
যুক্তরাষ্ট্রের উপকূলবর্তী শহর লস অ্যাঞ্জেলেসের প্রাণকেন্দ্র ইকো লেক পার্ক। গত সপ্তাহান্তে লেকের গোলাপি ও সাদা পদ্ম ফুল ঘিরে অনুষ্ঠিত হলো ৩৭তম লোটাস ফেস্টিভ্যাল। লস অ্যাঞ্জেলেস নগরের রিক্রিয়েশন অ্যান্ড পার্ক ডিপার্টমেন্টের আয়োজনে এবারের স্বাগতিক দেশ ছিল বাংলাদেশ।
পুনরুত্থান, বিশুদ্ধতা ও জীবনের প্রতীক হিসেবে এশীয়দের আরাধ্য পদ্ম ফুলকে সামনে রেখে আমেরিকার বৃহত্তম লোটাস বেড ইকো পার্ক লেকের তীরজুড়ে ৪৫ বছর ধরে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের জনগণ ও সংস্কৃতির প্রসারে গ্রীষ্মকালীন এই মেলার আয়োজন করে আসছে লস অ্যাঞ্জেলেস নগর কর্তৃপক্ষ।
মেলার উদ্বোধন করেন লস অ্যাঞ্জেলেস কাউন্টি বোর্ড অব সুপারভাইজার আমেরিকার সাবেক লেবার সেক্রেটারি ও কংগ্রেস ওমেন হিলডা লুসিয়া সলিস। বাংলাদেশের সম্ভাবনা ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে বক্তব্য দেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা। ১৩ বছর পর আবার স্বাগতিক দেশ হিসেবে এই বহু সংস্কৃতির মিলনমেলায় বাংলাদেশকে উপস্থাপন করার সুযোগ পেয়ে তিনি লস অ্যাঞ্জেলেসের মেয়র ও রিক্রিয়েশন অ্যান্ড পার্ক ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের পর্যটন সম্পর্কে লস অ্যাঞ্জেলেসবাসীকে অবহিত করেন।
দুই দিনব্যাপী এই মেলায় বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়নে। প্রচুর জনসমাগমে মুখরিত ছিল দেশের এই প্যাভিলিয়ন। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে পালকি, রিকশা, ঢেঁকি, জাতীয় ফুল, পাখি, জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, বায়োস্কোপসহ নানা রকম দেশীয় ঐতিহ্যের প্রতীক ও হস্ত ও কুটিরশিল্পের নানা রকম সামগ্রী দিয়ে সাজানো হয়েছিল কনস্যুলেটের প্যাভিলিয়ন। দেশি পণ্য ও রিয়েল এস্টেট প্রসারে ছিল স্টল। লস অ্যাঞ্জেলেসের মেয়র এরিক গার্সিটি তাঁর মেয়েকে নিয়ে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখেন এবং ঐতিহ্যবাহী রিকশায় চেপে ছবি তোলেন।
বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেসের (বাফলা) আয়োজনে নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ স্থানীয় শিল্পীদের সহযোগিতায় উদ্বোধনী দিনে দেড় ঘণ্টার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানের শুরু হয় প্রথমে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত দিয়ে। উৎসবে বাংলার বসন্ত ঋতু, জন্মভূমি ও ব্রজ গোপীসহ বাংলার ঐতিহ্যবাহী নাচ ‘বাবু সেলাম বারে বার’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে দুই নৃত্যশিল্পী প্রচুর দেশি-বিদেশিকে মোহিত করেন। সংক্ষিপ্ত মাইম স্কিট পরিবেশন করেন বাংলাদেশের মাইম অ্যাম্বাসেডর কাজী মশহুরুল হুদা। সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বক্তব্য দেন বাফলার চেয়ারম্যান ডা. আবুল হাশেম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নতুন প্রজন্মের নাতাশা আহসান।
সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে মেয়রের পক্ষ থেকে সম্মাননা ও সনদ গ্রহণ করেন কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা, মমিনুল হক বাচ্চু, ডা. এম এ সাত্তার, ডা. নাসিমা বেগম, তপন দেবনাথ, ফিরোজ ফখরী, ডা. আবুল হাশেম, রিফাত রহমান, নিনা শারমিন এবং নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ। সাংবাদিকতা ও গণমাধ্যমে অবদানের জন্য একুশ নিউজ মিডিয়ার জাহান হাসানকে লস অ্যাঞ্জেলেসের মেয়র অফিস থেকে সম্মাননা ও সনদ দেওয়া হয়।
লোটাস ফেস্টিভ্যাল কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন মো. আহসান বাচ্চু। মেলা সফল করে তুলতে সহযোগিতা করায় তিনি বাংলাদেশি কমিউনিটিকে ধন্যবাদ জানান।
হিলটন-টিপু-জাবীন গ্রুপের বৈশাখী মেলার বিভিন্ন উপকরণ ছিল বাংলাদেশ প্যাভিলিয়নের অন্যতম আকর্ষণ। এই প্রথম আপন বাজার নামে দেশীয় খাবারের দোকানে ভোজনরসিকদের ভিড় লক্ষ করা গেছে। ইকো পার্ক লেকে ড্রাগন নৌকাবাইচ, কারিগরি কর্মশালা, কমিউনিটি সার্ভিস বুথ, শিশুদের খেলার এলাকা, খাদ্য, জাপানি চা ঘর, আর্ট ও ক্র্যাফটসহ সাংস্কৃতিক অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন দেশের ঐতিহ্যগত সাংস্কৃতিক পরিবেশনা ও মার্শাল আর্টের প্রদর্শনী ছিল মেলার আকর্ষণ। বিজ্ঞপ্তি