ন্যাটো আর বাতিল নয়: ট্রাম্প
পশ্চিমা সামরিক জোট ন্যাটো ‘এখন আর বাতিল নয়’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এ জোটকে ‘বাতিল’ বলায় পশ্চিমা মিত্র দেশগুলো অসন্তুষ্ট হয়েছিল।
ন্যাটোর মহাসচিব জেন্স স্টল্টেনবার্গের সঙ্গে ট্রাম্প গত বুধবার হোয়াইট হাউসে বৈঠকে বলেন, সন্ত্রাসবাদের হুমকি ন্যাটোর গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। ইরাকি ও আফগান ‘অংশীদারদের’ আরও বেশি সাহায্য করতে হবে।
ন্যাটো নিয়ে ট্রাম্পের অবস্থানের এই সম্পূর্ণ উল্টো মোড়ই বুধবারের একমাত্র আলোচিত ঘটনা নয়। মার্কিন প্রেসিডেন্ট একই দিনে ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকাকে এক সাক্ষাৎকারে বলেন, চীন মুদ্রার হার নিয়ে কারসাজি করে না। অথচ ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর থেকে বলে আসছিলেন, চীনারা বাণিজ্যে সুবিধা পাওয়ার জন্য মুদ্রার কারসাজি করে।
স্টল্টেনবার্গের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ন্যাটো আর কী কী করতে পারে তা নিয়ে তাঁদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
ট্রাম্প আরও বলেন, ‘আমি অনেক দিন আগে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম। এখন তারা নিজেদের মধ্যে পরিবর্তন এনেছে এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে।’
তবে মার্কিন প্রেসিডেন্ট ন্যাটোর জন্য আরও বেশি তহবিল দিতে সদস্যদেশগুলোর প্রতি তাঁর আগের আহ্বানের কথাও উল্লেখ করেছেন। বলেছেন, অন্য দেশগুলো যদি কেবল যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল না হয়ে ন্যায্য অংশ পরিশোধ করে, তাহলে সবাই বেশি নিরাপদ হবে।
ন্যাটো চলতি সপ্তাহে মন্টেনেগ্রোকে ২৯তম সদস্যদেশ হিসেবে স্বাগত জানিয়েছে। যুক্তরাষ্ট্র তা অনুমোদন করায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার ক্ষোভ জানিয়ে বলেছে, এই ‘ভুল পদক্ষেপ’ ইউরোপে বিভেদ তৈরি করেছে।