নেত্রকোনায় ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে সহায়তা সাদাকাহর
নেত্রোকোনার উচিতপুরে ট্রলার ডুবিতে নিহত ১৮ জনের পরিবারকে দ্বিতীয় দফা অর্থ সহায়তা দিয়েছে সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএ। গত ২৫ সেপ্টেম্বর ময়মনসিংহ সদর উপজেলার চর সিরতার কোনাবাড়ী মারকাযুস সুন্নাহ মাদ্রাসা প্রাঙ্গণে এই সহায়তা দেওয়া হয়।
কার্যক্রম উদ্বোধন করেন ইউনাইটেড ইমাম অ্যান্ড উলামা কাউন্সিল ইউএসএ প্রতিনিধি মো. আজির উদ্দিন। এ সময়ে মোমেনশাহী ইত্তেফাকুল উলামার প্রচার সম্পাদক মুফতি আমির ইবনে আহমাদ, মাওলানা লাবিব আবদুল্লাহ, সুজন ময়মনসিংহের মহানগর সভাপতি শিব্বির আহমেদ, দুর্গাপুর রোড ওষুধ ব্যবসায়ী সমিতি সভাপতি তৌহিদুজ্জামান ও সিরতা ইউপি চেয়ারম্যান আবু সাইদ উপস্থিত ছিলেন ।
যুক্তরাষ্ট্রভিত্তিক ইসলামিক স্কলারদের সংগঠন ইউনাইটেড ইমাম অ্যান্ড উলামা কাউন্সিল ইউএসএ দ্বিতীয় দফায় আর্থিক সহযোগিতার ব্যবস্থা করে। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেছেন ইউনাইটেড ইমাম অ্যান্ড উলামা কাউন্সিল ইউএসএর প্রেসিডেন্ট ইমাম রফিক আহমেদ।
অনুষ্ঠানে আজির উদ্দিন বলেন, নেত্রোকোনার উচিতপুরে ট্রলারডুবিতে স্বজনহারা পরিবারকে কোনোভাবেই সান্ত্বনা দেওয়া কিংবা সহযোগিতা করা সম্ভব নয়। তারপরেও পার্থিব কিছু সহযোগিতায় শামিল হতে ইউনাইটেড ইমাম অ্যান্ড উলামা কাউন্সিলের এই উদ্যোগ। সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএ প্রাথমিক সহযোগিতা হিসেবে জানাজা ও দাফনের ব্যবস্থা এবং পারিবারিক খোঁজখবর নিয়ে আসছে ।
মোমেনশাহী ইত্তেফাকুল উলামার প্রচার সম্পাদক মুফতি আমির বলেন, শহীদ পরিবারের সদস্যরা আর্থিকভাবে খুবই নাজুক পরিস্থিতিতে। এমন অবস্থায় তাদের পাশে দাঁড়ানোর জন্য ইউনাইটেড ইমাম অ্যান্ড উলামা কাউন্সিল ইউএসএকে ধন্যবাদ।
সহায়তা নিতে আসা নিহতদের পরিবারের সদস্যরা ইউনাইটেড ইমাম অ্যান্ড উলামা কাউন্সিল ও সাদাকাহ ফাউন্ডেশনকে দ্বিতীয় দফায় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
৭ আগস্ট প্রথম দফায় অর্থ সহায়তা বিতরণ করে সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএ। ৫ আগস্ট নেত্রোকোনার উচিতপুরে ট্রলার ডুবিতে মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থী ও তাদের সন্তানসহ ১৮ জনের মৃত্যু হয়।