নীরবে বেড়ে ওঠা এক অনাদৃত মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১.
জীবন খুব অদ্ভুত। প্রতিটা মানুষের। কখনো কখনো মনে হয় জীবনের ঘটনাগুলো গল্পকেও হার মানায়। এমন অনেক অজানা গল্প থাকে, যা হয়তো কখনোই জানা যায় না। মানুষ কি তার জীবনে ঘটে যাওয়া সব কথা বলতে পারে? পারে না। পারলে ভালো হতো। অনেক অজানা কিছু জানা যেত। জীবন যে কত বিচিত্র, জীবনের গল্প যে কত চমকপ্রদ, তা বোঝা যেত। রচিত হতে পারত অনেক মহান কিছু, মানবিক কিছু। দুর্ভাগ্যজনকভাবে অনেক গল্পই অজানা থেকে যাবে। অনেক দুঃখ, অনেক অশ্রু, ভালোবাসার অনেক কান্না অথবা সুখের অনেক অনুভূতি কেউ কোনো দিন জানবে না। জীবনের সব গল্প হয়তো জানানোর প্রয়োজন নেই। সবকিছু হয়তো বলা যায় না। মানুষ হিসেবে এটাই আমাদের সীমাবদ্ধতা। রবীন্দ্রনাথ কি তাঁর জীবনের সব গল্প বলেছেন? মনে হয় না। মানুষ অনেক কিছু কখনোই প্রকাশ করে না। অথবা এমন অনেক ঘটনা আছে, যা মানুষ জেনেশুনেই ঘটিয়েছে, কিন্তু প্রকাশ করেনি।

আমার জীবনটাও খুব সাধারণ। কিন্তু আমার জীবনের ঘটনাগুলো খুবই অসাধারণ। আমার শৈশব-কৈশোর ছিল খুবই সাদামাটা। হেলাফেলা টাইপ। কোনো মূল্য ছিল না। কেউ খেয়াল করত না আমাকে। আমি নীরবে বেড়ে ওঠা এক অনাদৃত মানুষ। অন্যদের কাছে ছিলাম অবহেলার পাত্র। আমার বয়সী যারা ছিল, তারা অনেক কিছু করত, অনেক কিছু পেত, আমি পেতাম না। আমি কিছু চাইতামও না। চাওয়ার সাহসও আমার ছিল না। একমাত্র আমার মা সব বুঝতেন। কিন্তু আমার চাহিদা পূরণের সামর্থ্য তাঁর ছিল না। আমার তেমন বড় কোনো চাহিদা ছিল না।

আমি ছিলাম কল্পনাবিলাসী। এখনো। কল্পনার ভেলা ভাসাতে আমার জুড়ি নাই। এখনো প্রায়ই আমি গাড়ি চালাতে চালাতে কল্পনার জগতে হারিয়ে যাই। ভুলে যাই কোথায় যাব। আমার কল্পনাগুলো সব সময় লাগামছাড়া, আমার জীবনের সঙ্গে যা অসামঞ্জস্যপূর্ণ। আমি যে রকম একটা গণ্ডিবদ্ধ জীবনে বড় হচ্ছিলাম, তাতে আমার যথেষ্ট ভীত হওয়ার কারণ ছিল। আমি ভাবতাম, এই জীবন থেকে কখনো বের হয়ে আসতে পারব না। আমি যে কখনো কারও অধীন হব না বা কারও আজ্ঞাবহ হব না, এটা তখনো আমি জানতাম না। এতটা স্বাধীনচেতা মনোভাব তখনো আমার গড়ে ওঠেনি। একটা অনিশ্চয়তার আতঙ্ক সব সময় আমাকে ঘিরে ছিল। আমাকে সাহস জোগানোর কেউ ছিল না। তাই আজও এতটা বয়সেও আমার মধ্যে একধরনের ইনসিকিউরিটি আছে। ওসব আমি কাটিয়ে উঠতে পারিনি।

কিছু জিনিস নিয়ে আমার মধ্যে অবসেশন আছে। আমি যখন কলেজে পড়ি, তখন আমার এক পত্রবন্ধু ছিল। তখন আমি একটু একটু লিখছি। তার নাম ছিল জব্বার। পটুয়াখালীর ছেলে। সে বরিশালে পড়তে এসেছে। চকবাজারে থাকত। একটা গলির ভেতরে ওদের একটা পুরোনো বাড়ি ছিল। আমার সঙ্গে পরিচয় হলো। বন্ধুত্ব হলো। সে আমাকে একদিন বলল, তোমার ঘড়ি নাই কোন? ওই বয়সে যে ঘড়ি থাকতে হবে, এটা আমার মনে হয়নি। আমাকে কে ঘড়ি কিনে দেবে? আমি বললাম, তা তো জানি না। সে বলল, আমি তোমাকে একটা ঘড়ি কিনে দিই? আমি রাজি হয়ে গেলাম। সে আমাকে সিলভার রঙের একটা ঘড়ি কিনে দিয়েছিল। সেই ঘড়ি পরে হাত উঁচিয়ে বীরের মতো হাঁটতাম। ঘড়ি পরা বিরাট বড় কিছু আমার মনে হলো।

২.

