ন্যাচারালাইজ্ড নাগরিকদেরও ছাড়ছে না ট্রাম্প প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিবাসীদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করা এবং আমেরিকা থেকে ডিপোর্ট বা বহিষ্কারের ব্যাপক উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ন্যাচারালাইজেশনের মাধ্যমে আমেরিকার নাগরিকত্ব পাওয়া ব্যক্তিদের ন্যাচারালাইজেশন প্রক্রিয়াকে অনুসন্ধান, চ্যালেঞ্জ করা হচ্ছে। নাগরিকত্ব প্রদানের ওই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল কি না, তাতে মিথ্যাচার ছিল কি না। ক্ষুদ্রাতিক্ষুদ্র ভুলের কারণে টার্গেট করা হচ্ছে যুগ যুগ ধরে আমেরিকার নাগরিকত্ব পাওয়া ব্যক্তিদের। এতে পর্যন্ত দেশটিতে ন্যাচারাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া প্রত্যেক মানুষই ঝুঁকির মধ্যে পড়েছে।

তবে পর্যবেক্ষকেরা মনে করেন, বিশেষ করে মুসলিম দেশ থেকে আমেরিকায় আসা এবং বিভিন্ন চর্ম–বর্ণের যেমন আফ্রিকান আমেরিকান নাগরিকরাই এই ন্যাচারালাইজেশন প্রক্রিয়ার তদন্তে লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন।

পারভেজ মনজুর খানের আমেরিকার নাগরিকত্ব আর থাকবে কি না—এ বিষয়ে যেকোনো মুহূর্তে ফ্লোরিডার একটি ফেডারেল আদালতের বিচারকের সিদ্ধান্ত আসতে পারে।

ফ্লোরিডার ব্র্যানফোর্ডের বাসিন্দা পারভেজ খান পেশায় একজন ট্রাক চালক। ‘অপারেশন জেনাস’ ও ‘অপারেশন সেকেন্ড লুক’ নামে ট্রাম্প প্রশাসনের দুটি গণবহিষ্কার অভিযান চলছে। এই অভিযানের আওতায় বিচারের মুখোমুখি ৬২ বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভূত পারভেজ খান।

আদালতের রায় বিপক্ষে গেলে পারভেজ খানের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে। আমেরিকান নাগরিক স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও তাকে বহিষ্কার করা হবে এবং তিনি আর কখনো আমেরিকার মাটিতে পা রাখতে পারবেন না। এই আমেরিকার মাটি গত ২৭ বছর ধরে পারভেজ খানের একমাত্র ঠিকানা। উপরন্তু এই রায় আমেরিকার দুই কোটি ন্যাচারালাইজ্‌ড নাগরিকের প্রত্যেকের ওপর প্রভাব ফেলবে বলে অনেকে আশঙ্কা করেন।

নাগরিকত্ব থেকে বঞ্চিতকরণ প্রক্রিয়া কিন্তু ট্রাম্প আমলের এই পারভেজ খান মামলা দিয়ে সূচিত হয়নি। ওবামা প্রশাসন

২০১৬ সালে ৩ লাখ ৫০ হাজার ফিঙ্গারপ্রিন্ট কপির ডিজিটাল রূপ দিতে ব্যর্থ হওয়ার ঘোষণা দিয়েছিল এবং এর ফলস্বরূপ এমন ৮৫৮ জন ব্যক্তিকে নাগরিকত্ব দেওয়া হয়েছিল, যাদের বিরুদ্ধে পূর্বে ভিন্ন নামে বহিষ্কার বা বহিষ্কারের আদেশ ছিল। অতীতের কাগুজে ফিঙ্গারপ্রিন্টকে ডিজিটালরূপে আপলোড না করায়, তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

কিন্তু ওবামা প্রশাসন কর্তৃক তখন নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার মতো বিষয়ে সাবধানতা অবলম্বন করা হয়েছিল। অনুসন্ধানে দেখা গেছে, অনেক আবেদনের ফরমে সাধারণ ত্রুটি ছিল। আর যাদের অন্য নামে বহিষ্কার বা বহিষ্কারের আদেশ ছিল, তাদের প্রায় সবাই ছিল দীর্ঘ আমেরিকান জীবনে নিয়মিত করদাতা। সামাজিক, নৈতিকভাবে ভালো ব্যক্তিগত অবস্থানে ছিলেন তাঁরা। এবং তাদের কেউই জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ছিলেন না। এমন ন্যাচারালাইজড নাগরিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে বিরত ছিল তৎকালীন ওবামা বা তাঁর আগের প্রশাসন।

ওবামা প্রশাসন এ বিষয়ে সংযত নীতি অবলম্বন করছিলেন। অর্ধশতাব্দী ধরে চলে আসা সংযমের প্রবণতা ছিল প্রশাসনে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের নীতি অনুসরণ করছিল তারা। নাগরিকত্ব হরণের ক্ষেত্রে নমনীয়তা ছিল। চরম পরিস্থিতিতেই শুধু ছিল এর প্রয়োগ।

১৯৯০ থেকে ২০১৬ সাল পর্যন্ত বছরে গড়ে ১১ জনের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল। এমন বছরও গেছে, যখন এর প্রয়োগ ছিল না। খুব সিরিয়াস বিষয়, যেমন যুদ্ধাপরাধ ছাড়া নাগরিকত্ব হরণের মতো ঘটনা তেমন একটা উঠতে দেখা যায়নি। যেসব যুদ্ধাপরাধী আমেরিকার নাগরিকত্ব পেতে নিজেদের মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিষয় গোপন করেছিল, এ ব্যাপারে মিথ্যা তথ্য দিয়েছিল, কেবল তাদের ক্ষেত্রেই অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের ক্ষেত্রে নাগরিকত্ব চ্যুতির মতো ঘটনা ঘটে।

প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে সার্বিক অভিবাসন নীতিতে যে ভিন্ন মাত্রা যোগ হয়েছে, তা সবার জানা। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক এক ঘোষণায় বলা হয়েছে, সাত লাখ ন্যাচারালাইজড নাগরিককে তারা তদন্তের আওতায় নিয়ে আসবেন। আর তা করতে যত অর্থই ব্যয় হোক না কেন, এটা তারা বাস্তবায়ন করবেন।

ট্রাম্প প্রশাসন কর্তৃক ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে সাপোর্ট সেন্টার খোলা হয়েছে। সেই সেন্টারে কাজের জন্য তিন শ বিশেষ এজেন্ট এবং ২১২ সাপোর্ট কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। অতীতে ইমিগ্রেশন বেনিফিট পেতে প্রতারণার আশ্রয় গ্রহণকারীদের টার্গেট, তদন্ত, নাগরিকত্ব হরণ, বহিষ্কার বা বহিষ্কারের কাজ করবে এই কেন্দ্র। আর তার জন্য ২৭ কোটি ডলারের ওপর বাজেট রাখা হয়েছে।