নীতিনির্ধারণী সুদের হার বাড়াল যুক্তরাষ্ট্র
অবশেষে নীতিনির্ধারণী সুদের হার বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সর্বসম্মতিক্রমে সুদের হার শূন্য দশমিক ৫ শতাংশ থেকে শূন্য দশমিক ৭৫ শতাংশ করা হয়েছে। গত এক দশকে এই নিয়ে দুবার সুদের হার বাড়াল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত বছরের ডিসেম্বরে সুদের হার শূন্য দশমিক ২৫ শতাংশ থেকে শূন্য দশমিক ৫ শতাংশ করা হয়।
আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চলতি বছর বেশ কয়েকবার সুদের বাড়ানোর কথা জানায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এবং যাচাই-বাছাই শেষে বাড়ানো হলো সুদের হার। ২০০৮ সালের ডিসেম্বর থেকে দেশটির সুদের হার ছিল প্রায় শূন্য। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিলে সুদের হার শূন্যে নামিয়ে আনে ফেডারেল রিজার্ভ। অর্থাৎ, কোনো সুদ ছাড়াই ব্যাংকগুলো ফেডারেল রিজার্ভ থেকে অর্থ ধার করতে পারত। যে হারে ব্যাংকগুলোকে ধার দেওয়া হয়, তাকে ‘ফেডারেল ফান্ডস রেট’ বা ‘নীতিনির্ধারণী সুদহার’ বলা হয়। ৭ বছর পর সুদের হার বাড়ানোর বিষয়টি বড় ধরনের অর্থনৈতিক ইস্যু হিসেবে দেখা দেয়।
ফেডপ্রধান জ্যানেট ইয়েলেন এক সংবাদ সম্মেলনে বলেন, অর্থনীতির জন্য স্বল্পমেয়াদে ধীরে ধীরে সুদের হার বাড়ানো প্রয়োজন এবং এবার একটি পরিমিত হারে বাড়ানো হয়েছে।
তবে আগামী বছর আবার নীতিনির্ধারণী সুদের হার বাড়ানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন জ্যানেট। ‘ফেডারেল ফান্ডস রেট’ আগামী বছর ১ দশমিক ৪ শতাংশ, ২০১৮ সালে ২ দশমিক ১ শতাংশ এবং ২০১৯ সাল নাগাদ ২ দশমিক ৯ শতাংশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
জ্যানেট ইয়েলেন বলেন, ট্রাম্পের অর্থনৈতিক কৌশল কী হতে পারে, তা বিস্তারিত না জেনে কিছু বলা ঠিক হবে না। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট এরই মধ্যে জানিয়েছেন, কর কমানো, ব্যয় বাড়ানো এবং নিয়ন্ত্রণ কমিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা হবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মূল্যস্ফীতি কম হওয়ায় ও কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ায় অর্থনীতিবিদেরা সুদ হার বাড়ানোর প্রতি সমর্থন দিয়েছেন।
রিজার্ভ ব্যাংকের মতে, সুদের হার বাড়ানো নির্ভর করে মূল্যস্ফীতির ওপর। ব্যাংকটি পরবর্তী কয়েক বছরের জন্য মূল্যস্ফীতির ২ শতাংশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। যদিও এখনো যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ২ শতাংশের নিচে রয়েছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার আগামী তিন বছর ২ দশমিক ১ শতাংশ থাকবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া এ সময়ে বেকারত্বের হার কমবে এবং আগামী বছর মূল্যস্ফীতি ১ দশমিক ৯ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে ব্যাংকটি।