নুসরাত এক প্রতিবাদের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুসরাত
নুসরাত

গাঁয়ের মেঠো পথে নুসরাত আর হাঁটবে না। মাদ্রাসা থেকে ফিরে এসে বলবে না, ‘মা ক্ষুধা লাগছে খাবার দাও।’ ভাইদের সঙ্গে হাসি আনন্দে মেতে উঠবে না আর সে। কারণ নুসরাত এখন ঘুমিয়ে আছে তার দাদির কবরের পাশে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও মেয়েটি প্রতিবাদ থেকে সরে আসেনি। ভাইকে বলেছে, ‘আমার যা হওয়ার হোক, সিরাজ ও তার সহযোগীদের যেন বিচার হয়।’ কি অসীম আত্মবিশ্বাস! ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শ শ শিক্ষার্থীর মধ্যে নুসরাত ছিল মেরুদণ্ড শক্ত করে দাঁড়ানোর মতো মানুষ। নির্মম নির্যাতনের শিকার নুসরাত জাহান রাফী অন্যায়কে প্রশ্রয় না দিয়ে বরং প্রতিবাদ করেছে।
একজন অধ্যক্ষ যিনি বাবার মতো, ছাত্রছাত্রীদের অভিভাবক। বাবা-মায়ের পরে ছেলেমেয়েরা তাদের শিক্ষকদের সম্মান করে। সেই শিক্ষক, অধ্যক্ষ যখন নিজেই নিপীড়ক হয়ে যায়, তখন শিক্ষা ব্যবস্থায় কালিমা লেপন হয়। নুসরাতের সঙ্গেও তা-ই হয়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা যখন রাফীকে যৌন নির্যাতন করে রাফী তা মেনে নিতে পারেনি। মাদ্রাসা কর্তৃপক্ষকে জানিয়েছিল। অধ্যক্ষ সিরাজ উদ দৌলার অন্যায় অবিচারের প্রতিকার চেয়ে থানা-পুলিশে গিয়েছিল নুসরাত। অন্যরা যেখানে অন্যায়টা চুপ করে মেনে নিয়েছিল, সেখানে নুসরাত মেনে নেয়নি। সে ছুটে গিয়েছে পুলিশের কাছে, চেয়েছে আইনের আশ্রয়। কিন্তু পুলিশ তাকে সহযোগিতা করার বদলে উল্টো হেনেস্তা করেছে মানসিকভাবে। ভিডিও করেছে তার কথার। পুলিশের কাছে যৌন হেনস্তা যেন কোনো ব্যাপার না।
প্রতি পদক্ষেপে নুসরাত হয়রানির শিকার হয়েছে। কী বাজেভাবে নুসরাতকে প্রশ্ন করা হয়েছে, তা ভিডিও দেখে অবাক হয়েছি। এ যেন আরেক নির্যাতন। একজন আইনের লোক হয়ে এভাবে প্রশ্ন করার অধিকার নেই বলেই জানি। নুসরাত কান্নায় ভেঙে পড়েছে, তবুও হাল ছাড়েনি। সে মামলা করেছে। সেই মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে অধ্যক্ষ সিরাজের লোকেরা। নুসরাত রাজি হয়নি। মেয়েটি কিভাবে রাজি হবে? ওর তো বিবেক আছে, মেরুদণ্ড আছে, সাহস আছে; প্রতিবাদ করার মতো মানসিক শক্তি আছে। সে কিভাবে হার মেনে নেবে অন্যায়ের? না সে মেনে নেয়নি। নিতে পারেনি। শক্তভাবেই প্রতিবাদ করেছিল। ভেবেছিল, যা হওয়ার হোক; আর তা-ই কাল হলো। প্রভাবশালী সিরাজের ও তার দোসররা তাকে আগুনে পোড়াল।
অবাক ব্যাপার হলো তার সহপাঠীরাই তার গায়ে আগুন দেয়। কী অদ্ভুত কাণ্ড! যে সহপাঠীরা তাকে সহযোগিতা করবে, তার পাশে থাকবে, তাকে নিয়ে গর্ব করবে, তারাই কিনা উল্টো তাকে আগুনে পোড়াল!
