নিয়ম মেনে চলছেন সবাই

যান্ত্রিক জীবনের গতি কমে এসেছে। এখন চলছি নিয়মের মধ্যে দিয়ে। আগের মতো ব্যস্ততা নেই, ছুটে চলা নেই। তবে নিয়মের বেড়াজালে আটকে গেছি। বাঁচতে হলে এর বিকল্প নেই। হয়তো কয়েক মাস কিংবা বছর পার হয়ে যাবে এভাবে চলতে। তবুও এই বেঁচে থাকাই সুন্দর। আমাদের এখন চাওয়া একটাই, সুস্থভাবে বেঁচে থাকা।
আমেরিকার অনেক অঙ্গরাজ্যেই এখন লকডাউন নেই। আমি থাকি নিউজার্সির টিনটন ফলসে। এখানে লকডাউন থাকুক বা না থাকুক নিয়ম মেনেই চলছে সবাই। অফিস কিংবা দোকান খোলা থাকলেও একটা নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। বলা যায়, সতর্কতা অবলম্বন করছে সবাই। যদিও এখন ভাইরাসের প্রকোপ কম, তারপরও মাস্ক, গ্লাভস বাধ্যতামূলক। অফিসে ঢোকার আগে টেম্পারেচার চেক করা এবং কেউ পরিবারে আক্রান্ত কিনা, হলে কবে হয়েছে এসব তথ্য দিতে হয়। দীর্ঘদিন অফিস বন্ধ, দোকান বন্ধ থাকার ফলে ব্যবসা-বাণিজ্য নিম্নমুখী। তাই দোকান খুলেই ৫০%, ২৫% মূল্যছাড় দিয়েছে অনেক দোকানে। মূল্যছাড় থাকার কারণে মানুষ তাদের বাজেটের মধ্যে জিনিসপত্র পেয়ে হুমড়ি খেয়ে পড়েছে কেনাকাটায়, তবে নিয়ম মেনে।
সম্প্রতি শপিংয়ে গিয়েছিলাম সি ভিউ স্কয়ার মলে। এত এত ভিড়, লম্বা লাইন, তবু সবাই ধৈর্য নিয়ে দাঁড়িয়ে ছিল। কোন তাড়া নেই। সেখানে যেসব নিয়ম মানা হচ্ছে, তা তুলে ধরছি এখানে। দোকানে একসঙ্গে এক শ বেশি কাস্টমার ঢুকতে দিচ্ছে না, একজন একজন করে ঢুকছে, গ্লাভস, মাস্ক বাধ্যতামূলক। যে শপিং কার্ট ব্যবহার করবে তা স্প্রে করে দিচ্ছে। এবং ছয় ফুট দূরত্ব রাখার জন্য সাইন ব্যবহার করেছে গ্রিন এবং রেড ক্রস চিহ্নিত। ক্যাশিয়ারের সামনে গ্লাস দেওয়া আছে শুধু জিনিসপত্র স্ক্যান করার জন্য একটু জায়গা আছে, তাও ছয় ফুট দূরত্ব বজায় রেখে। এক শ জনের মধ্যে একজন শপিং করে বের হলে অন্যজন বাইরে দোকানের ভেতরে ঢুকছে। একেবারে করায় গন্ডায় হিসাব-নিকাশ। গেটে থাকছে ৪/৫ জন।
কোনোভাবেই যেন নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে ব্যাপারে সবাই সতর্ক। শুধু যে যারা দায়িত্বে আছে তারাই সতর্ক তা নয়, কাস্টমারও প্রত্যেকে সাবধানতা অবলম্বন করছে। কোন হইচই নেই। প্রত্যেকে নিজের মতো করে শপিং করে ফিরছে। এভাবে দোকানের ভেতরে-বাইরে লম্বা লাইন। প্রখর রোদেও মানুষ নীরবে দাঁড়িয়ে আছে। সবাই যার যার সেল ফোন নিয়ে ব্যস্ত। যাদের সত্যিকার অর্থে প্রয়োজন ছিল, তারাই এসেছে। এমন নয় যে একদিন, প্রায় প্রতিদিন এমন ব্যস্ততা দেখছি। আসলে মানুষ ঘরবন্দী থেকে অস্থির হয়ে গেছে। স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে। তাই নিয়ম মেনে হলেও বাইরে যেতে চাইছে। প্রয়োজন তো আছেই, সেই সঙ্গে একঘেয়েমি থেকে মুক্তি পাওয়া বলা যায়। বাইরে আবহাওয়া চমৎকার। এমন আবহাওয়ায় মানুষ দেশ-বিদেশ ঘুরে। এখন তো তাও বন্ধ। তাই অন্যভাবেভাবে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে।
