নীরবে

দিনটি খুব সুন্দর।
আকাশ একেবারে পরিষ্কার। কোথাও মেঘের একটি টুকরোও চোখে পড়ছে না। মনে হচ্ছে মেঘগুলো একত্রিত হয়ে ধর্মঘট ডেকেছে।
নিউইয়র্কে এমন দিন পাওয়া বেশ ভাগ্যের ব্যাপার। সামারে এমন দিনের জন্য লোকজন অপেক্ষায় থাকে। উইন্টারে এ রকম দিন কল্পনাও করা যায় না। বিশ্রী রকমের শীত তারপর প্রায় প্রতি সপ্তাহে বৃষ্টি । ইনডোর ছাড়া আউটডোর প্রোগ্রাম হাতে গোনা জরুরি ভিত্তিতে হয়ে থাকে।
আজ জুন মাসের শেষ সপ্তাহ চলছে। করোনাভাইরাস সংক্রমণের ভয় যদি না থাকত, স্কুল ছুটিতে অভিভাবকেরা সন্তানদের নিয়ে কোথাও না কোথাও বেড়াতে যেত।
জুন মাসের দিনগুলো অনেক বড়, শেষ হতে চায় না। এ এক বৈষম্য বৈকি, দিন পায় ১৬ ঘণ্টা আর রাত পায় ৮ ঘণ্টা! শীতকালে এর উল্টো হয়।
জুলকার ম্যানহাটনের এক করপোরেট অফিসে জব করে। প্রতিদিন লং আইল্যান্ড থেকে যাতায়াত করে। দূরত্ব প্রায় ২৫ মাইল। অফিসে যাতায়াতে ট্রেনই ছিল তার একমাত্র বাহন। বৈশ্বিক মহামারির কারণে এখন নিজেই গাড়ি চালিয়ে অফিস করে। নিউইয়র্কে মার্চ থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত করোনাভাইরাস আতঙ্কে জুলকার ভয়ে ট্রেনের কথা মনেই আনেনি। কিছুদিন ধরে নিউইয়র্কের করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। করোনা পরিস্থিতির কারণে জুলকারের অফিসের সিটিং ডিজাইনে চেঞ্জ এসেছে। সহকর্মী হতে সহকর্মীর দূরত্ব ৬ ফুট দাঁড়িয়েছে। ৮টা-৪টা অফিস।
একঘেয়েমি জীবন তারপর করোনা পরিস্থিতি আরও পাল্টে দিয়েছে।
চাকরির বয়স ৪ বছর হতে চলল। জুলকারের কাছে ৪ বছরকে মনে হচ্ছে ৪০ বছর।
অফিস শেষে বাইরে এসে সুন্দর দিনের ছবি দেখে মনটা ভালো হয়ে গেল। তাড়াতাড়ি গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গাড়ি চালাতে চালাতে জুলকার ভাবল, বিকেল বাসায় না গিয়ে আজ সেন্ট্রাল পার্কে যাই। যেই কথা সেই কাজ। গাড়ি ঘুরিয়ে সেন্ট্রাল পার্কের পূর্বদিকে গাড়ি পার্ক করে হেঁটেই সেন্ট্রাল পার্কের ভেতরে রওনা দিল। ঝিরঝির বাতাস রোদের প্রখরতাকে কমিয়ে মায়াবী শীতল পরিবেশ তৈরি করেছে। আইসক্রিমের গাড়ি দেখে জুলকারের জিহ্বায় পানি এসে গেল। অগ্রসর হতেই দেখে, ছোট দুটি বাচ্চাকে তার বাবা আইসক্রিম কিনে দিচ্ছে। কাছাকাছি যেতেই সবাই জুলকারের দিকে কেমন করে যেন তাকাচ্ছে। জুলকার খেয়াল করল, মুখে মাস্ক নেই। সেন্ট্রাল পার্কের মোহনীয় আবহাওয়ায় মাস্ক লাগানোর কথা ভুলেই গেছে। জুলকার তাড়াতাড়ি গাড়ি থেকে একটি মাস্ক নিয়ে আবার আইসক্রিমের গাড়ি থেকে আইসক্রিম কিনে আরেক সমস্যায় পড়ল।
হাঁটতে হাঁটতে মাস্ক সরিয়ে খাওয়া যাচ্ছিল না। অগত্যা একটা খালি বেঞ্চে বসে পড়ল।
আইসক্রিমে আলতো করে মুখ লাগিয়ে ভাবছে, কোথায় ছিলাম আর কোথায় এলাম। যখন এখানে বাবা-মায়ের সঙ্গে আসি তখন ক্লাস ফোরের ছাত্র ছিলাম। একদিনও ষৈ ক্লাস মিস করেনি। মনে আছে ঈদের নামাজ পড়ে স্কুলে গিয়েছিলাম। এখন দিন পাল্টে গেছে। এখন স্কুল ঈদে বন্ধ থাকে। টিচাররা জুলকার ব্যাপারে খুবই পজিটিভ ছিল।
জুলকার মনে পড়ে, ক্লাস ফাইভে ভালো রেজাল্টের জন্য প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের কথা। তখন বুশ প্রেসিডেন্ট। যখন আমার হাতে অ্যাওয়ার্ড পাই তখন অতটা বুঝতে পারিনি। বাসায় যখন তার আব্বু-আম্মুকে বুশের স্বাক্ষরিত সার্টিফিকেট দেখায, তখন তারা যে কি খুশি! তখন জুলকার বুঝতে পারল, সে অনেক ভালো কিছু করেছে। ক্লাসে কখনো ফার্স্ট সেকেন্ড ডিক্লেয়ার্ড করত না। তাই বুঝতে পারেনি কে ফার্স্ট, কে সেকেন্ড!
