নোবেল পুরস্কার নিতে স্টকহোম যাচ্ছেন বব ডিলান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বব ডিলান
বব ডিলান

শেষ পর্যন্ত পুরস্কার নিতে যাচ্ছেন সাহিত্যে নোবেলজয়ী খ্যাতনামা মার্কিন সংগীতশিল্পী বব ডিলান। এই সপ্তাহের শেষ দিকে সুইডেনের স্টকহোমে গিয়ে তিনি পুরস্কার গ্রহণ করবেন বলে জানিয়েছে নোবেল একাডেমি।
বব ডিলানের নোবেল পুরস্কার নিয়ে কম নাটকীয়তা হয়নি। পুরস্কার ঘোষণার পর এ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। অনেক দিন পর বলেন, পুরস্কার পেয়ে ‘বাক্রুদ্ধ’ হয়ে গিয়েছিলেন, তাই এ নীরবতা। পরে গত অক্টোবরে তিনি স্টকহোমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাননি। কেবল একটি বার্তা পাঠিয়েছিলেন।
নোবেল একাডেমি জানিয়েছে, সুইডেনের রাজধানীতে দুটি কনসার্ট করবেন বব ডিলান। সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করবেন একাডেমির সদস্যরা। বব ডিলান অবশ্য কোনো সরাসরি বক্তৃতা দেবেন না। তিনি একটি রেকর্ড করা নোবেল বক্তৃতা পাঠিয়ে দেবেন বলে আশা করা হচ্ছে।
সুইডিশ একাডেমির স্থায়ী সেক্রেটারি সারা দানিউস বলেন, বব ডিলানের ইচ্ছা অনুযায়ী স্টকহোমে এই বৈঠক হবে একান্ত। কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান থাকবে না। সেখানে তাঁকে নোবেল পদক তুলে দেওয়া হবে এবং পুরস্কার প্রাপ্তিতে অভিনন্দন জানানো হবে।