নোবেলের একক সংগীত ১৫ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে শো টাইম মিউজিকের মালিকসহ শিল্পী নোবেল।
সংবাদ সম্মেলনে শো টাইম মিউজিকের মালিকসহ শিল্পী নোবেল।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের স্থানীয় বেলাজিনো পার্টি হলে আগামী ১৫ সেপ্টেম্বর ‘সারেগামাপা’র দ্বিতীয় রানারআপ বিজয়ী মাঈনুল আহসান নোবেলের একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৩ সেপ্টেম্বর নিউইয়র্কের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম।

সংবাদ সম্মেলনে আলমগীর খান বলেন, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। আইয়ুব বাচ্চু ও জেমসের পর নোবেলই সংগীত ইন্ড্রাস্ট্রিকে প্রতিনিধিত্ব করতে পারেন বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে গত কয়েক দিন ধরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলা আলোচনা-সমালোচনার জবাব দেন সংগীতশিল্পী নোবেল। বলেন, জেমসের ‘আমার সোনার বাংলা’ গানটা জাতীয় সংগীত হওয়া উচিত—এমন কথা বলেননি তিনি। তারপরও বিভ্রান্তির জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ‘সারেগামাপা’-তে অংশ নিয়ে দুই বাংলার মানুষের মন জয় করেছেন বাংলাদেশের ছেলে মাঈনুল আহসান নোবেল। দর্শক ভোটে বারবার সেরা হওয়ার পাশাপাশি বিচারকদের কাছ থেকে পেয়েছেন প্রশংসা।