টা ৪৬ মিনিটে। দ্বিতীয়টি ৯টা ৩ মিনিটে।
পেনসিলভানিয়ার সাংকসভিল এলাকায় বিমান আছড়ে পড়ার সময় সকাল ১০টা ৩ মিনিটে নীরবতা পালন করবে সেখানে আয়োজিত অনুষ্ঠানে সমবেত জনতা। এ ছাড়া পেন্টাগনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উত্তোলন করা হবে পতাকা।