
পৃথিবীখ্যাত শৈল্পিক-শহর মিয়ামি সৈকতের বালুকাবেলায় প্রতিদিন নানা ভাষা ও নানা বর্ণের লাখ লাখ মানুষের পদচিহ্ন উত্তাল সমুদ্রের আছড়ে পড়া ঢেউয়ে ধুয়ে-মুছে যায়। তারপরও থেমে নেই ভ্রমণপিপাসু মানুষের পদচারণ।
গত ২৩ জুলাই সন্ধ্যায় মিয়ামি শহরে যাই। আগে থেকে হোটেল বুকিং ছিল। রাতটা হোটলে পার করে খুব ভোরে ছুটে চললাম সাগরের টানে সমুদ্রসৈকতে। ফ্লোরিডা শহর থেকে গাড়িতে ৩৯ মাইল পাড়ি দিয়ে মায়ামি সৈকতে পৌঁছাতে সময় লাগে ৪০ মিনিট। যেতে যেতে চোখে পড়ে সারি সারি নারিকেলগাছ। ক্যামেরার ভিউ ফাইন্ডারে রাস্তার দুই পাশে এসব গাছকে আরও স্বচ্ছ দেখাচ্ছিল। মনে হচ্ছিল, কোনো এক শিল্পীর হাতে আঁকা ছবি। যত কাছাকাছি আসি তত যেন দূরে সরে আসি। এখানে পার্কিং পাওয়া ভাগ্যের ব্যাপার। দীর্ঘ আড়াই ঘণ্টা চরকির মতো ঘোরার পর ব্রেকে পা দিলাম। তারপর ছুটে চলা। সমুদ্রের খুব কাছে দুজনে-দুজনার।
পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রবন্দর মিয়ামিকে ঘিরে গড়ে উঠেছে আধুনিক নির্মাণশৈলীসমৃদ্ধ ইমারতের শহর। সাউথপয়েন্ট বিচকে ঘিরে মূলত মিয়ামি সমুদ্রসৈকত। বালুকা সৈকতে যে যার মতো করে ঘুরে বেড়াচ্ছেন। কেউ সূর্যস্নানে ব্যস্ত, কেউবা নিজের অজান্তে সমুদ্রের বিশালতায় নিজের গা ভাসিয়ে দিয়েছেন। তারপর জাহাজে প্রমোদ-ভ্রমণ। সে এক বিচিত্র অভিজ্ঞতা। দেড় ঘণ্টার জলযান-ভ্রমণ। সমুদ্রের নীলাভ জলে ধীরগতিতে চলছে ইয়া বড় জাহাজ। বে-সাইড মার্কেট প্লেস থেকে শ খানেক যাত্রী নিয়ে সমুদ্র থেকে মায়ামি শহর দেখার মজাই আলাদা। যত জাহাজ সামনে এগোচ্ছে, জাহাজের গাইড ইংরেজি ও স্প্যানিস ভাষায় বলছেন, এ যে দেখছেন গ্রিন হাউসটি। শুধু এটি বানাতে খরচ হয়েছে ৮ কোটি ৪০ লাখ ডলার, যাকে ঘিরে রয়েছে শতাধিক খেজুরগাছ। একেকটি গাছের দাম ১০ হাজার ডলার। এসব গাছ আফ্রিকা থেকে আনা হয়েছে। এই বাড়ির মালিক ভায়াগ্রার জনক ড. ব্যালি ফ্রস্ট।
মায়ামি সৈকত ঘিরে গড়ে তুলেছেন বিখ্যাত ম্যাক্সিকান গায়ক হুলিও ইগলেসিয়ান; সারা বিশ্বে ১৪টি ভাষায় যাঁর ৩০০ মিলিয়ন গানের রেকর্ড বিক্রি করা হয়েছিল। ক্রিম কালারের এই বাড়িটি এক রাতের ভাড়া গুনতে হয় ১৬ হাজার ডলার। সেলবি জি স্মিথের বাড়ির দাম ৬ কোটি ডলার। এ ছাড়া সৈকতের পাশে লাইন ধরে অট্টালিকা গড়ে তুলেছেন সারা বিশ্বের নামকরা মানুষজন। ফ্লোরিডার মায়ামিতে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, ব্রাজিল, বলিভিয়া, চিলিসহ ইউরোপের বিভিন্ন দেশের ভ্রমণপিপাসু মানুষের ভিড় দেখা যায়। মায়ামি থেকে ১৪০ মাইল দূরে দ্বীপাঞ্চল কিউ ওয়েস্ট। ইউএস ওয়ান সড়ক ধরে আটলান্টিকের বুক চিরে সড়কপথে সোজা এই দ্বীপে। শান্ত-শুভ্র স্বচ্ছ জলে কার না ভালো লাগে একটু গা ভেজাতে। তাই আমরাও নেমে পড়ি এই দ্বীপের কাছে কোমরপানিতে। এ ছাড়া ইউনিভার্সেল স্টুডিও ও সিওয়ার্ল্ড-অরল্যান্ডো ঘোরাঘুরি। বাদ্যের তালে তালে প্রশিক্ষিত তিমি/ডলফিন মাছের সার্কাস সত্যি অভূতপূর্ব।