বুশের স্বাক্ষরিত সার্টিফিকেট একমাত্র আমাকে দেওয়ায় আন্দাজ করলাম, আমিই মনে হয় ফার্স্ট বয়। এভাবে পর্যায়ক্রমে বিশেষায়িত স্কুল হয়ে কলেজে, কলেজ থেকে ইউনিভার্সিটিতে।
জুলকার ভেবেই চলে, আব্বু–আম্মু কখনো আমাকে কী পড়ব, কী নিয়ে সামনে এগোব, এসব নিয়ে আলোচনা করতেন না। শুধু বলতেন, তোর যেটা নিয়ে পড়লে ভালো লাগবে, সেটা নিয়ে পড়। শুধু ভালো থাক আর সুস্থ থাক। সেই ছোট থাকতেই বাবা তাকে কম্পিউটার কিনে দিয়েছিল। ক্লাস ওয়ান থেকেই কম্পিউটারের সঙ্গে সখ্য। পারিপার্শ্বিকতা মনে তেমন নাড়া দিত না। নিজের ভুবন নিয়ে ব্যস্ত থাকত।
বাংলাদেশে থাকতে জুলকারের আত্মীয়স্বজন, বন্ধুমহল নিয়ে একটি সার্কেল ছিল। কিন্তু নিউইয়র্কে ঘরেই সময় কাটাতে হতো। বাবা-মা দুজনেই চাকরিতে ব্যস্ত থাকত, আমার সঙ্গে তাদের অবসরের কোন সময় ছিল না। যতটুকু সময় পেত, খাওয়া–দাওয়া আর ঘুমানোর সময় ছাড়া আর সময় পেত না। তাদেরই বা কী করার ছিল। এখানে এসে জীবন বাঁচাতে প্রাথমিকভাবে তাদের আর কোন উপায় ছিল না। নিউইয়র্কে ৭-৮ মাস শীত থাকে। তাই ঘরেই নিজের একটা ভুবন তৈরি করে নিয়েছে জুলকার। জুলকারের ভাবনাই ছিল, পড়াশোনা করে কীভাবে তাড়াতাড়ি একটা জব পাওয়া যায়। তাই জুলকার কম্পিউটারের ওপর পড়াশোনা করে আজকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছে। ছোট থাকতেই জুলকার নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাসটা এখনো বজায় রেখেছে। কোন বাজে অভ্যাস বা কখনো কোন নাইট ক্লাবে যাওয়া হয়ে ওঠেনি বা তাকে স্পর্শ করতে পারেনি। বাবা-মা অনেক কষ্ট করেছে।
জুলকার ভাবছে, মা-বাবাকে আর কষ্ট দিতে চায় না। নিজেই দায়িত্ব নিয়ে তাদের একটু বিশ্রাম দিতে চায়। বেশ কিছুদিন থেকে জুলকারের শরীরটা ভালো যাচ্ছে না। কাশির সঙ্গে বুকে প্রচণ্ড ব্যথা, বিকেলে জ্বর আসছে। মনে হচ্ছে কোভিড–১৯ সংক্রমণ হয়েছে। ডাক্তার কতগুলো টেস্ট করিয়ে জুলকারকে ফোনে জরুরিভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে বললেন! এক্স-রে রিপোর্ট দেখে ডাক্তার তাকে জানাল, ফুসফুসের অর্ধেকটাই ক্যানসারে নষ্ট হয়ে গেছে। বাকি অংশও খারাপের দিকে যাচ্ছে। কিছুদিন ধরে জুলকারের মা-বাবা জুলকারের বিয়ের ব্যাপারে ইনিয়ে-বিনিয়ে আকারে ইঙ্গিতে বলার চেষ্টা করছে। কিন্তু জুলকার কায়দা করে এড়িয়ে চলছে। কী করে বলবে এসব কথা? পৃথিবীটা জুলকারের কাছে কেমন যেন ফ্যাকাশে মনে হয়। না, না মা-বাবাকে বলতে পারব না। তারা এখন বেশ আনন্দে দিনযাপন করছে। তাদের আনন্দে জুলকার বাঁধা হয়ে দাঁড়াতে চায় না।
অনেক দিন পর তাদের চোখে আনন্দ ঝিক্মিক্ করছে । যে কয়েক দিন বাঁচি, মা-বাবার চোখে আনন্দ দেখেই বাঁচি। আইসক্রিম দ্রুত নিঃশেষ হতে চলেছে, কিন্তু জুলকাররের সেদিকে কোন ভ্রুক্ষেপ নাই। কষ্ট আর দুঃখ নিয়েই জুলকার নীরবে বাকি জীবনটা কাটিয়ে দেব— এ প্রতিজ্ঞায় জুলকার আকাশের দিকে মুষ্টি উঁচিয়ে নিজেই নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলো।