
ভবিষ্যৎ প্রজন্মকে বাংলা সাহিত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার স্বপ্ন নিয়ে টরন্টোর বেঙ্গলি লিটারারি রিসোর্স সেন্টার (বিএলআরসি) উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে ১৮ নভেম্বর বিকেলে শহরের আলবার্ট ক্যাম্পবেল লাইব্রেরি মিলনায়তনে ইংরেজি ভাষায় বাংলা সাহিত্যের বই পড়া প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএলআরসির এই প্রকল্প সবার জন্য উন্মুক্ত। তবে ১৪ থেকে ৩০ বছর বয়সীরা এই প্রকল্পে একটি বিশেষ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। বছরজুড়ে বই পড়ার পর এর ওপর একটি প্রতিবেদন জমা দিতে হবে। এদের মধ্যে ১০ জনের প্রতিবেদন প্রকাশ করা হবে এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার দেওয়া হবে। বইয়ের প্রতিবেদন
জমা দিতে হবে ২০১৮ সালের আগস্টের মধ্যে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, আলবার্ট ক্যাম্পবেল লাইব্রেরি মিলনায়তনে আগামী ১ ডিসেম্বর থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত প্রথম শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে বই নেওয়া-দেওয়ার কার্যক্রম। এ ছাড়া প্রতি সব শনিবার বেলা ১১টায় আয়োজন করা হবে কানাডীয় লেখকদের সঙ্গে সাহিত্য-আড্ডা যা কানাডা ও বাংলাদেশের সাহিত্যের মধ্যে সেতু বন্ধন তৈরি করবে। আগামী বছরের সেপ্টেম্বরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের সমাপ্তি ঘোষণা করা হবে।
প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত আছে একদল উচ্ছল তরুণ দল। বইপড়া প্রকল্পের প্রধান হিসেবে আছেন সংগঠনের নির্বাহী পরিচালক সুব্রত কুমার দাস। পরিচালকের দায়িত্বে আছেন মুক্ত চিন্তক আকবর হোসেন। সমন্বয়কারীর দায়িত্বে থাকছেন তাসনিমা খান। অন্যদের মধ্যে আরও আছেন সূচনা দাস বাঁধন, শামা সালমা পূর্বা, অদিতি জহির, ফৌজিয়া, সুইটি রায়, মাসুদা জাবিন, মো. আজওয়াদ কবীর, অনন্যা ঐশ্বর্য রাফা, হাসিব করিম, অনিন্দ্য দাস ও মেরিলিন পাণ্ডে।
বই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে প্রবাসী বাঙালি তরুণদের বই পড়া এবং বাংলা সাহিত্য সম্পর্কে উৎসাহিত করা। সমাজকে একদল তরুণ বইপড়ুয়া উপহার দেওয়া এবং টরন্টোর অবাঙালি কিছু পাঠককে বাংলা সাহিত্য ও লেখকদের সম্পর্কে জানানো।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও হল নির্ধারিত সময়ের মধ্যে হল দর্শকে পরিপূর্ণ হয়ে যায়। তরুণদের পাশাপাশি নানা বয়সী মানুষ আসেন উদ্বোধনী অনুষ্ঠানে। বই পড়া বিষয়ে সবারই চোখে মুখে ছিল উৎসাহ আর উদ্দীপনা। বিশেষ করে, বাংলাদেশিদের মধ্যে যারা বাংলা পড়তে পারেন না, তাদের জন্য এটি বাংলা সাহিত্যের ওপর জ্ঞান আহরণের একটি বিশেষ সুযোগ তৈরি করেছে।
অনুষ্ঠান শুরু হয় যথারীতি সঠিক সময়ে। বিএলআরসির কর্ণধার সুব্রত কুমার দাসের স্বল্প পরিসরের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে এই প্রকল্পের অনুষ্ঠান শুরু হয়। এরপর তাসমিনা খান প্রকল্পটির সংক্ষিপ্ত চিত্র এবং দিকনির্দেশনা তুলে ধরেন। এরপর স্বেচ্ছাসেবকদের মঞ্চে একে একে ডেকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর পরই শুরু হয় উন্মুক্ত অনলাইন কুইজ পর্ব। বাংলা সাহিত্য নিয়ে এই কুইজ পর্বটি পরিচালনা করেন বইপড়া প্রকল্পের বিশেষ সদস্য হাসিব করিম। অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম
১০ জনকে বই পুরস্কার দেওয়া হয়। কুইজগুলো সাজানো হয়েছে
বাংলা সাহিত্যের ওপর কিছু প্রশ্ন দিয়ে। উপস্থিত দর্শকেরা পর্বটি বেশ উপভোগ করেন।
কুইজপর্ব শেষে মঞ্চে আসেন লেখক আকবর হোসেন, সমাজসেবক ডা. দেবাশিস মৃধা, কানাডার লিটারারি ট্রানস্লেটর অ্যাসোসিয়েশনের সভাপতি ও অনুবাদক বিয়াট্রিস হাউসনার, টরন্টো সিটি কাউন্সিলর জেনেট ডেভিস, রায়ারসন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জনম মুখার্জি ও টরন্টো স্কুল বোর্ডের ট্রাস্টি পার্থি ক্যান্ডেভাল। তারা একে একে তাদের বক্তব্য তুলে ধরে উদ্যোগটির ভূয়সী প্রশংসা করেন।
মিশিগান থেকে আসা ডা. দেবাশীষ মৃধা আয়োজক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এর সঙ্গে যুক্ত থাকার অঙ্গীকার করেন। বছরব্যাপী এই বই পড়া প্রকল্পের অর্থায়ন করছেন ডা. দেবাশীষ। জেনেট ডেভিস বাংলা সাহিত্যের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তাঁর ভাষায়, এ প্রকল্পের মাধ্যমে বাংলা ও কানাডীয় সাহিত্যের মধ্যে এক বিশেষ সেতুবন্ধন তৈরি হবে। বাংলা ভাষা ও সাহিত্যকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত, যাতে পরবর্তী প্রজন্ম বাংলার ইতিহাস ও সাহিত্য সম্বন্ধে ধারণা লাভ করতে পারে।
বিয়াট্রস হাউসনার বলেন, এই লাইব্রেরি তাঁর স্মৃতির পাতায় অনেক গুরুত্বপূর্ণ আসনে আসীন। কারণ, তিনি একজন নতুন অভিবাসী হিসেবে এ লাইব্রেরিতে বসেই স্প্যানিশ ভাষার অনুবাদ শুরু করেন। তিনি মনে করেন, এই লাইব্রেরিতে বাংলা অনুবাদের ক্ষেত্রে বাংলাদেশি তরুণেরা যেন উৎসাহিত হন এবং বাংলা ভাষাকে তুলে ধরতে পারেন প্রজন্ম থেকে প্রজন্মে।
ড. জনম মুখার্জি ছোটবেলার কথা তুলে ধরে বাংলাদেশ নিয়ে অত্যন্ত আবেগপ্রবণ কিছু স্মৃতিচারণ করেন। তার আত্মীয়স্বজন বাংলাদেশের খুলনা থেকে আসা। তিনি বাংলাদেশে গবেষণা করেছেন। বর্তমানে তিনি রায়ারসন বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ আমলের বাংলা সমাজ নিয়ে পড়ান। তিনিও মনে করেন, বাংলা সাহিত্যচর্চা অনেক গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে ইতিহাস জানা যায়।
ক্যান্ডেভাল বলেন, তরুণেরা সংষ্কৃতি নিয়ে লড়াই করে। বাংলাদেশ যখন পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল তখনো এই লড়াই ছিল। সাহিত্যচর্চার মাধ্যমে তারা এ প্রতিবন্ধকতা দূর করতে পারবে এবং ইতিহাস ও সাহিত্য সম্পর্কে বিস্তারিত জানবে।
আকবর হোসেন আনুষ্ঠানিকভাবে বই দেওয়ার প্রকল্প উদ্বোধন করেন। এরপর উপস্থিত বইপ্রেমীরা একে একে সারিবদ্ধভাবে বই বাছাইয়ে ব্যস্ত হয়ে পড়েন। তারা পছন্দের বই হাতে পেয়ে মুখে হাসি নিয়ে গন্তব্যে ফিরে যান।
উদ্বোধনী পর্বে মোট ২৯০টি বই পাঠকদের জন্য উন্মুক্ত করা হয়। এর মধ্যে রবীন্দ্রনাথ, নজরুল, সত্যজিৎ রায়, নাসরীন জাহান, শরৎচন্দ্র, সুনীল গঙ্গোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, হুমায়ূন আহমেদ, সৈয়দ শামসুল হক, জীবনানন্দ দাশ, সেলিনা হোসেন, মঈনুল আহসান সাবের, নারায়ণ গঙ্গোপাধ্যায়, লীলা মজুমদারের বই উল্লেখ্যযোগ্য। দর্শকেরা হলের দুপাশে টেবিলে সাজানো বই থেকে নিজেদের পছন্দের বই তুলে নেন এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তা নিবন্ধন করেন। বাংলাদেশ থেকে কয়েক হাজার মাইল দূরে কানাডার টরন্টোতে বই পড়া প্রকল্পের এমন একটি উদ্যোগ সত্যিই প্রশংসনীয় বলে বলছিলেন দর্শনার্থীরা।