জীবন সম্পর্কে মানুষের যে ধারণা তা দিন দিন বদলে যাচ্ছে। ছেলেমেয়েরা বাইরে যাচ্ছে, আড্ডা দিচ্ছে ঠিকই, তবে দূরত্ব বজায় রাখছে। সবাই সবার খোঁজ নিচ্ছে। তবে সামাজিকতা বজায় থাকলেও শারীরিক নিয়মের দূরত্ব প্রায় সবাই বলা চলে মানছে। আসলে এত এত মানুষের মৃত্যু, অসুস্থতা যারা দেখেছে, তারা নিজ থেকেই সাবধান হয়ে গেছে। আর যাদের পরিবারে ভাইরাসের কারণে প্রিয় মানুষ হারিয়ে গেছে, তারা তো আরও বেশি সতর্ক। কারণ তারা দেখেছে জীবনের নির্মম বাস্তবতা। এমন বাস্তবতার মুখোমুখি দাঁড়াবে, কেউইও কল্পনা করেনি। ফলে তাদের নতুন করে নিয়ম দেখাতে হচ্ছে না, বরং নিজেরাই অন্যদের আরও সাবধান করে দিচ্ছে। যে হারায় সে জানে, হারানোর কী যন্ত্রণা। তাই যারা এই যন্ত্রণা ভোগ করছে তারা আর নতুন করে যন্ত্রণা নিতে চায় না। ফলে পরিবারের মানুষেরা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে কোন অবহেলা যাতে না হয়, সেদিকে খেয়াল রাখছে খুব ভালোভাবে।
তাই ভুক্তভোগী যারা তারা তো এমনিতেই সচেতন হয়েছে, তাদের দেখাদেখি অন্যরাও সচেতন। আসলে আইন করে অনেক কিছু করা যায় না। মানুষ যখন নিজ থেকে উপলব্ধি করতে পারে, তখন সে নিজেই সতর্ক হয়ে যায়। আমার এখানে এমনটাই দেখছি। চারপাশের মানুষের আচরণ দেখে তাই মনে হচ্ছে। কোথাও হাঁটতে গেলে আমাকে বলতে হচ্ছে না, একটু জায়গা দেন বা সরেন তো, কিংবা পার্কে গেল সবাই এমনভাবে দূরত্ব বজায় রাখছে যাতে অন্যের অসুবিধা না হয়। অন্যকে যাতে বিব্রত হতে না হয়। আর শপিংয়ের কথা তো বললাম। ভাইরাস আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে। যান্ত্রিক জীবনে ছুটতে ছুটতে আমরা যখন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছিলাম, পরিবারের মানুষদের সময় ছিল না একজন আরেকজনের দিকে তাকানোর, সে সময় ভাইরাস আমাদের ঘরবন্দী করে একেবারে বাস্তবতা বুঝিয়ে দিয়েছে। অনেক মানুষ যেন তার চেতনা ফিরে পেয়েছে, অনেকে তার ভুল বুঝতে পেরেছে। অনেকে দীর্ঘদিন পরিবারকে সময় দিতে পারেনি, তা বুঝতে পেরেছে। যান্ত্রিক ছুটে চলা থেকে ঘরবন্দী হয়ে মানুষ উপলব্ধি করছে তার ভুলগুলো। ফিরে গেছে তার অতীতে, আয়নায় দেখেছে নিজেকে।
এখন পরিবর্তন এসেছে অনেকের মধ্যে। তারা বুঝতে পেরেছে জীবনে ক্ষমতা বা অর্থ সবকিছু নয়। সুন্দর সুস্থভাবে বেঁচে থাকাটাই আবশ্যক।
অনেক বিত্তবৈভবের মালিকও করোনার থাবায় চলে গেছে পৃথিবী ছেড়ে। সবকিছু থেকেও কী অসহায়ভাবেই না মরতে হয়েছে। মৃত্যুর স্বাদ সবাইকে নিতে হবে, তবে স্বাভাবিক মৃত্যু আমরা কামনা করি। এভাবে একাকী, নিঃস্ব হয়ে নয়। এই বোধ এখন অধিকাংশ মানুষের মধ্যে এসেছে। তাই নিয়ম নিয়ে তাদের মাথাব্যথা নেই। যেভাবে হোক, সুন্দর-সুস্থভাবে বেঁচে থাকতে প্রস্তুত তারা।