নীলা জেরীনের একক কত্থক নৃত্যানুষ্ঠান 'এহসাস' অনুষ্ঠিত

ম্যানহাটনের হান্টার কলেজে সম্পন্ন হলো নৃত্যশিল্পী নীলা জেরীনের একক কত্থক নৃত্যানুষ্ঠান ‘এহসাস’। ৯ নভেম্বর সন্ধ্যায় এ অনুষ্ঠান হয়।
বাইরে কনকনে ঠান্ডা আবহাওয়া থাকা সত্ত্বেও মিলনায়তনের অভ্যন্তরে তবলার ছন্দ, সেতারের ঝঙ্কার, সুরেলা সংগীত ও ধ্রুপদি নৃত্যে মুগ্ধ হন অতিথিরা। নীলা ড্যান্স অ্যাকাডেমি আয়োজিত এই কত্থক নৃত্যানুষ্ঠান সম্পূর্ণভাবে পরিবেশিত হয় লাইভ মিউজিকের সঙ্গে। সংগত করেন বরেণ্য শিল্পীরা। তবলায় ছিলেন মাইক লুকশিস, সেতারে ঈন্দ্র রায় চৌধুরী, হারমোনিয়াম বাদক ও কণ্ঠশিল্পী হিসেবে ছিলেন নীলার বাবা ফটিক চৌধুরী। কত্থক বন্দীশ-কথনে ছিলেন নীলা জেরীনের গুরু প্রেরণা দেশপান্ডে।
দর্শক সারিতে সাধারণ শিল্প-প্রেমিক মানুষের পাশাপাশি ছিলেন প্রবীণ কত্থক, ভরতনাট্যম নৃত্যশিল্পী ও বিভিন্ন বাদ্যযন্ত্র শিল্পীরা। নাচের তালে মুগ্ধ দর্শকেরা কিছুক্ষণ পরপরই করতালি দিয়ে নীলাকে অভিনন্দন জানান।
বাংলাদেশে ঢাকায় জন্ম নেওয়া নীলা জেরীন খুব ছোটবেলায় পরিবারের সঙ্গে চলে আসেন নিউইয়র্কে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে নিউরোসায়েন্সে অর্জন করেন পিএইচডি ডিগ্রি। পড়াশোনার পাশাপাশি চালিয়ে যান কত্থক ও কুচিপূড়ী উচ্চাঙ্গ নৃত্যের প্রশিক্ষণ। গুরু-শিষ্য পরম্পরায় তাঁর এই আরাধনা চলে ২৫ বছরেরও বেশি সময় ধরে। জ্যাকসন হাইটসে খোলেন নিজস্ব নাচের স্কুল নীলা ড্যান্স অ্যাকাডেমি। এই প্রতিষ্ঠান বাংলাদেশি কমিউনিটির নতুন প্রজন্মকে নাচ শিখিয়ে আসছে অনেক দিন হলো। নিউইয়র্কের বিভিন্ন অনুষ্ঠানেও তিনি উচ্চাঙ্গ, সেমি-ক্ল্যাসিক্যাল ও বাংলাদেশি লোকনৃত্য পরিবেশন করেন।
৯ নভেম্বরের অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, এই ‘এহসাস’ অনুষ্ঠানটি মঞ্চস্থ করতে তিনি দিন-রাত কঠোর পরিশ্রম করেছেন। তাঁর আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় তিনি সব শুভাকাঙ্ক্ষীকে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানান।