নৈশ ক্লাবে বন্দুকধারীর হামলায় আহত ২৮
যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের একটি নৈশ ক্লাবে বন্দুকধারীর গুলিতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল শনিবার স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর আতঙ্কিত হয়ে পালাতে গিয়ে আহত হয়েছেন আরও তিনজন।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে একে সন্ত্রাসী ঘটনা হিসেবে মনে করছে না পুলিশ ও স্থানীয় প্রশাসন। আরকানসাসের রাজধানী লিটল রকের মেয়র মার্ক স্টোডোলা জানান, প্রাথমিকভাবে আধিপত্য বিরাজকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। তিনি সাংবাদিকদের বলেন, ‘জনগণকে আশ্বস্ত করছি, এটা কোনো সন্ত্রাসী হামলায় নয়। তবে দুঃখজনক।’ এ সময় আহত ২৮ জনের সবাই বেঁচে যাবেন বলে আশা প্রকাশ করেন মেয়র।
লিটল রকের পুলিশপ্রধান কেনটন বাকনার বলেন, কয়েকটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এই ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করছে পুলিশ।
সূত্র: বিবিসি