নৈশভোজে ৩৪,৫৫০ ডলার তহবিল সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তহবিল সংগ্রহ উপলক্ষে আয়োজিত নৈশভোজে গান পরিবেশন করেন নজরুল একাডেমির শিল্পীরা
তহবিল সংগ্রহ উপলক্ষে আয়োজিত নৈশভোজে গান পরিবেশন করেন নজরুল একাডেমির শিল্পীরা

‘বিদ্রোহী কবি’ নামে খ্যাত বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে আমেরিকার কানেটিকাট বিশ্ববিদ্যালয়ে চেয়ার প্রতিষ্ঠার লক্ষ্যে নিউইয়র্কে তহবিল সংগ্রহ করা হয়েছে। ৯ ডিসেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসে তহবিল সংগ্রহ উপলক্ষে নৈশভোজের আয়োজন করা হয়। এতে মোট ৩৪ হাজার ৫৫০ ডলার উত্তোলন হয়েছে। 

কানেটিকাট বিশ্ববিদ্যালয়ের নজরুল এনডাওমেন্ট কমিটি, নর্থ আমেরিকা নজরুল কনফারেন্স কমিটি ও নজরুল একাডেমি অব ইউএসএ যৌথভাবে ৯ ডিসেম্বর অনুষ্ঠানের আয়োজন করে। দেশি-বিদেশি নজরুল বিশেষজ্ঞ আর আমেরিকায় বসবাসরত কবি নজরুলের ভক্ত-সমর্থক আমেরিকান ও বাংলাদেশি-আমেরিকান এই উদ্যোগ নিয়েছেন। জ্যাকসন হাইটসের বেলোজিনো পর্টি হলে আয়োজিত তহবিল সংগ্রহের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজক সূত্র জানায়, নিউইয়র্কে আয়োজিত প্রথম তহবিল সংগ্রহ অনুষ্ঠানে নগদ অর্থের পাশাপাশি আরও অনেকের প্রতিশ্রুতি পাওয়া গেছে। কানেটিকাট বিশ্ববিদ্যালয়ে নজরুল চেয়ার প্রতিষ্ঠা করতে ২০ লাখ ডলার প্রয়োজন। আগামী ৫ বছরের মধ্যে উদ্যোগটি বাস্তবায়নের আশা করছেন উদ্যোক্তারা। তাঁরা বলেন, আমেরিকায় বসবাসকারী প্রায় পাঁচ লাখ প্রবাসী বাংলাদেশির প্রত্যেকে ৪ ডলার করে অনুদান দিলে সহজেই প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব।
কানেটিকাট বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলাম চেয়ার প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা ও নজরুল একাডেমি নিউইয়র্কের সভাপতি সৈয়দ টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, নিউইয়র্কের কনসাল জেনারেল শামীম আহসান, কাজী নজরুল ইসলাম চেয়ার প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা নজরুল গবেষক ড. গুলশান আরা কাজী, বেলাল কাজী, উত্তর আমেরিকা নজরুল কনফারেন্স কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ ও চলচ্চিত্র নির্মাতা ক্যাথরিন মাসুদ।
প্রতিকূল আবহাওয়ার কারণে এশিয়ান অ্যান্ড এশিয়ান আমেরিকান স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক ও নজরুল এনডাওমেন্ট কমিটি অব ইউসিওএনএনর চেয়ারম্যান অধ্যাপক ড. ক্যাথি স্কলন্ড-ভিয়ালসসহ বেশ কয়েকজন অতিথি নৈশভোজে উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানের প্রথম পর্বে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, বিশ্বব্যাপী নানা ফোবিয়া আর চরমপন্থা প্রভৃতির বিরুদ্ধে কাজী নজরুল ইসলামের চেতনা ভূমিকা রাখতে পারে। তাই বিশ্বব্যাপী শান্তির জন্য নজরুল চর্চা জরুরি, যদিও কাজটি চ্যালেঞ্জের। তিনি সব প্রবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, ‘আমরা বাংলাদেশ মিশনের পক্ষ থেকে জাতিসংঘের ১৯২টি দেশের কাছে কবি নজরুলকে তুলে ধরার চেষ্টা করব। তাদের সহযোগিতা কামনা করব। এ জন্য আমরা সবাই মিলে জাতিসংঘে একটি অনুষ্ঠান আয়োজন করতে পারি।’
শামীম আহসান বলেন, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পুরো মানবতারও কবি। তিনি সারা বিশ্বের সম্পদ। তাঁকে তুলে ধরা মানেই বাংলাদেশকে তুলে ধরা। কাজী নজরুল চেয়ার প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিছু করার থাকলে তাঁরা সেটি করতে সাধ্যমতো চেষ্টা করবেন।
ড. গুলশান আরা কাজী বলেন, ‘আমাদের দর্শক হচ্ছে নজরুলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। সম্মিলিত উদ্যোগ ছাড়া এই মহতী উদ্যোগ সফল হবে না। আশার কথা হচ্ছে যে, অনেক আমেরিকান আমাদের এই উদ্যোগে সাড়া দিয়েছেন, উৎসাহ দিচ্ছেন।’
কাজী বেলাল বলেন, ‘চেয়ার তো বটেই, আমরা নজরুলকে চেয়ারের ওপরে পৃথিবীতে সবার মাঝে পৌঁছে দিতে চাই। ১৯৮৫ সালে প্রবাসে কবি নজরুলকে নিয়ে কাজ শুরু করেছি। ১৯৯০ সালে আমেরিকায় প্রথম কবি নজরুল কনফারেন্স অনুষ্ঠিত হয়।’ ডা. জিয়াউদ্দিন আহমেদ বলেন, ‘আমেরিকায় নজরুল ভক্তের সংখ্যা বাড়ছে বলেই আমরা কবি নজরুলকে বিশ্বব্যাপী তুলে ধরার সাহস পাচ্ছি।’