নুসরাতের খাতায় লম্পট সিরাজের লালসার কথা লেখা ছিল। সে তার বান্ধবীদের লিখেছে, ‘তোরা আমার বোনের মতো এবং বোনই। বোন প্রেম করলে কি সে খারাপ? তোরা সিরাজ উদ দৌলা সম্পর্কে সব জানার পরও কীভাবে তার মুক্তি চাইতেছিস। তোরা জানিস না, ওই দিন রুমে কি হইছে? উনি আমার কোন জায়গায় হাত দিছে এবং আরও কোন জায়গায় হাত দেওয়ার চেষ্টা করেছে, উনি আমায় রুমের ভেতর বলতেছে— নুসরাত ঢং করিস না। তুই প্রেম করিস না? ছেলেদের সাথে প্রেম করতে ভালো লাগে। ওরা তোরে কী দিতে পারবে? আমি তোকে পরীক্ষার সময় প্রশ্ন দেব। আমি শুধু আমার শরীর দিতাম ওরে। আমি লড়ব শেষ নিশ্বাস পর্যন্ত। আমি প্রথমে যে ভুলটা করেছি আত্মহত্যা করতে গিয়ে, সেই ভুলটা দ্বিতীয়বার করব না। মরে যাওয়া মানে তো হেরে যাওয়া। আমি মরব না, আমি বাঁচব। আমি তাকে শাস্তি দেব, যে আমায় কষ্ট দিয়েছে। আমি তাকে এমন শাস্তি দেব যে, তাকে দেখে অন্যরা শিক্ষা নিবে। আমি তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব।’
নুসরাত শাস্তি দিতে পারেনি কুলাঙ্গার সিরাজকে, বরং নিজে আগুনে পোড়া শরীর নিয়ে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চলে গেছে। সমাজের পিঠে থাপ্পড় মেরে সারা দেশের মানুষকে জানিয়ে গিয়েছে তার প্রতিবাদের কথা। সাহসী মানুষেরা মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যায়। তারা হার মানে না। আমাদের সমাজে যেখানে মানিয়ে নেওয়ার এক অদ্ভুত প্রতিযোগিতা চলছে, সেখানে নুসরাত ব্যতিক্রম ছিল। সত্যি সে সারা পৃথিবীকে জানিয়ে গেছে তার প্রতিবাদের কথা। ছোট একটা মেয়ে শিখিয়ে দিয়েছে কীভাবে লড়তে হয়। তার খুনিরা একে একে ধরা পড়ছে। তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জোরালোভাবেই তদন্ত করছে নুসরাতের মামলাটি। এখন আমরা জানি, নুসরাতের হত্যার সঙ্গে জড়িত ১৩ জন। নুরুদ্দিন পরিকল্পনা করে সিরাজ উদ দৌলার নির্দেশে জেলখানা থেকে, আর শামিম আগুন দেয় নুসরাতের গায়ে।
মেয়েটির পায়ে-পায়ে শত্রু ছিল। সে হয়তো বুঝতে পেরেছিল। কিন্তু তাকে এভাবে তারই বন্ধুরা, পরিচিতরা আগুনে পুড়িয়ে দেবে সেটা হয়তো ভাবতেই পারেনি। মেয়েটির স্বপ্ন ছিল একদিন বাবা-মায়ের কষ্ট ঘোচাবে, পরিবারের পাশে দাঁড়াবে, স্বাবলম্বী হবে। চিন্তাধারা ছিল অগ্রগামী মানুষের মতো। তাকে হারিয়ে পরিবারের মানুষগুলো আজ নিঃস্ব। দুই ভাই রায়হান ও নোমান বোনের শোকে স্তব্ধ। লম্পট সিরাজ ও তার দোসরদের হাজারবার ফাঁসিতে ঝোলালেও হয়তো নুসরাতের পরিবারের এ কষ্ট লাঘব হবে না। তারা কোনো দিনও ভুলতে পারবে না সেই পাঁচ দিনের কথা, যখন নুসরাত লড়ছিল মৃত্যুর সঙ্গে। বুকের গহিনে চাপা পড়ে থাকবে মেয়ের আহাজারি।
নুসরাত প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়ে গেছে। সারা দেশের মানুষ আজ জ্বলে উঠেছে, প্রতিবাদ করছে। এই প্রতিবাদ দেশ থেকে বিদেশেও ছড়িয়ে পড়েছে। এ প্রতিবাদ অব্যাহত থাকুক। ন্যায়বিচার পাক নুসরাত এই কামনা করি। নতুন বছরের শুরুতেই একটাই আশা থাকবে, আর কোনো নুসরাতকে যেন এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে না হয়।