ন্যাটোর সভায় যাবেন না টিলারসন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন আগামী এপ্রিল মাসে অনুষ্ঠেয় সামরিক জোট ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের সভায় যোগ দেবেন না। যুক্তরাষ্ট্রের এক সরকারি কর্মকর্তা গতকাল মঙ্গলবার এ খবর জানিয়েছেন।
আগামী ৫ ও ৬ এপ্রিল ন্যাটোর যে সভা অনুষ্ঠিত হবে, তাতে টিলারসনের বদলে তাঁর চেয়ে নিম্ন পদমর্যাদার একজন যোগ দেবেন। এ ঘটনায় ন্যাটোর প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাব ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা—এ দুটি বিষয় নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি টম শ্যানন যুক্তরাষ্ট্রের পক্ষে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের সভায় যোগ দেবেন। অন্যদিকে চলতি সপ্তাহে ওয়াশিংটনে আয়োজিত এক বৈঠকেই ন্যাটোর সদস্য ২৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে রেক্স টিলারসনের দেখা হবে।
ওই কর্মকর্তা আরও বলেন, এরই মধ্যে ইউক্রেনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে টিলারসনের দেখা হয়েছে। এপ্রিলে ইতালিতে জি-৭-এর সভায় যোগ দেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং এরপর তিনি রাশিয়া সফর করবেন।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ক্রিমিয়া ইস্যুতে ন্যাটো কিয়েভের পাশ্চাত্যপন্থী সরকার ও পূর্ব ইউক্রেনের গণজাগরণে সমর্থন দিয়েছিল। কিন্তু নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভূয়সী প্রশংসা করেছিলেন। ট্রাম্প বলেছিলেন, রুশ সরকারের সঙ্গে অপেক্ষাকৃত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চান। পরে গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ন্যাটোকে ‘অচল’ বলেও মন্তব্য করেন ট্রাম্প।