নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্প ও হিলারির বৈঠক
ইসরায়েলের পৃথককরণ বেষ্টনী নির্মাণকে ‘সফল’ বলে মন্তব্য করেছেন মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি বলেছেন, এ বেষ্টনী নির্মাণ করে ইসরায়েল তাঁর সীমান্ত আরও সুরক্ষিত করতে পেরেছে।
যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত রোববার নিউইয়র্কে ট্রাম্প টাওয়ার পেন্ট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতার মধ্যে ঘণ্টাব্যাপী এ বৈঠকে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে মেক্সিকোর সঙ্গে তাঁর দেশের সীমান্তে একই রকম বেষ্টনী নির্মাণ করতে চান তিনি।
১৯৪৯ সালে অস্ত্রবিরতি রেখার কাছে বা তার বরাবর প্রায় ৪৪০ মাইলের (৭০০ কিলোমিটার) একটি পৃথককরণ বেষ্টনী নির্মাণ করে ইসরায়েল। নির্বাচনী প্রচারণায় নেমে ট্রাম্পও প্রেসিডেন্ট নির্বাচিত হলে মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের ২০০০ মাইলের সীমান্তে বেষ্টনী নির্মাণের ঘোষণা দেন।
এদিকে, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গেও একইদিন স্থানীয় সময় রাতে ইউনিয়ন স্কয়ারের ডব্লিউ হোটেলে সাক্ষাৎ করেন নেতানিয়াহু। এক ঘণ্টার কম সময়ের এ বৈঠকে নেতানিয়াহুকে হিলারি বলেন, কৌশলগত সর্বোচ্চ স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবস্থান একই এবং গণতন্ত্র, সমতাসহ নানা দিক থেকে এই দুই দেশ একই মতাদর্শের। কাজেই যুক্তরাষ্ট্রের জন্য নিরাপদ ইসরায়েল গুরুত্বপূর্ণ।