আমি ঘড়ির প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। বড় হয়ে আমি অনেক ঘড়ি সংগ্রহ করেছি। লন্ডন, জাপান এমনকি সুইজারল্যান্ড থেকেও ঘড়ি এসেছে আমার জন্য। বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি। আর একবারের ঘটনা, পড়াশোনা শেষ। চাকরি-বাকরি খুঁজছি। একদিন একটা ইন্টারভিউর ডাক এল। ইন্টারভিউতে যাব। সব ঠিকঠাক ছিল, কিন্তু আমার একটা টাই দরকার। কিন্তু টাই নাই। টাই ছাড়াই ইন্টারভিউ দিতে গেলাম। চাকরি হলো না। চাকরিটা যে টাইয়ের কারণে হয়নি, এটা আমি নিশ্চিত না। এরপর আমি যখন যে দেশে গেছি, অনেক টাই কিনেছি। কিন্তু আমি কখনোই টাই পরতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। হাঁসফাঁস লাগে। মনে হয় দম বন্ধ হয়ে আসবে।

চাকরিটা কেন হলো না, সেটা পরে জেনেছি। আমাকে পাঠিয়েছিলেন বিচিত্রার শাহরিয়ার কবির। বেক্সিমকোতে ছিল ইন্টারভিউ। পদ ছিল পাবলিক রিলেশন অফিসার। ইন্টারভিউ নিয়েছিলেন এনায়েত নামে একজন। তিনি ছিলেন পিআর ডিপার্টমেন্টের প্রধান। ইন্টারভিউ ভালোই হয়েছিল। কিন্তু এনায়েত সাহেবের সঙ্গে শাহরিয়ার কবিরের সম্পর্ক কোনো কারণে ভালো ছিল না। সে জন্যই আমার চাকরিটা হয়নি। কারণ, আমাকে জিজ্ঞেস করেছিল কার রেফারেন্সে এসেছি। আমি শাহরিয়ার কবিরের নাম বলেছিলাম। ঘটনাটা আমাকে শাহরিয়ার কবিরই বলেছিলেন।

স্কুলে যখন পড়ি, তখন আমার খুব কাপড়চোপড়ের অভাব ছিল। সেই অভাব কলেজ পর্যন্ত বিস্তৃত হয়েছিল। দুই সেটের বেশি আমার কাপড় ছিল না। একবার মনে আছে, সেটা খুব গ্লানির বিষয় ছিল। এই বিষয়টা আমি কখনো কাউকে বলিনি। আজ বলে নিচ্ছি। আমি তখন ক্লাস এইটে পড়ি। একদিন হঠাৎ স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান এলেন ক্লাস ভিজিটে। অত্র অঞ্চলে খুব দাপট লোকটার। মুক্তিযুদ্ধের সময় লুটপাট ও মানুষ খুন করে তখন বেশ পয়সাওয়ালা হয়েছে। ছিল ছনের ঘর। রাতারাতি বিল্ডিং উঠে গেছে বাড়িতে। লোকটা আমাকে ক্লাস থেকে বের করে দিল। স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান এটা পারেন কি না, আমার জানা নেই। আমার অপরাধ, আমি সেদিন প্রপার ড্রেস পরে আসিনি। সেদিন আমি কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছি। মা জিজ্ঞেস করলেন, আমি ক্লাস ফাঁকি দিয়েছি কেন। মাকে সেদিন আমি আসল ঘটনা বলিনি। বললে মা অনেক কষ্ট পেতেন।

কলেজে ওঠার পরও আমার কাপড়ের অভাব ঘোচেনি। আমার এক কাজিন ছিল। বাড়িতে আমরা দুজন এক রুমে থাকতাম। নাম রিমন। রিমন ছিল স্টাইলিস্ট ছেলে। ওর বাবা ছিলেন চেয়ারম্যান। রিমন একমাত্র ছেলে। ওর কাপড়চোপড়ের অভাব ছিল না। আমি মাঝে মাঝে ওর কাপড় পরতাম। সুন্দর সুন্দর টি-শার্ট ছিল ওর। সেসব পরে কলেজে যেতাম। লক্ষ করতাম, কোনো মেয়ে আমাকে দেখছে কি না। কোনো মেয়ে আমার দিকে তাকালেই আমি কেমন উদাস হয়ে যেতাম। বুকের মধ্যে এক শটা ব্যাঙ লাফ মারত। বয়সটাই যে ওই রকম।