নজরুল চেয়ার সম্পর্কে জানাচ্ছেন অতিথিরা
নজরুল চেয়ার সম্পর্কে জানাচ্ছেন অতিথিরা

ক্যাথরিন মাসুদ বলেন, ‘কবি নজরুলের জন্য যা করার তাই করব, যেখানে যাওয়ার যাব। তার টানে আমরা স্বপ্ন দেখছি, কবি নজরুলকে নিয়ে এগিয়ে যাচ্ছি। কবি নজরুল চেয়ার প্রতিষ্ঠার মাধ্যমে তাকে তুলে ধরার এটাই বড় সুযোগ। সবাই মিলে এই সুযোগ কাজে লাগাতে হবে।’
সৈয়দ টিপু সুলতান বলেন, এই উদ্যোগে নজরুল ভক্ত দেশি-বিদেশি সবার কাছে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এ জন্য নৈশভোজে জনপ্রতি ১০০ ডলার অনুদান ধার্য করা হয়েছে। এ ছাড়া রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ স্পনসরশিপ অনুদান দেওয়ার ব্যবস্থা। এর মধ্যে রয়েছে ব্রঞ্জ স্পনসর ৫০০ ডলার, সিলভার স্পনসর এক হাজার, গোল্ড স্পনসর ৫ হাজার, ডায়মন্ড স্পনসর ১০ হাজার ও প্লাটিনাম স্পনসর ২০ হাজার ডলার। সব অনুদান সম্পূর্ণ আয়করমুক্ত।
টিপু সুলতান বলেন, স্পনসরকারীদের নাম কানেটিকাট বিশ্ববিদ্যালয়ে নথিভুক্ত থাকবে, তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে সম্মাননা প্ল্যাক প্রদান ও সম্মাননাপত্র দেওয়া হবে। আলোচনা পর্ব শেষে উপস্থিত সুধী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে অতি সংক্ষেপে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। এঁদের মধ্যে রয়েছেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাঙালি সম্পাদক কৌশিক আহমেদ, রিয়েল এস্টেট ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার হোসেন, কমিউনিটি অ্যাকটিভিস্ট জসিম উদ্দিন, আবৃত্তিকার কবীর কিরণ প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নজরুল একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এঁদের মধ্যে ছিলেন নজরুল ইসলাম, ফাতেমা ইসলাম চুমকি, রুমা আলম, নার্গিস রহমান, শিরিন আহমেদ, ডানা ইসলাম, রোকসান আরা ও শাহ আলম দুলাল। এ ছাড়া গিটারে সংগীত পরিবেশন করেন রেহানা মতলুব আলী। একক সংগীত পরিবেশন করেন অনুপ বড়ুয়া। কবিতা আবৃত্তি করেন মুমু আনসারী। এ ছাড়ায় তবলায় তপন মোদক, কীবোর্ডে রিপন, অক্টোপাসে সাত্তার ও সজিব এবং মন্দিরায় ছিলেন শফিক। এই পর্ব উপস্থাপনায় ছিলেন মতলুব আলী। অনুষ্ঠানের বিভিন্ন পর্ব উপস্থাপনায় ছিলেন শাহ আলম দুলাল ও মতলুব আলী।