ন্যাটোর প্রতি ট্রাম্পের সমর্থন শতভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, সামরিক জোট ন্যাটোর প্রতি শতভাগ সমর্থন রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নতুন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রথম বিদেশি নেতা হিসেবে দ্বিপক্ষীয় বৈঠকে ন্যাটো প্রসঙ্গে তিনি ট্রাম্পের সমর্থন ও প্রতিশ্রুতি আদায় করেছেন। নির্বাচনী প্রচারণা এমনকি জয়ী হওয়ার পরও মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে ‘বাতিল’ ও ‘সেকেলে’ বলে এর সমালোচনা করেছিলেন ট্রাম্প।
ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে শুক্রবার দুপুরের বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ন্যাটো নিয়ে ট্রাম্পের অবস্থান তুলে ধরেন থেরেসা মে। এ সময় তাঁর পাশেই ছিলেন ট্রাম্প।
সংবাদ সম্মেলনে থেরেসা মে বলেন, ‘দুই দেশই (যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র) স্বীকার করে ন্যাটো হচ্ছে আমাদের যৌথ প্রতিরক্ষার মূল প্রাচীর। আজ আমরা এই সামরিক জোটের প্রতি আমাদের অনড় প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করছি।’
ন্যাটো জোটের কোনো কোনো সদস্য যথেষ্ট অবদান না রাখায় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ওপর বাড়তি চাপ পড়ছে—মন্তব্য করে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন ট্রাম্প।
এ ছাড়া ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, তিনি রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক চাইলেও দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন কি না, তা এখনই বলতে পারছেন না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের এক দিন আগে এ কথা বললেন ট্রাম্প। সাংবাদিকেরা তাঁকে রাশিয়া প্রসঙ্গে কয়েকটি প্রশ্ন করেন। তিনি বলেন, ‘এটা হবে (রুশ-মার্কিন সম্পর্ক) দারুণ অর্জন। কিন্তু এর কোনো নিশ্চয়তা নেই। যদি হয় তাহলে তা ইতিবাচকই হবে।’
ট্রাম্প বলেন, ‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলার মতো সময় এখনো হয়নি। সামনে কী ঘটবে, তার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা সব দেশের সঙ্গেই চমৎকার সম্পর্ক চাই, যদিও সেটা সম্ভব হবে না। হয়তো অনেক দেশের সঙ্গেই সেটা শেষ পর্যন্ত সম্ভব হবে না।’
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে যেমন সুসম্পর্ক রয়েছে, রাশিয়া কিংবা চীন এবং অন্য দেশগুলোর সঙ্গেও যদি তেমন দারুণ সম্পর্ক হয়, তাহলে খুবই ভালো হবে। আমি সেই চেষ্টাই করব।’
তবে সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্পষ্ট করেই বলেছেন, রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে যুক্তরাজ্যের অবস্থান পরিষ্কার। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত নিরসনে করা মিনস্ক চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকা উচিত।
ট্রাম্পের শপথ গ্রহণের পর গতকাল শনিবার রুশ নেতার সঙ্গে তাঁর প্রথম টেলিফোনে আলাপ হওয়ার কথা ছিল। ধারণা করা হচ্ছিল, তাঁদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও জাতীয় নিরাপত্তার মতো বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া গতকালই জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবং ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গেও ট্রাম্পের ফোনালাপের কথা রয়েছে।