নেতানিয়াহুকে নিয়ে ওবামার বিরক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেসের স্পিকার জন বোয়েনারের কাছ থেকে। ৩ মার্চ কংগ্রেসের এক যৌথ অধিবেশনে ইরানের পারমাণবিক কর্মসূচি কতটা ‘বিপজ্জনক’, সে বিষয়ে তিনি ভাষণ দেবেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরোধিতা সত্ত্বেও এ আমন্ত্রণ জানানো হয়।
ওবামা প্রশাসনের আপত্তির কারণ, ইরানের সঙ্গে পরমাণু প্রশ্নে যে আলাপ-আলোচনা চলছে, তা এখন এক গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। ওবামা গত মঙ্গলবার তাঁর স্টেট অব দি ইউনিয়ন ভাষণে রাখঢাক ছাড়াই জানিয়েছেন, তাঁর আপত্তি সত্ত্বেও কংগ্রেস ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে আইন পাস করলে তিনি ভেটো দেবেন।
কূটনৈতিক আচার অনুসারে বিদেশি সরকারপ্রধানকে আমন্ত্রণের আগে সে বিষয়ে প্রশাসনের সঙ্গে সলাপরামর্শ করার কথা। স্পিকার বোয়েনার তা করেননি। কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, আইন পরিষদ স্বতন্ত্র ও স্বাধীন। সে কী করবে, তার জন্য নির্বাহী শাখা থেকে আগাম অনুমতির কোনো প্রয়োজন নেই।
ওবামা প্রশাসন জানিয়েছে, নেতানিয়াহু সফরের সময় তাঁকে রাষ্ট্রীয় সম্মান দেখানো হবে না। কারণ হিসেবে বলা হচ্ছে মার্চের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠেয় ইসরায়েলের নির্বাচনের কথা। তবে সেটি যে আসল কারণ নয়, মার্কিন রাজধানীতে সে কথা কারও অজানা নয়।
ডেমোক্র্যাটদের মধ্যেও ইসরায়েল সমর্থকের অভাব নেই। নিউজার্সির ডেমোক্র্যাটিক সিনেটর রবার্ট মেনেনদেজ ওবামার ইরান নীতির তীব্র সমালোচনা করেছেন। দুই দলের সমর্থনে নতুন কোনো আইন হয়ে গেলে তাতে ভেটো দেওয়া ওবামার জন্য খুব স্বস্তির ব্যাপার হবে না।
নেতানিয়াহুর সঙ্গে প্রেসিডেন্ট ওবামার ব্যক্তিগত সম্পর্ক আগাগোড়াই শীতল। গত বছর ইসরায়েলের গাজা হামলা ও তার অব্যবহিত পর মার্কিন অনুরোধ উপেক্ষা করে পূর্ব জেরুজালেমে নতুন ইহুদি বসতি স্থাপনের ঘোষণার ফলে সে সম্পর্ক আরও জটিল হয়ে পড়েছে।