কলেজে পড়ার সময় নজরুল নামে আমার একটা বন্ধু হয়েছিল। খুবই মাখামাখি টাইপ বন্ধুত্ব। বেশ কয়েক বছর সেই বন্ধুত্ব টিকে ছিল। নজরুল একটু দাপুটে ছিল। পলিটিকস করত। সে আমার একটা বন্ধুকে কেড়ে নিল তার কাপড়েরচোপড়ের জন্য। আমি একটা প্যান্ট পরে প্রতিদিন কলেজে যেতাম। প্রথম বন্ধু কাপড়ের অভাবে অন্যের দখলে চলে গেল। বা হয়তো তা নয়। তাকে ভালো লেগেছিল বলেই হয়তো। ভালোলাগার ব্যাপারটাই গোলমেলে। আমি কী একটু একরোখা? সম্ভবত। রাজনীতিতে সেই নজরুল কিন্তু সুপার ফ্লপ করেছে।

এবার গাড়ি প্রসঙ্গ। গাড়ি নিয়েও আমার একধরনের অবসেশন আছে। অনেকটা গরিবের ঘোড়া রোগের মতো। এ নিয়ে আমি আগেও লিখেছি। তখন আমি মহসিন হলের ছয়তলায় থাকি। ৬৫৫ রুম নম্বর। সিঙ্গেল রুম। এই রুম থেকে প্রায়ই বাবুপুরা রাস্তার দিকে তাকিয়ে গাড়ি চলাচল দেখতাম। তখনো ঢাকার রাস্তায় মার্সিডিস বা বিএমডব্লিউ টাইপ গাড়ি চলাচল শুরু হয়নি। জাপানি গাড়ির পাশাপাশি কিছু কোরিয়ান সোনাটা এবং মালয়েশিয়ান প্রোটন সাগা গাড়ি চলত। তখনো দেশে এত ধনিক শ্রেণির সৃষ্টি হয়নি।

৩.

আমি ভাবতাম, আমি কি কোনো দিন গাড়ি চালাব? ওই রকম গাড়ি আমার হবে কখনো? গাড়ি ড্রাইভ করব আর আমার পাশে বসে থাকবে সুন্দর কোনো নারী! আমার প্রেমিকা! সে গান করবে আর আমি ড্রাইভ করে তাকে নিয়ে যাব বহু দূর। একবার আমি মহাখালীর রাস্তা দিয়ে হাঁটছি। তখন সকাল। সুন্দর কাপড় পরে বের হয়েছি। অফিসে যাব। বাসের জন্য অপেক্ষা করছি। বাইরে ঝিরঝিরে বৃষ্টি। মাথার ওপর ছাতা। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে গেছে। হঠাৎ একটা প্রাইভেট কার আমাকে ভিজিয়ে দিয়ে চলে গেল। পেছনের সিটে বসা এক তরুণী আমার অবস্থা দেখে ফিক করে হেসে ফেলল। কী নির্মম রসিকতা! এ ঘটনা আমার মনে গভীর দাগ কেটেছিল। এর দুই বছর পর আমি ঢাকার রাস্তায় গাড়ি ড্রাইভ করতে লাগলাম। সেটা ছিল আমার নিজের গাড়ি।

আমি যখন ১৯৯৩ সালে ড্রাইভিং লাইসেন্স নিই, তখন আমার বস দুটি জিনিস মনে রাখতে বলেছিলেন, ১. গাড়ি যেন সব সময় আমার কন্ট্রোলে থাকে এবং ২. ভালো ড্রাইভিং জানলে কখনো না খেয়ে থাকতে হবে না। কথাটা কাজে লেগেছে। কানাডায় এসে প্রথম কয়েক দিন ডেলিভারি করেছিলাম। এটা নিয়ে আমার একটা উপন্যাস আছে নাম আটলান্টিক পাড়ের উপাখ্যান।

এখন যখন আমি টরন্টোর ব্যস্ত রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভ করি, রাস্তায় যদি পানি জমে থাকে, আমি খুব সাবধান থাকি, যেন পথচারীদের কোনো ক্ষতি না হয়। সেই তরুণীর কথা আমি ভুলিনি। আমাকে ভিজিয়ে দিয়ে সে মজা পেয়েছিল। যদিও দোষটা তার ছিল না। ছিল ড্রাইভারের। জীবনের প্রথম গাড়িতে চড়ার অভিজ্ঞতা ১৯৭১ সালে। বরিশালে পাকিস্তানিরা হামলা করেছে। তার আগেই সবকিছু বন্ধ। বঙ্গবন্ধুর ডাকে সবাই স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। তৎকালীন মুসলিম কমার্শিয়াল ব্যাংকের (বর্তমানে রুপালি ব্যাংক) গাড়িতে চড়ে সেই রাতে বরিশাল থেকে পালিয়ে দোয়ারিকায় চলে গিয়েছিলাম। আমার বড় ভাই সেই ব্যাংকে চাকরি করতেন। অন্ধকার সেই ভয়ার্ত রাতে প্রথম গাড়ি চড়া আমার। সেই রাতে গাড়িতে চড়ার কোনো আনন্দ অনুভব করা সম্ভব হয়নি। সেটা ছিল এক আতঙ্কের রাত। সবাই শহর ছেড়ে পালাচ্ছে। আমরাও পালাচ্ছি...।