যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে সমকামীদের এক নাইট ক্লাবে বন্দুকধারীর হামলায় নিহত ৪৯ জনের স্মরণে এ শহর ছাড়াও দেশটির বিভিন্ন স্থানে গত সোমবার রাতে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই রকম অনুষ্ঠান হয় যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্সসহ বিভিন্ন দেশে।
গত শনিবার গভীর রাতে ‘পালস’ নাইট ক্লাবে আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর মতিনের হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে মূল প্রার্থনা অনুষ্ঠানটি হয় অরল্যান্ডোতে। এখানকার প্রার্থনায় সমবেত হওয়া লোকজনের উদ্দেশে দেওয়া বক্তব্যে একজন মুসলিম ধর্মীয় নেতা বলেন, ‘ঘৃণা, হত্যা ও ধ্বংসযজ্ঞের আদর্শের’ বিরুদ্ধে মুসলিমরা তাদের পাশে রয়েছেন।
হামলাকারীর গুলিবর্ষণে ৪৯ জন নিহত হওয়া ছাড়াও আহত হন ৫৩ জন। হামলার শিকার ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে কাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট বারাক ওবামার অরল্যান্ডো সফর করার কথা রয়েছে।
সোমবার রাতের প্রার্থনা সভায় যোগ দিতে অরল্যান্ডোর কেন্দ্রস্থলে হাজির হন কয়েক হাজার মানুষ। তাঁদের অনেকের হাতে ছিল প্রজ্বলিত মোমবাতি এবং ফুল। প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন ইসলামিক সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডার ইমাম মোহাম্মদ মুসরি। সভায় তিনি বলেন, এটি সন্ত্রাসবাদী ও ঘৃণ্য কর্মকাণ্ড।
হামলার নিন্দা জানিয়ে এই ইমাম যুক্তরাষ্ট্র ও বিশ্বের সব মুসলিম নেতা এবং সম্প্রদায়ের মানুষকে সন্ত্রাস নামের মরণব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একে চিরতরে বিদায় জানানোর আহ্বান জানান।
প্রার্থনা সভাটি হয় প্রধান পারফর্মিং আর্টস ভেন্যু ‘ড. ফিলিপস সেন্টার’-এর বাইরে। নিহত ব্যক্তিদের জন্য শ্রদ্ধা জানাতে অস্থায়ীভাবে স্থানটিকে বাছাই করা হয়েছে। সোমবার রাতে নিহত ব্যক্তিদের স্মরণে কিছু সময়ের জন্য নিউইয়র্কের আকাশচুম্বী ভবন এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের আলো নিভিয়ে রাখা হয়।
প্রার্থনা সভা হয়েছে যুক্তরাজ্যের লন্ডনের সোহো এলাকায়। নিহত ৪৯ জনের স্মরণে এ সময় ৪৯টি বেলুন উড়িয়ে দেওয়া হয়। তাঁদের স্মরণে অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী স্থাপনা সিডনি হারবার ব্রিজে সমবেত হন কয়েক শ লোক। অনুষ্ঠান হয় ফ্রান্সের প্যারিসে। জার্মানির বার্লিনে মার্কিন দূতাবাসের বাইরে মোমবাতি জ্বালান ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান শতাধিক লোক।