নেভাডা ককাসেও সহজেই জয়ী ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যে মঙ্গলবার অনুষ্ঠিত রিপাবলিকান দলের ককাস বা প্রাক্-নির্বাচনী ভোটে সহজেই জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এতে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার স্বপ্ন জিইয়ে রেখেছেন সিনেটর মার্কো রুবিও ও সিনেটর টেড ক্রুজ।
ট্রাম্প পেয়েছেন ৪৫ দশমিক ৯১ শতাংশ ভোট। রুবিও ও ক্রুজ পেয়েছেন যথাক্রমে ২৩ দশমিক ৮৫ ও ২১ দশমিক ৩৮ শতাংশ। অতি সামান্য ভোট পেয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন গভর্নর জন কেইসিক ও অবসরপ্রাপ্ত শল্যচিকিৎসক বেন কারসন।
গত সপ্তাহে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রাইমারির পরই নিশ্চিত হয়ে যায় যে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদের বাছাইপর্বের নির্বাচন ট্রাম্প, রুবিও ও ক্রুজ—এই তিন প্রার্থীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। দলীয় নেতৃত্ব ও মুখ্য চাঁদা প্রদানকারীরা উগ্রবাদী ও বেফাঁস কথাবার্তার জন্য বিতর্কিত ট্রাম্পের জয়ের সম্ভাবনায় উদ্বিগ্ন হয়ে সিনেটর রুবিওকে সমর্থন দেওয়া শুরু করেন। নির্বাচনী ব্যালটে পাঁচ বা ছয়জন প্রার্থীর নাম থাকায় রিপাবলিকান ভোট বিভক্ত হয়ে পড়ছে। আর তার ফায়দা পাচ্ছেন ট্রাম্প। এ কারণে রিপাবলিকান শীর্ষ নেতৃত্ব যত দ্রুত সম্ভব ট্রাম্পের বিরুদ্ধে শুধু একজন প্রার্থী দাঁড় করাতে আগ্রহী।
রিপাবলিকান নেতৃত্বের চাপেই নির্বাচনী প্রক্রিয়া থেকে ছিটকে পড়েছেন ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ। নেভাডা ককাসের আনুষ্ঠানিক ফলাফল হাতে আসার পর সরে দাঁড়ানোর জন্য কেইসিক ও কারসনের ওপরও চাপ বাড়বে। তবে হতাশাজনক ফলাফল সত্ত্বেও টেড ক্রুজ লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
আইওয়াতে অনুষ্ঠিত বাছাইপর্বের প্রথম ভোটে জয়ী হওয়ার পর ক্রুজ নিজের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন। কিন্তু দুই সপ্তাহ ধরে ট্রাম্পের বিরামহীন আক্রমণ ও তাঁর নির্বাচনী কমিটির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ ক্রুজকে বিপর্যস্ত করে ফেলে। নেভাডা ককাসের আগের দিনই এক নতুন বিতর্কে জড়িয়ে পড়েন ক্রুজ। তাঁর ঘনিষ্ঠ পরামর্শক ও মুখপাত্র রিক টেইলার দাবি করেন, রুবিও নাকি মন্তব্য করেছেন, ‘বাইবেলে সব প্রশ্নের জবাব নেই।’ প্রতিবাদ করে রুবিও বলেন, তিনি বরং উল্টো বলেছেন, ‘বাইবেলে সব প্রশ্নের জবাব রয়েছে।’ রুবিওর দাবি, তাঁর কথা বিকৃত করে ক্রুজ প্রচারণা কমিটির পক্ষ থেকে মিথ্যা ভিডিও প্রচার করা হয়। ক্রুজ তাঁর দলের ভুল স্বীকার করে রিক টেইলারকে তাঁর কমিটি থেকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছেন।
নেভাডা ককাসের মাধ্যমে রিপাবলিকান দলের বাছাই নির্বাচনের প্রথম পর্ব শেষ হলো। এক সপ্তাহ পরে, ১ মার্চ ‘সুপার ট্যুইসডে’তে একসঙ্গে মোট ১২টি অঙ্গরাজ্যে ভোট গ্রহণ হবে।
বিশেষজ্ঞরা বলছেন, অভিবাসী প্রশ্নে উদ্বেগ ও ওয়াশিংটনে রিপাবলিকান নেতৃত্বের ব্যাপারে দেশের শ্বেতকায়দের অসন্তোষ খুব চাতুর্যের সঙ্গে কাজে লাগিয়ে দৌড়ে সবার চেয়ে এগিয়ে গেছেন ট্রাম্প। তাঁর নৌকার পালে যে জোর হাওয়া লেগেছে, তাকে ঠেকানো রুবিও বা ক্রুজ—কারও পক্ষেই সম্ভব হবে না।