নোবেলে মার্কিনদের জয়জয়কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের কবি লুইস গ্লুক

এ বছর নোবেল পুরস্কার ঘোষণা করা হচ্ছে এক ভিন্ন পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে। বৈশ্বিক মহামারির এ সময়ে জ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে ভোলেনি নোবেল কমিটি। বরাবরের মতো মার্কিনিদের জয়জয়কার। সর্বশেষ গতকাল সাহিত্যে নোবেল বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে মার্কিন কবি লুইস গ্লুকের নাম। তাঁকে নিয়ে এ বছর আটজন মার্কিন নোবেল পুরস্কার পেলেন।

বরাবরের মতো এবারও চিকিৎসায় নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় নোবেল পুরস্কার ঘোষণা। ৫ অক্টোবর ঘোষণা করা হয় চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম। হেপাটাইটিস সি শনাক্তের কারণে এ বছর এ পুরস্কার দেওয়া হয় তিন বিজ্ঞানীকে, যার মধ্যে দুজনই মার্কিন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, হেপাটাইটিস সি বৈশ্বিক স্বাস্থ্যগত অন্যতম বড় সমস্যা। হেপাটাইটিস এ এবং বি শনাক্ত হওয়ার পরও বিজ্ঞানীরা হেপাটাইটিস সি ভাইরাসের বিষয়ে অনেক দিন অন্ধকারে ছিলেন। অবশেষে মার্কিন বিজ্ঞানী হার্ভি জে অল্টার ও চার্লস এম রাইস এবং ব্রিটিশ বংশোদ্ভূত মাইকেল হফটনের অক্লান্ত চেষ্টায় শনাক্ত হয় প্রাণঘাতী আরেকটি ভাইরাস, যা হেপাটাইটিস সি নামে পরিচিত। তাঁদের অনুসন্ধানের ফলে রক্তবাহিত এই রোগের চিকিৎসাপদ্ধতিও উদ্ভাবন সম্ভব হয়। এ কাজের স্বীকৃতি হিসেবেই তাঁদের নোবেল পুরস্কার দেওয়া হয়।

পরদিন ৬ অক্টোবর কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণার জন্য পদার্থবিজ্ঞানে তিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী হিসেবে যে তিনজনের নাম ঘোষণা করে, তাঁদের মধ্যে দুজন মার্কিন। পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীরা হলেন, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রজার পেনরোজ, জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর এক্সট্রাটেরিস্ট্রিয়াল ফিজিকসের রেইনহার্ড গেনজেল ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দ্রে গেজ।

মহাবিশ্বের সবচেয়ে চমকপ্রদ ধারণা কৃষ্ণগহ্বর সম্পর্কিত গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য এক ব্রিটিশ ও দুই মার্কিন বিজ্ঞানীকে এ বছর নোবেল পুরস্কার দেওয়া হলো। তিনজনই এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এর মধ্যে ব্রিটিশ বিজ্ঞানী রজার পেনরোজ তাঁর গবেষণার মধ্য দিয়ে দেখিয়েছেন, সাধারণ আপেক্ষিকতা তত্ত্বই কৃষ্ণগহ্বরের জন্ম-প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেয়। আর মার্কিন বিজ্ঞানী রেইনহার্ড গেনজেল ও আন্দ্রে গেজ আমাদের ছায়াপথে কেন্দ্রে এমন এক অদৃশ্য ও ভীষণ ভারী বস্তুর অস্তিত্ব আবিষ্কার করেন, যা এর আওতাধীন তারকারাজির গতিপথকে নিয়ন্ত্রণ করে। এই অদৃশ্য কিন্তু ভীষণ ভারী বস্তুটি আদতে শক্তিশালী কোনো কৃষ্ণগহ্বর বলে মনে করছেন বিজ্ঞানীরা।

এখানেই থামেনি নোবেল পুরস্কারে মার্কিন জয়রথ। জীবন পুনঃলিখনের পন্থা বাতলে এবার যে দুজন রসায়নে নোবেল বিজয় করেছেন, তাঁদের একজন মার্কিন। ৭ অক্টোবর ঘোষণা করা হয় রসায়নে নোবেল বিজয়ীদের নাম। জিন সম্পাদনার পদ্ধতি উদ্ভাবন করে বিশেষ অবদান রেখে এবার এ নোবেল জয় করেন ফরাসি বিজ্ঞানী ইমানুয়েল শারপঁসিয়ে ও মার্কিন বিজ্ঞানী জেনিফার এ ডাউডনা।

নোবেল কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, শারপঁসিয়ে ও ডাউডনা জিন সম্পাদনার জন্য এখন পর্যন্ত সবচেয়ে সূক্ষ্ম প্রযুক্তি উদ্ভাবন করেন। নিজেদের উদ্ভাবিত ক্রিসপার-ক্যাস–নাইন (CRISPR-Cas9) নামের জেনেটিক সিজর বা জেনেটিক কাঁচি ব্যবহার করে তাঁরা বিভিন্ন প্রাণী, উদ্ভিদ ও অণুজীবের ডিএনএ খুবই দক্ষতার সঙ্গে ও নির্ভুলভাবে পরিবর্তন করেছেন। প্রাণবিজ্ঞানের ওপর তাঁদের উদ্ভাবিত এই প্রযুক্তির প্রভাব অকল্পনীয়। ক্যানসার চিকিৎসাকে এগিয়ে নিতে এই প্রযুক্তি এরই মধ্যে বড় অবদান রেখেছে, যা ভবিষ্যতে বিশ্ববাসীকে এমনকি বহুল প্রতীক্ষিত সুসংবাদও দিতে পারে। এ ছাড়া উত্তরাধিকার সূত্রে পাওয়া রোগের চিকিৎসায়ও এই প্রযুক্তি আশার আলো হয়ে সামনে এসেছে।

আর সর্বশেষ সংযোজনটির কথা আগেই বলা হয়েছে। চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন কবি লুইস গ্লুক। ৮ অক্টোবর সুইডিশ একাডেমি এই পুরস্কারের ঘোষণা দিয়েছে। সুইডিশ একাডেমি বলেছে, লুইস গ্লুকের ‘নিরাভরণ সৌন্দর্যের ভ্রান্তিহীন কাব্যিক কণ্ঠ ব্যক্তির অস্তিত্বকে সর্বজনীন’ করে তোলে। সাহিত্যের নোবেল পুরস্কার নিয়ে গত কয়েক বছর ধরেই বিতর্ক চলছিল। এসব মাথায় রেখেই এবার বেছে নেওয়া হয়েছে মার্কিন এই কবিকে।

লুইস গ্লুকের জন্ম ১৯৪৩ সালে নিউইয়র্কে। ১৯৬৮ সালে ‘ফার্স্টবর্ন’ নামের বই দিয়ে সাহিত্যের জগতে আত্মপ্রকাশ করেন। দ্রুতই তিনি মার্কিন সমকালীন সাহিত্য জগতে নিজের আলাদা অবস্থান তৈরি করতে সক্ষম হোন। কাব্য সাধনার বাইরে লুইস গ্লুক একজন শিক্ষক। কানেকটিকাটের ইয়েল ইউনিভার্সিটির শিক্ষক তিনি।