অরল্যান্ডো যাচ্ছেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা
বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে সমকামীদের নাইট ক্লাবে বন্দুক হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী বৃহস্পতিবার সেখানে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

হোয়াইট হাউস জানিয়েছে, ঘটনার ধকল কাটিয়ে ভুক্তভোগী লোকজনকে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রচেষ্টার সঙ্গে একাত্মতা প্রকাশ করতে তাঁদের পাশে দাঁড়াবেন ওবামা।

ফার্স্ট সেক্রেটারি জোশ আর্নেস্ট জানিয়েছেন, নির্ধারিত নির্বাচনী প্রচারের অনুষ্ঠান বাদ দিয়ে ওবামা অরল্যান্ডো যাচ্ছেন। ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে আগামীকাল বুধবার তাঁর প্রথম কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল।

গত শনিবার মধ্যরাতে সমকামীদের নাইট ক্লাবে আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ২৯ বছর বয়সী ওমর মতিন হামলা চালান। তাঁর গুলিতে ৪৯ জন নিহত হন। পরে পুলিশের গুলিতে তিনি নিহত হন। আইএস এ হামলার দায় স্বীকার করে। 


তবে গতকাল সোমবার ওয়াশিংটনে প্রেসিডেন্ট বারাক ওবামা ওই ঘটনায় আইএসের সরাসরি সম্পৃক্ততার কোনো সুস্পষ্ট প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন। তিনি বলেন, তদন্তে ওই ঘটনাকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে গণ্য করা হচ্ছে। বন্দুকধারী ওমর মতিন হামলার শেষ মুহূর্তে আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করেন। কিন্তু এর কোনো সুস্পষ্ট প্রমাণ এখন পর্যন্ত মেলেনি যে তিনি সরাসরি আইএস দ্বারা পরিচালিত।

ওবামা বলেন, ‘এটি অবশ্যই আমাদের দেশের উগ্রপন্থার একটি উদাহরণ, যা নিয়ে অনেক দিন ধরেই আমরা উদ্বিগ্ন।’