নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নেত্রকোনা জেলা সমিতি ইউএসএ ইন্ক-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ আয়োজনে সমিতির উপদেষ্টা, কার্যকরী পরিষদের সদস্যসহ আমেরিকায় বসবাসরত প্রবাসী নেত্রকোনাবাসী পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করেন।
ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের দায়িত্বে ছিলেন আহ্বায়ক মফিদুল ইসলাম খান রিপন, সদস্যসচিব রনি সরকার, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক সারোয়ার জাহান খান পাবেল।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন দপ্তর সম্পাদক কায়সার হামিদ। মোনাজাত পরিচালনা করেন উপদেষ্টা মোস্তাফিজুর রহমান মিঠু। মোনাজাতে দেশ ও মানব জাতির কল্যাণ কামনা করা হয়।
পবিত্র রমজানের মর্যাদা রক্ষার আহ্বান জানিয়ে উপদেষ্টা আবু ইসলাম খান বিটু বলেন, ধর্ম-বর্ণ-নির্বিশেষে আজকের এই উপস্থিতিই প্রমাণ করে নেত্রকোনাবাসী একে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।
প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক সারোয়ার জাহান খান পাবেল নেত্রকোনায় গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের সাহায্যার্থে সাধ্যমতো অনুদান প্রদানের জন্য সমিতির সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান। সভাপতি বলেন, রোজা ভালো মানুষ হওয়ার শিক্ষা দেয়। ভালো মানুষেরাই পারে সুন্দর সমাজ গড়তে।
ইভেন্ট কমিটির আহ্বায়ক মফিদুল ইসলাম খান রিপন ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান। উপস্থিত সবাইকে আগামী ১ সেপ্টেম্বর রোববার হেকশিয়ার স্টেট পার্ক, লং আইল্যান্ডে সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন যোগদানের আমন্ত্রণ জানিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।